এরদোয়ান-গুল টানাপোড়েন প্রকাশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলে পার্ক ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণের সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ গতকাল বুধবার সপ্তম দিনে গড়িয়েছে।প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে বিক্ষোভকারীদের প্রতি সুর কিছুটা নরম প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের। পর্যবেক্ষকেরা মনে করছেন, এ বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সম্পর্কের তিক্ততা বাড়ছে।পর্যবেক্ষকেরা বলছেন, এরদোয়ান আন্দোলনকারীদের কোণঠাসা করতে চান। কিন্তু তাদের প্রতি প্রেসিডেন্ট গুলের মনোভাবটা আপসমূলক। তুরস্কের সংসদীয় সরকারব্যবস্থায় প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিক। সব নির্বাহী ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী।আগামী বছর তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির ইতিহাসে এটাই প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, দুই সাবেক জোটের নেতা গুল ও এরদোয়ানের মধ্যে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা নিয়ে মতপার্থক্য ততই স্পষ্ট হচ্ছে।এরদোয়ান চান যুক্তরাষ্ট্রের অনুকরণে তুরস্কেও রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু করতে। প্রকাশ্যে এ বিষয়ে ঘোষণা না দিলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তিনিই রাষ্ট্রপ্রধান হতে চান। অন্যদিকে গুলও তাঁর পদ থেকে সরে যেতে প্রস্তুত নন। বিবিসি।