লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সুসম্পর্কের অভিযোগ ওঠায় লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) পরিচালক স্যার হাওয়ার্ড ডেভিস পদত্যাগ করেছেন। গাদ্দাফির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ভুল ছিল বলেও মানছেন তিনি। অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিতে লিবিয়া সফর করেছিলেন হাওয়ার্ড। এ সময় এলএসইতে গবেষণার জন্য সাইফ গাদ্দাফির কাছ থেকে তিন লাখ পাউন্ড নিয়েছিলেন তিনি।এলএসইর পরিচালক স্যার হাওয়ার্ড ডেভিস গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘আমি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি। তাই সব বিতর্কের অবসান ঘটাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ ডেভিস আরও বলেন, তাঁকে বোঝানো হয়েছিল ওই অর্থ নেওয়া ‘যুক্তিযুক্ত’, কিন্তু পরে তা ‘ভুল’ প্রমাণিত হয়েছে।ডেভিস ফিন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটির প্রধান ও ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন পরিচালক ঠিক না হওয়া পর্যন্ত তিনি এলএসইতে দায়িত্ব পালন করবেন।শুধু সাইফ গাদ্দাফির সঙ্গে পশ্চিমা ব্যবসায়ী ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক খুব ভালো। ব্রিটেনে পড়াশোনা করায় সাইফ তাঁদের সংস্কৃতির সঙ্গে ভালোভাবে মিশতে পারতেন। সুন্দর চেহারা আর সাবলীল ইংরেজি বলার দক্ষতাও তাঁকে অনেকখানি এগিয়ে দিয়েছে। সর্বোপরি পশ্চিমা বিশ্বকে প্রলুব্ধ করার জন্য তাঁর মূল অস্ত্র ছিল লিবিয়ায় তেলের বিশাল মজুদ।ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটার ইনস্টিটিউট অব আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের ওমর আশুর বলেন, ‘আমি মনে করি, লিবিয়ার বিশাল তেলের মজুদ না থাকলে সাইফ গাদ্দাফি পশ্চিমা বিশ্বকে কোনোভাবেই প্রলুব্ধ করতে পারতেন না। পাশ্চাত্য দেশগুলো নিজেদের স্বার্থেই কখনো লিবিয়ার পাশে থাকে, কখনো বিরুদ্ধে অবস্থান নেয়।’ সাইফ গাদ্দাফি দাবি করেন, তিনি সরকারের কোনো পদে নেই এবং রাষ্ট্রীয় তহবিলে তাঁর হাত নেই। কিন্তু এখন দেখা যাচ্ছ, শত শত কোটি পাউন্ড তহবিলের লিবীয় বিনিয়োগ কর্তৃপক্ষের (এলআইএ) নিয়ন্ত্রণ তাঁরই হাতে। এলআইএ পরিচালনার সব খবর রাখেন, লিবিয়ার এমন একজন ব্যাংকার বলেন, ‘আমি সাইফ গাদ্দাফিকে একজন গডফাদার হিসেবেই দেখি। কর্মকাণ্ড দেখে মনে হয় এলআইএ তাঁর ব্যক্তিগত প্রতিষ্ঠান। মাফিয়া কায়দায় এটি চালানো হয়।’ বলা হয়, এলআইএর তহবিলে পাঁচ থেকে ছয় হাজার কোটি পাউন্ড রয়েছে। সম্প্রতি বিলুপ্ত হওয়া যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক লেহম্যান ব্রাদার্সে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে লিবিয়া। ব্যাংকটি বিলুপ্ত হওয়ার পর লিবিয়া ক্ষতিপূরণের জন্য আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। ইতালির বড় বড় কোম্পানি যেমন তেল কোম্পানি ইনি, প্রতিরক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফিনমেক্কানিকা ও ইউনিক্রেডিট এবং ইতালির বৃহত্তম ব্যাংকে এলআইএর বিনিয়োগ রয়েছে। এ ছাড়া ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব জুভেন্টাসের সাড়ে সাত শতাংশ, আন্তর্জাতিক গণমাধ্যম কোম্পানি পিয়ারসন ও ব্রিটিশ প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইনের তিন দশমিক তিন শতাংশ মালিকানা রয়েছে এলআইএর। স্বাভাবিকভাবে এই বিশাল বিনিয়োগের জন্য পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে সাইফের সুসম্পর্ক গড়ে ওঠে। এএফপি, বিবিসি।