জাপানের পার্লামেন্ট নির্বাচন আজ রোববার। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে একটি নতুন সরকার আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বড় ধরনের জয় পেতে যাচ্ছে বলে বিভিন্ন জনমত জরিপ আভাস দিয়েছে।জাপানের আশাহি শিম্বুন, ইয়োমিউরি ও নিক্কেই পত্রিকা গত শুক্রবার নির্বাচনপূর্ব জনমত জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, বৈদেশিক নীতির ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের মতাদর্শে বিশ্বাসী সাবেক প্রধানমন্ত্রী শিনঝো আবেইয়ের নেতৃত্বাধীন এলডিপি ও তার মিত্র ছোট দল নিউ কোমেইতো পার্টি (এনকেপি) ৪৮০ আসনবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে সহজ জয় পাবে। এমনকি তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সেটা হলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের নীতিনির্ধারণ নিয়ে যে অচলাবস্থা বিরাজ করছে, তার অবসান ঘটবে।দেশটির পররাষ্ট্রনীতিও আরও কঠোর হতে পারে। নির্বাচনী প্রচারণার সময় আবেই প্রতিবেশী চীনের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাপানের সমরশক্তি বাড়ানো ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করতে পারবেন। এলডিপির ৫০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০০৯ সালে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসে রক্ষণশীল ডিপিজে। জনকল্যাণে অধিক ব্যয় ও জোরালো সামাজিক নিরাপত্তাবলয়ের প্রতিশ্রুতি দিয়েছিল দলটি। কিন্তু অর্থনৈতিক মন্দা ও ২০১১ সালের ১১ মার্চের ভূমিকম্প ও সুনামির কারণে দলটি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। রয়টার্স ও এএফপি।