এলভিস প্রিসলির ব্যক্তিগত বিমান নিলামে

‘দ্য কিং অব রক অ্যান্ড রোল’খ্যাত প্রয়াত সংগীত তারকা এলভিস প্রিসলির লিজা মারি ও হাউন্ড ডগ-২ নামের ব্যক্তিগত বিমান দুটি এবার নিলামে তোলা হচ্ছে। দর্শকদের প্রদর্শনের জন্য তিন দশক ধরে এই বিমান দুটি টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির ব্যক্তিগত এস্টেট গ্রেসল্যান্ডে রাখা ছিল।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস এক বিবৃবিতে জানিয়েছে, যদিও এখন আর ওই বিমান দুটির আকাশে ওড়ার কোনো ক্ষমতা নেই, এর পরও নিলামে বিমান দুটির বেশ চড়া দর উঠতে পারে।
জানা গেছে, এলভিস প্রিসলি তাঁর মৃত্যুর দুই বছর আগে ১৯৭৫ সালে আড়াই লাখ মার্কিন ডলার ব্যয়ে ডেল্টা এয়ারলাইনসের কাছ থেকে কনভেয়ার ৮৮০ মডেলের একটি জেট বিমান কেনেন। পরে বিমানটি সংস্কার করে ১৯টি আসন, কনফারেন্স কক্ষ, প্রসাধন কক্ষ, ক্লাব, চারটি টেলিভিশন ও ভিডিও টেপ সিস্টেম সংযুক্ত করে নিজের মেয়ে লিজা মারির নামে বিমানটির নামকরণ করেন তিনি। ১৯৮০ সাল থেকে বিমান দুটি মেমফিসে প্রিসলির ব্যক্তিগত এস্টেট গ্রেসল্যান্ডে এলভিস প্রিসলি এন্টারপ্রাইজ ও ওকিসি নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রদর্শনের জন্য রাখা হয়।
আগামীকাল বৃহস্পতিবার এলভিস প্রিসলির ৮০তম জন্মদিন।