এলিজাবেথের দেখা পেতে উন্মুখ থাকেন ক্যামেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রানি দ্বিতীয় এলিজাবেথ অনন্য জ্ঞানসম্পন্ন ব্রিটিশ নারী, যাঁকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই। প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে তাঁর সঙ্গে আমার দারুণ সময় কাটে। তাঁর মেধা ও প্রজ্ঞা প্রখর। সময়ানুবর্তিতা নিখুঁত। তাঁর সঙ্গে দেখা করতে প্রতি সপ্তাহে উন্মুখ থাকি। আমি নিশ্চিত, তাঁর সঙ্গে কাজ করেছেন, এমন ১১ জন প্রধানমন্ত্রীর কাছে তিনি একই রকম প্রিয়।’ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রানির সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে বিশেষ স্মারক বইয়ে এসব কথা লেখেন তিনি।এই বিশেষ স্মারক বইয়ে উঠে এসেছে ছয় দশক ধরে রানি এলিজাবেথের নিয়ন্ত্রণাধীন সাম্রাজ্যের নানা ছবি ও অজানা কথা। প্রতি সপ্তাহে রানি এলিজাবেথের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করা ব্রিটিশ প্রধানমন্ত্রীদের নিয়মের মধ্যে পড়ে। আর বিশেষ সময়টুকু সম্পর্কে ক্যামেরন বলেন, ‘রাজনীতির বাইরে, হাঁপ ছেড়ে স্বস্তি পাওয়ার মতো দুর্লভ সময়টুকু তাঁর কাছ থেকে পাই। এমন কোনো বিষয় নেই যে তাঁর আয়ত্তের মধ্যে নেই। ব্রিটিশ রাজনীতি কোন পথে হাঁটছে, তা তাঁর নখদর্পণে।’স্মারক বইয়ে থাকছে ছয় দশকে রানি দ্বিতীয় এলিজাবেথের ফ্যাশনের বিবর্তন। হীরাখচিত চামড়ার বাঁধাই করা বইটির প্রথম কপি পরে নিলামে তুলবে কুইন এলিজাবেথ জুবিলি ট্রাস্ট। ৮০০ পৃষ্ঠার এ বই বিভিন্ন শ্রেণী ও পাঠকের কাছে পৌঁছে দিতে সে অনুযায়ী তৈরি করে বিভিন্ন দামে বিক্রি করা হবে।