এশিয়ায় মার্কিন দূতাবাস থেকে নজরদারি হয়!
এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর দূতাবাসের মাধ্যমে নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলো।
চলতি সপ্তাহে জার্মান সাময়িকী ডের স্পিগেল-এর এক প্রতিবেদনে এভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বিষয়টি উঠে আসে। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে একই অভিযোগ তোলা হয়। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন থেকে এশিয়ার কয়েকটি রাজধানীর নাম জানা যায়। ওই শহরগুলো থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ-আইজ’ নজরদারি করে।
যেসব শহরের দূতাবাস থেকে নজরদারির অভিযোগ উঠেছে, সেগুলো হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, চীনের রাজধানী বেইজিং, পূর্ব তিমুরের রাজধানী দিলি ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই তালিকায় মার্কিন ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত জাপান ও দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম না থাকায় বিশ্লেষকেরা বিস্ময় প্রকাশ করেন।
সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে অস্ট্রেলিয়ার সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, স্টেটরুম সাংকেতিক নামের একটি প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে ৮০টি দূতাবাস ও উপদূতাবাস থেকে নজরদারি চালানো হয়। এসব দূতাবাস ভবনের ছাদ কিংবা পুরো ভবনে নজরদারির সরঞ্জাম ব্যবহার করা হয়।
এই প্রতিবেদন প্রকাশের পর কয়েক দফায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানিং এ ঘটনার ব্যাখ্যা দাবি করেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগাওয়া বলেন, জাকার্তায় মার্কিন দূতাবাসে নজরদারির সরঞ্জাম থাকার বিষয়টি সত্যি হলে তা শুধু নিরাপত্তার জন্যই হুমকি হবে না, কূটনৈতিক মূল্যবোধের লঙ্ঘনও হবে। আর নিশ্চিতভাবেই এটা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলবে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদী বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এই কাজে কয়েকটি দেশ জড়িত বলে বিষয়টি আরও বেশি স্পর্শকাতর।’ থাইল্যান্ড জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব প্যারাডর্ন বলেন, বিষয়টি যে থাইল্যান্ডের আইনের পরিপন্থী, সেটি তাঁরা ওয়াশিংটনকে জানাবেন। ওয়াশিংটন পোস্ট।