এশিয়ায় ২০২০ সালে তিন গুণ হবে মধ্যবিত্ত
উন্নয়নশীল দেশগুলোতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ অর্থবিত্তে বেশ উন্নতি করছে।দ্রুত ওপরের দিকে উঠে আসছে তারা, বিশেষ করে এশিয়ায়।এ ক্ষেত্রে ভারত ও চীনে মধ্যবিত্তের উত্থান লক্ষণীয়।জাতিসংঘের সাম্প্রতিক এক সমীক্ষার তথ্যমতে, ২০২০ সালে এশিয়ার মধ্যবিত্ত শ্রেণী বর্তমান সময়ের প্রায় তিন গুণ হতে পারে।ওই সময় বিশ্বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা হতে পারে ১৭০ কোটি।জাতিসংঘ বলছে, ১৫০ বছরের মধ্যে এমন ঐতিহাসিক পরিবর্তন আর দেখা যায়নি।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ধাঁ ধাঁ করে উঠে আসছে।২০৩০ সালে লাতিন আমেরিকায় মধ্যবিত্তের সংখ্যা ১৮ কোটি ১০ লাখ থেকে বেড়ে ৩১ কোটি ৩০ লাখে পৌঁছাবে। এর মধ্যে সবচেয়ে বেশি মধ্যবিত্ত থাকবে ব্রাজিলে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মধ্যবিত্তের সংখ্যা দ্বিগুণের বেশি হবে। সংখ্যায় তা ১৩ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ৩৪ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।
ওয়াশিংটনভিত্তিক অলাভজনক বেসরকারি সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউটশনের দেওয়া তথ্যমতে, বর্তমানে বিশ্বের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে ১৮০ কোটি।চলতি দশকের শেষ নাগাদ তা ৩২০ কোটিতে পৌঁছাতে পারে।চীন, ভারত ও ব্রাজিলে অর্থনৈতিক অগ্রগতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা শিল্পসমৃদ্ধ জি-৭ দেশগুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান) সমকক্ষ হতে চলেছে।জাতিসংঘের সমীক্ষা আভাস দিচ্ছে, ২০৫০ সালনাগাদ মধ্যবিত্ত শ্রেণী বিশ্বের প্রায় অর্ধেক শিল্পোত্পাদন করবে।ওই সময় এ ক্ষেত্রে জি-৭ দেশগুলোকে অনেক বেশি ছাড়িয়ে যাবে তারা।
ইউরোপ ও উত্তর আমেরিকায় মধ্যবিত্ত শ্রেণীর চিত্রটি আবার ভিন্ন।এই মহাদেশ দুটিতে এখন অর্ধেকের বেশি মানুষ মধ্যবিত্ত শ্রেণীর।এক দশকের মধ্যে এই পরিস্থিতির অবনমন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।তখন তারা সংখ্যায় বিশ্বের মোট মধ্যবিত্তের এক-তৃতীয়াংশেরও কম হতে পারে।
মধ্যবিত্ত কারা?
জাতিসংঘ ও অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) মতে, যাঁরা দৈনিক ১০ থেকে ১০০ ডলার আয় বা ব্যয় করেন, তাঁরাই মধ্যবিত্ত শ্রেণীর। অর্থাত্ যখন খরচের পরও একজনের উপার্জিত অর্থ কিছু হাতে থাকবে, এমনকি তাঁর গাড়ি কেনার মতো সামর্থ্যও থাকতে পারে, তখন তাঁকে মধ্যবিত্ত বলা যাবে।
জাতিসংঘের তথ্যমতে, মধ্যবিত্তের হার বাড়ছে শিল্পায়নের কারণে। বিংশ শতাব্দীতে শিল্পবিপ্লবের ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানি অর্থনৈতিক দিক দিয়ে সবল হয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে এখন ঘুরে দাঁড়াচ্ছে এশিয়াও। এমনকি ইন্দোনেশিয়ায়ও মোট দেশজ উত্পাদনের ৩০ শতাংশ বিনিয়োগে ব্যবহার হয়। দেশটিতে উত্পাদন ও শিল্পায়নে বিনিয়োগ বাড়ছে।
কীভাবে বাড়ছে মধ্যবিত্ত?
মধ্যবিত্ত সবচেয়ে বেশি বাড়ছে চীনে। চীনে রয়েছে জমজমাট শিল্পোত্পাদন। ১৯৭৮ সালে চীনে শিল্পায়ন শুরু হয়। চীনে একের পর এক কারখানা তৈরি হতে থাকে। অর্থনৈতিক তত্ত্ব বলছে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে বিভিন্ন দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগোচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহার করে দরিদ্র দেশগুলো দ্রুত উত্পাদন করতে পারছে। এ ব্যাপারটি বিশ্লেষণ করতে গিয়ে অর্থনীতিবিদ মার্টিন ফিল্ডস্টেইন ও চার্লস হরিওকা জাতীয় সঞ্চয় ও জাতীয় বিনিয়োগের মধ্যে ইতিবাচক পারস্পরিক সম্পর্ক খুঁজে পেয়েছেন। অর্থাত্ বিনিয়োগ যদি বেশি হয়, তাহলে সঞ্চয় বা মুনাফা বেশি হবে। আর যদি বিনিয়োগ কম হয়, তাহলে মুনাফা বা সঞ্চয় কম হবে।
১৯৯০ সালে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন চোখে পড়ে। বিশ্ব অর্থনীতিতে যখন চীন, ভারত ও পূর্ব ইউরোপ যোগ দেয়, তখন থেকে শ্রমিকদের সংখ্যা বেড়ে ৩০০ কোটিতে পৌঁছায়। ১৯৯২ সালে বিশ্ববাজারে প্রবেশ করে চীন। ১৯৯১ সালের পরে বিশ্ব অর্থনীতিতে প্রবেশ করে ভারত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রিচার্ড ফ্রিম্যান এটিকে বড় ধরনের পরিবর্তন বলে চিহ্নিত করেছেন। বিভিন্ন দেশ বিশ্ববাজারে প্রবেশ করায় শিল্পায়ন ও অর্থনীতিকে চাঙা করে তোলার কাজটি সহজ হয়। এ কারণে একবিংশ শতাব্দীতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি তাত্পর্যপূর্ণভাবে বাড়ে।
এই প্রবণতা কী চলবে?
যদি এভাবে শিল্পায়ন চলতে থাকে ও অর্থনীতি গতিশীল থাকে, তাহলে মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে মধ্যবিত্তের সংখ্যা বাড়া বা মানুষের জীবনমান উন্নত হলে কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়ায়।
জাতিসংঘ মনে করছে, নতুন এই মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক চিন্তা কম থাকবে। এতে তারা অনেক কিছু নিয়ে ভাববে। তারা পরিবেশগত সুরক্ষা ও সরকার পরিচালনায় স্বচ্ছতা চাইবে।
সবকিছু মিলিয়ে ধনবান হওয়ার ক্ষেত্রে পুরস্কারও আশা করা যায়। এর প্রভাবে পরবর্তী কয়েক দশকের মধ্যে বিশ্ব থেকে চিরতরে দূর হতে পারে দারিদ্র্য।