এশিয়া ও আফ্রিকায় জিকা ছড়ানোর শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিকা ভাইরাস লাতিন আমেরিকা থেকে দারিদ্র্যপীড়িত আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ উদ্বেগ প্রকাশ করেছেন। দ্য গার্ডিয়ান-এ গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
এখন পর্যন্ত ব্রাজিল, কলম্বিয়াসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব কার্যত সীমিত রয়েছে। ব্রাজিলে কমবেশি ১৫ লাখ এবং কলম্বিয়ায় ছয় লাখের মতো মানুষের দেহে এরই মধ্যে এ ভাইরাস সংক্রমিত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দেশ দুটিতে কয়েক হাজার শিশু জন্মগত ত্রুটি (মাইক্রোসেফালি, যাতে আক্রান্ত হলে শিশু অস্বাভাবিক ছোট মাথা ও ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জন্মায়) নিয়ে জন্মেছে, যার জন্য জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে।
ক্রান্তীয় অঞ্চলে প্রাদুর্ভাব থাকা এডিস মশার মাধ্যমেই কার্যত জিকা ছড়াচ্ছে। এতে বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার গ্রীষ্মপ্রধান দেশগুলোতে এ নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে আফ্রিকায় নজরদারি প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে মাইক্রোসেফালির মতো ঘটনা শনাক্ত করা যায়।
এই আফ্রিকারই উগান্ডায় গত শতকের চল্লিশের দশকে প্রথম শনাক্ত হয়েছিল জিকা ভাইরাস। আর এখন পর্যন্ত যেসব গবেষণা চালানো হয়েছে, তার একটি হয়েছিল নাইজেরিয়ায়; ১৯৮৩ সালে। এর আওতায় মশা বা এ-জাতীয় পোকামাকড়ের মাধ্যমে ছড়ানো একগুচ্ছ ভাইরাস নিয়ে গবেষণা চালানো হয়। এর মধ্যে ছিল ডেঙ্গু ও পীতজ্বর।
লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের গবেষক ফিলিপ ম্যাককল বলেন, ওই গবেষণায় দেখা গিয়েছিল, ৫৬ শতাংশ লোকের দেহে জিকাবিরোধী অ্যান্টিবডি আছে। সেটা নিশ্চিত হলে মানুষ সারা জীবনই জিকার ঝুঁকিমুক্ত থাকতে পারে। কিন্তু লাতিন আমেরিকায় বর্তমানে যে জিকার প্রাদুর্ভাব ঘটেছে, তা সম্ভবত ভিন্ন গোত্রের। এটা এশীয় গোত্রের বলে মনে হচ্ছে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক জিমি হোয়াইটওয়ার্থ বলেন, কেউ লাতিন আমেরিকায় জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আফ্রিকা ভ্রমণে যেতে পারে; সেখানে মশার মাধ্যমে এই ভাইরাস অন্যদের দেহেও ছড়াতে পারে। এমনটি ঘটলে আশ্চর্য হওয়ার কিছুই নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাতৃত্ব, নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্য বিভাগের পরিচালক অ্যান্থনি কস্টেলো জানান, মশা ছাড়াও বিভিন্ন উপায়ে (যেমন যৌন সংসর্গ বা রক্তদানের মাধ্যমে) জিকা ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। এতে আফ্রিকা বা এশিয়াতেও এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটবে না, তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।