এশিয়া ছাড়িয়েছে ইউরোপকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা খাতে এখন ইউরোপের চেয়ে বেশি ব্যয় করে এশিয়া। গত বছর প্রথমবারের মতো এ ক্ষেত্রে ইউরোপকে পেছনে ফেলেছে এশিয়া। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) গত বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। চীনের দ্রুত সামরিক উত্থান এবং ইউরোপের অর্থনৈতিক অধঃপতন এ ক্ষেত্রে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।আইআইএসএস বিশ্বের সামরিক খাত নিয়ে গবেষণা করে থাকে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান বৃহস্পতিবার তার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।‘দ্য মিলিটারি ব্যালান্স-২০১৩’ শিরোনামের ওই প্রতিবেদনে আইআইএসএস জানায়, প্রকৃত অর্থে চীনের সামরিক খাতে ব্যয় ২০১১ ও ২০১২ সালের মধ্যে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। আর গত বছর পুরো এশিয়ার ক্ষেত্রে এই বৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে একই সময়ে ন্যাটো সদস্যভুক্ত ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় কমে ২০০৬ সালের পর্যায়ে নেমে গেছে। প্রতিরক্ষা খাতে বাজেট কর্তনের কারণে এটা ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, বস্তুত, এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এতটাই ক্ষিপ্রগতিতে এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় সংকোচন এতটাই তীব্রভাবে ঘটেছে যে, ২০১২ সালে এশিয়ার ব্যয় (২৮৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার) শুধু ইউরোপের ন্যাটো দেশগুলোর নয়, ইউরোপের সব দেশের দাপ্তরিক সামরিক ব্যয়ের সমষ্টিকে ছাড়িয়ে গেছে।প্রতিবেদনে সামরিক ব্যয়ের দিক দিয়ে এককভাবে এখনো যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের কথা উল্লেখ করা হয়েছে। গত বছর সামরিক খাতে বৈশ্বিক মোট ব্যয়ের ৪৫ দশমিক ৩ শতাংশই করেছে যুক্তরাষ্ট্র।প্রতিবেদনে বলা হয়, এশিয়ার দেশগুলো ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে চলেছে। চীন এখন স্পষ্টতই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় থাকলে তারা ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যেই সামরিক ব্যয়ের দিক দিয়ে প্রথমে থাকা যুক্তরাষ্ট্রকে ধরে ফেলবে বলে মন্তব্য করা হয়েছে আইআইএসএসের ওই প্রতিবেদনে।এ ছাড়া আঞ্চলিক প্রেক্ষাপটে এশিয়ার উত্তর কোরিয়া, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আধুনিকায়নে এ খাতে তাদের ব্যয় বাড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। রয়টার্স।