এশিয়ার সবচেয়ে লম্বা দাঁতওয়ালা হাতির মৃত্যু
এশিয়ার সবচেয়ে লম্বা দাঁতওয়ালা হাতি ‘মিলনগোদা রাজা’র মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে হাতিটি মারা যায়। হাতিটির বয়স হয়েছিল ৭০ বছর।এশিয়ার বেশির ভাগ হাতির দাঁত আফ্রিকার হাতির দাঁতের তুলনায় ছোট হয়। কিন্তু মিলনগোদা ছিল ব্যতিক্রম। হাতিটির দাঁত লম্বা হয়ে প্রায় মাটিতে ঠেকেছিল। কয়েক দশক ধরে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের বিভিন্ন উৎসবে এ হাতিটি হাজির করা হতো। নিরীহ স্বভাবের আর লম্বা দাঁতের জন্য সারা দেশে হাতিটির খ্যাতি ছড়িয়ে পড়ে।মালিক আপ্পুহামি মিলনগোদা বিবিসিকে বলেন, ‘১৯৪৫ সালের ঘটনা। আমি বন্ধুদের নিয়ে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চল গেলাম। সেখানে ওই বাচ্চা হাতিটি ধরি আমরা। তখন এটি লম্বায় ছিল মাত্র চার-পাঁচ ফুট। দেখতে ছিল ভারি সুন্দর। মাত্র দুই সপ্তাহে পোষ মানল। আদর করে নাম রাখলাম মিলনগোদা রাজা। রাজার মৃত্যুতে ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে, আমার পরিবারের একজন সদস্যকে হারালাম।’আপ্পুহামি বলেন, তাঁর আরও চারটি পোষা হাতি রয়েছে। অন্য হাতিগুলো শোকে মুষড়ে পড়েছে। অস্বাভাবিক আচরণ করছে।প্রতিবছর ক্যান্ডি পেরাফেরা উৎসবে শোভাযাত্রায় মিলনগোদা রাজাকে দেখা যেত। স্থানীয় লোকজনের বিশ্বাস, হাতিটি বুদ্ধের দাঁত ধারণ করছে। বিবিসি।