এশিয়ার সেরা দর্শনীয় স্থাপনা তাজমহল
পৃথিবী সপ্তাশ্চর্যের একটি ভারতের আগ্রা শহরে সম্রাট শাহজাহানের স্ত্রী সম্রাজ্ঞী মমতাজের অমর স্মৃতিসৌধ তাজমহল। এবার এই তাজমহল এশিয়ার সেরা দর্শনীয় স্থাপনার শিরোপা পেল। এশিয়ার কোন স্থাপনা পর্যটকদের বেশি টানে, এর ওপর ভোটাভুটিতে সেরার শিরোপা পায় তাজমহল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাপুরে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশন’ নামের একটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় ৯৪ হাজার ৯৯টি ভোট পেয়ে তাজমহল শীর্ষস্থান দখল করে।সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান ও থাইল্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় পর্যটনকেন্দ্রকে পেছনে ফেলে তাজমহল এই সম্মান লাভ করে। তাজমহলকে ইউনেসকো বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত করেছে।মোগল সম্রাট শাহজাহান সম্রাজ্ঞী আরজুমান বানু বেগম বা মমতাজ মহলের মৃত্যুর পর তাঁর স্মৃতিকে অমর করে রাখার জন্য এই স্মৃতিসৌধ নির্মাণ করেন। ১৬৩২ সালে এর নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ১৬৫৩ সালে।