এশিয়ার স্থিতিশীলতা নতুন চ্যালেঞ্জের মুখে: জিনপিং
এশিয়ার স্থিতিশীলতা ‘নতুন চ্যালেঞ্জের’ সম্মুখীন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, এই অঞ্চলকে চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে দেওয়া হবে না।উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শি জিনপিং গতকাল রোববার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপপুঞ্জে এক বার্ষিক আন্তর্জাতিক ফোরামে এ কথা বলেন। তিনি বলেন, ‘হীন স্বার্থসিদ্ধির জন্য কেউ এ অঞ্চলে চরম বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে তা সহ্য করা হবে না।’ তবে চীনা প্রেসিডেন্ট কোরীয় উপদ্বীপে সৃষ্ট সংকট কিংবা জাপান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের ভৌগোলিক বিরোধের বিষয়ে কোনো কথা বলেননি।গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষার প্রেক্ষাপটে জাতিসংঘ দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বারবার পারমাণবিক হামলার হুমকি দেওয়ায় এ অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। জিনপিং বলেন, ‘এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান সমস্যাগুলো সমাধানে আমাদের সমন্বিত প্রচেষ্টা চালানো দরকার।’ তিনি বলেন, ‘এশিয়ায় প্রচলিত ও অপ্রচলিত নিরাপত্তা হুমকির পাশাপাশি উত্তেজনাপূর্ণ নতুন নতুন ইস্যু সৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে এশিয়ার স্থিতিশীলতা এখন বহু চ্যালেঞ্জের সম্মুখীন।’১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর থেকে চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত এবং দেশটির বৃহত্তম ব্যবসায়ী অংশীদার। এএফপি।