এশিয়ায় নতুন স্নায়ুযুদ্ধ শুরু করতে চাই না: হিলারি
চীনের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে এমন কোনো কাজ করতে চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ মন্তব্য করে বলেছেন, তাঁর দেশ এশিয়ায় নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। তবে এ অঞ্চলে নতুন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। হিলারি গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অ্যানাপোলিস শহরে স্থানীয় নৌ একাডেমিতে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন। যুক্তরাষ্ট্র উদীয়মান শক্তি হিসেবে চীনের উত্থান ঠেকাতে চায়—এ বক্তব্য প্রত্যাখ্যান করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন তার পুরোনো বন্ধুদের হারাতে চায় না। নতুন করে শত্রুও তৈরি করতে চায় না। তিনি বলেন, ‘এখনকার চীন সোভিয়েত ইউনিয়ন নয়। এশিয়ার সঙ্গে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরুর দ্বারপ্রান্তেও আমরা দাঁড়িয়ে নই।’হিলারি ক্লিনটন বলেন, ‘সমৃদ্ধ চীন যেমন যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর, তেমনি সমৃদ্ধ যুক্তরাষ্ট্রও চীনের জন্য কল্যাণকর। এই শর্তে আমরা উভয়ে এমন একটি পন্থায় সমৃদ্ধির দিকে এগোতে পারি, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে মঙ্গলজনক হয়।’ তিনি আরও বলেন, ‘আমি আরও এক ধাপ এগিয়ে চিন্তা করতে চাই। আমরা যদি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠায় সফল হই, তবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে সমর্থ হব।’ পিটিআই।