এশিয়ায় সামরিক ব্যয় বাড়ছে
এশিয়া আর ইউরোপের দুই ভিন্ন চিত্র। ইউরোপের দেশগুলো যখন সামরিক ব্যয় কমাচ্ছে, তখন বাড়ছে এশিয়ার দেশগুলোতে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) সাম্প্রতিক এক মূল্যায়নে এ চিত্র উঠে এসেছে।
‘সামরিক ভারসাম্য ২০১৪’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়, এ বৃদ্ধি এশিয়ার দেশগুলোতে হঠাৎ করে কোনো সংঘাত তৈরির ক্ষেত্র তৈরি করেছে। এতে বলা হয়, ২০১০ সালে এশিয়ার দেশগুলোর সামরিক খাতে ব্যয় ছিল ২৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ২০১৩ সালে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ৩২ হাার ২০০ কোটি ডলার। কিন্তু ইউরোপে ২০১০ সালের সামরিক ব্যয় ২৮ হাজার ৭০০ কোটি ডলার থেকে কমে ২০১৩ সালে এসে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০০ কোটি ডলারে।
প্রতিবেদনে বলা হয়, এত দিন যেসব অস্ত্রে পশ্চিমা দেশ ও রাশিয়ার একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল, এখন তা কিনছে এশিয়ার দেশগুলো। এর মধ্যে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনের সামরিক ব্যয় বেড়েছে ৪৩ দশমিক ২ শতাংশ। বিপরীতে ২০০৮ সালে আর্থিক মন্দা শুরুর পর থেকে ফ্রান্সের ব্যয় স্থিতিশীল ছিল আর যুক্তরাজ্যের ব্যয় কমেছে ৯ শতাংশ। ফিন্যান্সিয়াল টাইমস।