এসএনপির সঙ্গে জোট করবেন না মিলিব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড গতকাল ইংল্যান্ডের লিংকনে একজন সমর্থকের সঙ্গে ‘সেলফি’ তোলেন। এর পর সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য লেবার পার্টির ইশতেহার প্রকাশ করেন তিনি l ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড গতকাল ইংল্যান্ডের লিংকনে একজন সমর্থকের সঙ্গে ‘সেলফি’ তোলেন। এর পর সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য লেবার পার্টির ইশতেহার প্রকাশ করেন তিনি l ছবি: রয়টার্স

ডেভিড ক্যামেরনকে ঠেকাতে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়ন জোট গঠনের যে প্রস্তাব দিয়েছেন তা নাকচ করে দিলেন লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নেতাদের সরাসরি টিভি বিতর্কে মিলিব্যান্ড তাঁর এ অবস্থান জানিয়ে দেন।
যুক্তরাজ্যে আগামী ৭ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে এটি ছিল নেতাদের তৃতীয় এবং শেষ টিভি বিতর্ক। বিবিসি এটি সরাসরি সম্প্রচার করে।
বিতর্কে এড মিলিব্যান্ড বলেন, নিকোলা স্টার্জিয়ন স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাজ্যকে ভাঙতে চান। আর তিনি চান ঐক্যবদ্ধ যুক্তরাজ্য। জাতীয় স্বার্থে এমন বিপরীতমুখী অবস্থানের কারণে এসএনপির সঙ্গে জোট গঠন সম্ভব নয়।
গত পাঁচ বছর জোট বেঁধে ক্ষমতায় থাকা কনজারভেটিভ দলের নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ এই শেষ বিতর্কে অংশ নেননি। মিলিব্যান্ড ও স্টার্জিয়নের সঙ্গে অভিবাসনবিরোধী দল ইউকে ইনডিপেনডেন্ট পার্টির (ইউকিপ) নাইজেল ফারাজ, গ্রিন পার্টির নাটালি বেনেট এবং ওয়েলসের প্লাইড কামরি দলের লিয়াম উড বিতর্কে অংশ নেন। বিরোধী এই পাঁচ নেতার চারজনই ডেভিড ক্যামেরনকে ক্ষমতা থেকে নামানোর পক্ষে অবস্থান তুলে ধরেন। একমাত্র নাইজেল ফারাজ কনজারভেটিভ দলের প্রতি নমনীয় ছিলেন।
নাইজেল ফারাজ স্বভাবসুলভ ভঙ্গিতে স্বাস্থ্যসেবা, বেকারত্ব, আবাসন-সংকটসহ সব সমস্যার জন্য অভিবাসনের ‘আধিক্যকে’ দায়ী করেন। তবে তাঁর সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেন বাকি চার নেতাই। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত গ্রিন পার্টির নেতা নাটালি বেনেট স্মরণ করিয়ে দেন, যুক্তরাজ্যে প্রতি চারজন ডাক্তারের একজন অভিবাসী এবং স্বাস্থ্যসেবা খাতের ৪০ শতাংশ কর্মী অভিবাসী সম্প্রদায়ের। প্লাইড কামরির লিয়াম উড ওয়েলসে চিকিৎসক-সংকটের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী যে পরিবেশ তৈরি করা হয়েছে, তাতে কোনো বিদেশি চিকিৎসক এ দেশে আসতে চাইবেন না। এসএনপি প্রধান নিকোলা স্টার্জিয়ন বলেন, ব্রিটিশ নাগরিকেরা অন্য দেশে গেলে যেমন আচরণ আশা করেন, অভিবাসীদের প্রতিও সে রকম আচরণ করা উচিত। শিক্ষার্থী ভিসায় কড়াকড়ির কারণে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সংকটে পড়েছে উল্লেখ করে স্টার্জিয়ন মিলিব্যান্ডকে অনুরোধ করেন, তিনি প্রধানমন্ত্রী হলে যেন শিক্ষার্থী ভিসার সঙ্গে দুই বছর কাজের সুযোগ ফিরিয়ে দেওয়া হয়। এড মিলিব্যান্ড অভিবাসনের ‘যৌক্তিক নিয়ন্ত্রণের’ কথা বলেন। কনজারভেটিভ সরকারের ব্যয়-সংকোচন নীতি থেকে পুরোপুরি সরে আসার ঘোষণা না দেওয়ায় সমালোচনার শিকার হন মিলিব্যান্ড। তিনি সংখ্যাগরিষ্ঠ কর্মজীবী শ্রেণির পক্ষে নিজের দলের প্রতিশ্রুতি ব্যাখ্যা করেন।
এসএনপি, গ্রিন এবং প্লাইড কামরি দলের নেতারা পারমাণবিক অস্ত্র ত্যাগ করে ওই অর্থ জনকল্যাণে ব্যয়ের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে মিলিব্যান্ড এবং ফারাজ রাশিয়ার সাম্প্রতিক ‘আগ্রাসী মনোভাবের’ কথা বলে পারমাণবিক অস্ত্রের পক্ষে মত দেন।
বিভিন্ন জরিপে আভাস দেওয়া হচ্ছে যে, যুক্তরাজ্যের এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে যেকোনো সংখ্যক আসনই সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে ছোট দলগুলোরও কদর বেড়েছে।