এসএনসির সদস্য বাড়াতে রাজি আসাদবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রধান বিরোধী পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) তাদের নির্বাহী পরিষদের আকার বাড়াতে রাজি হয়েছে। এতে আরও ১৩টি পক্ষকে যুক্ত করা হবে। দোহা আলোচনার দ্বিতীয় দিনে গত সোমবার এ সিদ্ধান্ত হয়েছে।প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত সব পক্ষকে প্রতিনিধিত্ব করে—এমন একটি সুসংহত বিরোধী পক্ষ তৈরি করার লক্ষ্যে রোববার কাতারের রাজধানী দোহায় সিরিয়ার সরকারবিরোধী পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। বিরোধী সব পক্ষকে এক করতে এসএনসি ব্যর্থ হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আলোচনায় বসেছে বিরোধীরা।এসএনসির মুখপাত্র আহমাদ কামাল বলেন, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো বিরোধীদের পুনর্গঠন পরিকল্পনায় সম্মত হয়েছে। তারা এসএনসির নির্বাহী পরিষদের বর্তমান সদস্যসংখ্যা কমিয়ে ১৩টি রাজনৈতিক দল ও স্বাধীন প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে—এমন ২০০ নতুন সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করার ব্যাপারে রাজি হয়েছে। তিনি বলেন, নতুন ২০০ সদস্যকে জায়গা দিতে সদস্য সংখ্যা ৩১৩ থেকে ২২০ জনে নামিয়ে আনা হবে। মোট সদস্য সংখ্যা হবে ৪২০ জন। গতকাল মঙ্গলবার থেকেই এটি কার্যকর হওয়ার কথা। আজ বুধবার শেষ হতে যাওয়া চার দিনব্যাপী এ বৈঠকে ভিন্নমতাবলম্বী নেতা রিয়াদ সাইফকে নিয়েও আলোচনা হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত প্রবাসী সরকারের প্রধান হতে পারেন যুক্তরাষ্ট্র-সমর্থিত এই নেতা। তবে এসএনসির কয়েকজন নেতা সাইফের ঘোরবিরোধী। ফলে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তাঁর ভাগ্যে কী ঘটছে তা বলা যাচ্ছে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি বলেন, সিরিয়ার বিরোধী পক্ষগুলো সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তই নিক, তাতে সমর্থন জানাবে তাঁর সরকার। তবে বিরোধী পক্ষগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘সিরিয়ার জনগণ যে সিদ্ধান্তই গ্রহণ করুক, আমরা তাতে সমর্থন জানাব। আমি মনে করি, দোহা বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ার বিরোধী পক্ষগুলোর মধ্যে সমঝোতা দেখার জন্য সবাই অপেক্ষা করছে।’ তিনি আরও বলেন, ‘অনেকগুলো বিরোধী পক্ষ থাকাটা একটা সমস্যা...সময় এসেছে তাদের ঐক্যবদ্ধ হওয়ার...আমাদের দরকার বিরোধীদের একটামাত্র ঠিকানা।’ সিরিয়ায় সংঘর্ষ: এদিকে গতকাল সকালে দামেস্কের অদূরে মুদামিয়া শহরে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এ ছাড়া দামেস্কের ১৩ কিলোমিটার দূরে দুমায় বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। এর বাইরে হোমস প্রদেশের কেন্দ্রস্থল ও আল-বাব শহরেও বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসব তথ্য জানিয়েছে।ব্যাপক সংঘর্ষ আর বোমা হামলায় প্রায় আড়াই শ লোক নিহত হওয়ার একদিন পরই এসব হামলা চালানো হয়েছে। গত মাসের ব্যর্থ যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার পর সোমবারই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল। অবজারভেটরি জানায়, এই দিন ২৪৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৩ জন সেনা, ৮৬ জন বেসামরিক ও ৬৮ জন বিদ্রোহী যোদ্ধা। গালফ নিউজ ও এএফপি।