এসব অবরোধ আবর্জনার পাত্রে ফেলার যোগ্য: আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন করে অবরোধ আরোপের বিষয়টি মোটেও আমলে নেয়নি তেহরান। ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, এসব অবরোধ আরোপের বিষয় ব্যবহূত রুমালের মতো আবর্জনার পাত্রে ফেলার যোগ্য। গতকাল বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ভাষণ দেওয়ার সময় আহমাদিনেজাদ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করে। এ নিয়ে নিরাপত্তা পরিষদ দেশটির ওপর চতুর্থবারের মতো অবরোধ আরোপ করল। যুক্তরাষ্ট্রের তোলা এ প্রস্তাবে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য সমর্থনমূলক ভোট দেয়। লেবানন ভোট দেওয়া থেকে বিরত থাকে। ব্রাজিল ও তুরস্ক প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ইরানিদের কাছে এসব অবরোধের এক পয়সার মূল্যও নেই। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর একটিকে আমি এই বার্তা দিয়েছি যে আপনারা যেসব প্রস্তাব উত্থাপন করেন, তা ব্যবহূত রুমালের মতো আবর্জনার পাত্রে ফেলার যোগ্য।’যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দিহান। বিশেষ করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। শক্তিধর দেশগুলোর আশঙ্কা, ইরান পরমাণু বোমা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার আসল লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে বিদ্যুতের সংস্থান করা।আহমাদিনেজাদ বলেন, ‘যাদের পরমাণু বোমা আছে এবং এটি ব্যবহার করেছে, এই বোমা মজুদ রেখে অন্যদের ভয় দেখাচ্ছে, তারাই কিন্তু ইরান পরমাণু বোমা বানাবে বলে অজুহাত তুলে দেশটির ওপর অবরোধের প্রস্তাব আনছে।’ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলে ইরানের দূত আলি আজগর সোলতানিয়েহ জানান, নতুন করে অবরোধ আরোপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ইরান পিছপা হবে না।এই অবরোধ আরোপের পর সোলতানিয়েহ ভিয়েনায় সাংবাদিকদের বলেন, ‘কোনো কিছুরই নড়চড় হবে না। কোনো বিরতি ছাড়াই সমৃদ্ধকরণ কর্মসূচি আমরা চালিয়ে যাব। আর তা করা হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধবিষয়ক চুক্তি মেনেই।’ইরানের ওপর অবরোধ আরোপের বিষয়কে ‘ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে তুরস্ক ও ব্রাজিল। তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোগান গতকাল বলেন, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর জাতিসংঘের এই অবরোধ আরোপ একটি ভুল সিদ্ধান্ত। এ ব্যাপারে তুরস্ক ও ব্রাজিল সব সময়ই কূটনৈতিক সমাধান খুঁজে দেখবে। একই মন্তব্য করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা বলেন, এ সিদ্ধান্তের ফলে দেশটির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ঐতিহাসিক সুযোগ হারিয়েছে নিরাপত্তা পরিষদ।তবে নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপকে ইতিবাচক অভিহিত করেছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই অবরোধ আরোপের বিষয়টি ইরানের প্রতি এই হুঁশিয়ারি যে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলো তাদের এই কর্মসূচির বিরোধিতা করছে। সূত্র: বিবিসি, এএফপি।