এসসিওর সদস্য হচ্ছে ভারত ও পাকিস্তান
চীন ও রাশিয়ার নেতৃত্বে পরিচালিত আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য হচ্ছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ওই দুই দেশের প্রধানমন্ত্রী রাশিয়ার উফা শহরে গত শুক্রবার থেকে দুই দিনের এসসিও সম্মেলনে যোগ দেন। খবর রয়টার্স ও এএফপির।
এসসিওকে মূলত আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যে মস্কো ও বেইজিংয়ের একটি প্রচেষ্টা হিসেবে গণ্য করা হয়। এই সংস্থায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা কমবে বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সম্প্রসারণের মধ্য দিয়ে এসসিওর কার্যক্রমে আরও গতি আসবে। অঞ্চলের বাইরেও সংস্থাটির প্রভাব বিস্তারের সময় এসেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রচেষ্টায় ইউরেশীয় অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ বাড়বে।
ভারত ও পাকিস্তানকে এসসিওর সদস্যপদ দেওয়ার কথা জানিয়ে পুতিন বলেন, আফগানিস্তান, ইরান ও মঙ্গোলিয়ার সঙ্গে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবে বেলারুশ। আর নেপাল, আজারবাইজান, আর্মেনিয়া ও কম্বোডিয়াকে ‘সংলাপ-সহযোগী’ হিসেবে গ্রহণ করা হবে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানও এসসিওর সদস্য।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এসসিও সম্মেলন উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি আফগানিস্তানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা নিয়ে হুঁশিয়ারি দেন। পরে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক ঐতিহাসিক দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দেন পুতিন।
পর্যবেক্ষকেরা মনে করেন, উফা শহরে ব্রিকস সম্মেলনের পাশাপাশি এসসিও সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখাতে চাইছেন, তাঁর দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয় এবং এখন বিশ্বে ‘বহু মেরু’ তৈরি হচ্ছে।
পুতিনের মতে, যুক্তরাষ্ট্রনিয়ন্ত্রিত ‘এক মেরুকেন্দ্রিক’ বিশ্বের ধারণা এখন পুরোনো হয়ে গেছে। আর ইউক্রেন-সংকটের জেরে মস্কোর ওপর পশ্চিমা বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও রাশিয়া দুর্বল হয়ে পড়েনি।