ঐ মহামানব আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসমন্ড টুটুকে ধন্যবাদ

কেপটাউনের আর্চবিশপের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি যথার্থই সম্মানিত বোধ করছি। তিনি দক্ষিণ আফ্রিকার এ প্রদেশটিরও আর্চবিশপ এবং তিনি মাত্র সপ্তাহের মধ্যেই তাঁর ৬৫তম জন্মদিনের প্রাক্কালে অবসর নিতে যাচ্ছেন। ধারণা করি, আমার আগেই অবসর গ্রহণ করে তিনি একটি নজির স্থাপন করছেন।

এখানে সমবেত সবার পক্ষ থেকে আমি বলতে পারি, আর্চবিশপ ডেসমন্ড টুটু, তাঁর ধর্মোপদেশমূলক মন্ত্রণা, ক্ষমাশীল কার্যাবলি, প্রেরিত-পুরুষসুলভ প্রত্যয়ন ও রাজনৈতিক তত্পরতার মাধ্যমে দেশে-বিদেশে অসংখ্য মানুষের কাছে আশীর্বাদ ও অনুপ্রেরণার উত্স হয়ে উঠেছেন। গির্জার নেতা ও সমগ্র খ্রিষ্টজগতের প্রতিনিধি হিসেবে তিনি সম্মানজনক রেকর্ডের অধিকারী। তা ছাড়া, অমানবিক ও দুরাচারী বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে তিনি একজন নির্ভয় যোদ্ধা হিসেবেও সুপরিচিত। দরিদ্র, নির্যাতিত ও পশ্চাত্পদ ব্যক্তিদের প্রতি নিঃস্বার্থ অঙ্গীকারের জন্যও তিনি সুপরিচিত। যখন গির্জার অনেক ধর্মীয় নেতাকেই বন্দী করা হতো, নির্বাসনে পাঠানো হতো, নিষিদ্ধ বা কর্মক্ষেত্র সংকুচিত করা হতো, সেই পরিস্থিতিতে তিনি নিজের সহকর্মীদের নিয়ে এক কার্যকর প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিলেন।

ডেসমন্ড টুটু সর্বক্ষেত্রেই সুবিচার ও শান্তির প্রতি আপসহীন অঙ্গীকারের জন্য বিশ্বজোড়া সম্মানের অধিকারী। দুর্নীতির নিন্দা তিনি সোজাসুজি করেন। মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনমূলক শাসনের বিরুদ্ধে—তা সেটি আফ্রিকা মহাদেশেই হোক বা অন্যত্র—প্রতিবাদ করার সব সুযোগ তিনি কাজে লাগিয়েছেন। তাঁর কর্মতত্পরতার ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃৃতির সঙ্গে একান্ত সামঞ্জস্যপূর্ণভাবে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, প্রয়োজন দেখা দিলে তিনি তাত্ক্ষণিকভাবে অজনপ্রিয় অবস্থান গ্রহণের সাহস দেখাতে পারেন। দক্ষিণ আফ্রিকার গির্জাগুলো যখন গভীর সংশয়ে ছিল, তেমন এক সময়েই আর্চবিশপ ডেসমন্ড টুটু বর্ণবাদবিরোধী প্রচার শুরু করেছিলেন। জনগণের নৈতিকতার প্রসঙ্গে তিনি মন খুলে কথা বলতে পারেন। আর এ কারণেই বর্ণবাদী ব্যবস্থার অনেক নেতাই তাঁর প্রতি ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন। বর্ণবাদী নেতাদের অনুসারীদেরও তিনি ছেড়ে কথা বলেননি। অনেক সময় তিনি আমাদের মতো নতুন পথের অনুসারী অনেককেও ক্রোধান্বিত করেছেন। কিন্তু অনস্বীকার্য যে, এ রকম স্বাধীন মানসিকতা, যদিও অনেক সময় কৌশলহীন বলেই মনে হয়, তথাপি গণতন্ত্র বিকাশের জন্য একান্তই অপরিহার্য।

আমি তাই আজকের অনুষ্ঠানে সুযোগ গ্রহণ করে, স্বাধীনতা ও সুবিচারের সংগ্রামে তাঁর অমূল্য অবদানের জন্য আর্চবিশপকে ধন্যবাদ জানাতে চাই। স্বাধীনতার সুদীর্ঘ সংগ্রামের পথে আপনার সাহচর্য, ধর্ম-বর্ণ-লিঙ্গ-বয়সনির্বিশেষে আমাদের জনগণকে জীবন ও মানবাধিকারের প্রতি সম্মানবোধে অনুপ্রাণিত করেছে।

নতুন সংবিধানে আমাদের সমন্বিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে ন্যায়পরায়ণ, জাতিগত বিদ্বেষহীন এবং লিঙ্গবৈষম্যহীন গণতান্ত্রিক সমাজবিকাশের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সংবিধানে উল্লিখিত এ দৃষ্টিভঙ্গির বাস্তবায়ন করার বিষয়টি আমাদের সবাইকেই এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যত দিন পর্যন্ত আমাদের জনগণের অনেকে নিদারুণ দারিদ্র্যের মধ্যে বাস করবে, শিশুদের প্লাস্টিকের আবরণের নিচে থাকতে হবে, অনেক মানুষই কর্মহীন থাকবে, তত দিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোনো মানুষের পক্ষেই বিশ্রাম বা স্বাধীনতার আনন্দে গা ভাসিয়ে দেওয়া সম্ভব নয়।

দক্ষিণ আফ্রিকার সমাজ থেকে বর্ণবৈষম্যবাদী ব্যবস্থার ফলে সৃষ্ট বৈষম্য ও অসাম্য যতটা দূর করা সম্ভব হবে, দক্ষিণ অফিকাকে বদলে দেওয়ার ক্ষেত্রে সাফল্যের পরশপাথর ততটাই আমাদের করায়ত্ত হবে। আমাদের আকাঙ্ক্ষার মূল দিকটি নিহিত রয়েছে মোটা দাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান ও পুনর্বণ্টন ইত্যাদি কৌশলগত নানা ক্ষেত্রে। এটাই হচ্ছে আমাদের অর্থনীতির একটি নির্মাণকাঠামো, যেখানে সবাই হাত মেলাতে পারেন এবং স্বল্পমেয়াদি লক্ষ্যের বদলে দীর্ঘমেয়াদি স্বার্থকে বড় করে দেখেই আমাদের পক্ষে পরিবর্তন, পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জন করা সম্ভব হতে পারে।

এমন বিপুল অংশীদারত্বের ক্ষেত্রে ধর্মীয় গোষ্ঠীগুলোকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দক্ষিণ আফ্রিকা ও বিদেশের গির্জাগুলো আমাদের যেভাবে স্বাধীনতা ও শান্তি অর্জনের সংগ্রামে সহায়তা দিয়েছে, এখনো তাদেরই আবার ন্যায় ও সাম্যভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের সহযাত্রী হতে হবে।

ধর্মীয় গোষ্ঠীগুলোকে সরকারের প্রতি সমালোচনাহীন সমর্থন জানানোর জন্য আহ্বান করা হচ্ছে না। সমালোচনাহীন সমর্থন বরং আমাদের শিশু-গণতন্ত্রের জন্য বিপদেরই কারণ হতে পারে। অন্যদিকে দারিদ্র্য দূরীকরণ ও জনগণের দুর্ভোগ লাঘবের উদ্যোগহীন নিষ্ক্রিয় সমালোচনা কেবল গির্জার বক্তব্যকে কৃতিত্বহীন বলেই প্রমাণ করতে পারবে। অপর দিকে, কোনো কোনো ধর্মীয় নেতা যাকে বলেন ‘সমালোচনাপূর্ণ সংহতি’, সরকারের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করেই ধর্মীয় গোষ্ঠীগুলো দেশের পুনর্গঠন ও উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারে।

দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠার আগে-পরে, ধর্মীয় গোষ্ঠীগুলোর অবদানের যে ধারাবাহিকতার কথা আমাদের জানা রয়েছে, তাতে আমরা নিশ্চয়ই আস্থাশীল হতে পারি যে, তারা স্বাধীন পরিবেশে জনগণের ক্ষমতায়ন ও জীবন-মান উন্নয়নের প্রকল্পসমূহের ক্ষেত্রে আমাদের কৌশলগত সহযোগী হতে পারে। আমাদের নতুন জাতিগঠনের লক্ষ্যে পুনর্গঠন ও সামঞ্জস্যবিধান বা পুনর্মিত্রতা প্রতিষ্ঠার কাজগুলো পাশাপাশিই চালাতে হবে। গির্জাগুলোর দিকে আমরা এমন প্রত্যাশার চোখেই তাকিয়ে থাকব যে, তাঁদের বার্তাসমূহই মূল সহায়ক ভূমিকা গ্রহণ করবে, যাতে সব বর্ণের মানুষই ন্যায়, শান্তি, ক্ষমা ও পুরোনো ক্ষত উপশমের মাধ্যমে বিভেদ-বিভাজন কাটিয়ে উঠে আগের ভুলগুলো সংশোধন করে ন্যায়সম্মত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে পারে।

আর্চবিশপ টুটু, রংধনুর মতো আমাদের বহুবর্ণ সমাজের আনুষ্ঠানিক উদ্যাপন এবং তাঁর ‘সত্য ও সামঞ্জস্য বিধানের কমিশন’ (টুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন)-এর শক্তিময় উপশমকারী নির্দেশনার কারণে আমাদের জাতির সামঞ্জস্য বিনির্মাণের জটিল কর্মক্ষেত্রে অফুরান অনুপ্রেরণার উত্স হয়ে থাকবেন। আমাদের বৈচিত্র্যের মধ্যে তাঁর আনন্দ ও ক্ষমাশীলতার কথা, আমাদের জাতিগঠনে তাঁর অপরিমেয় অবদানের কথা, ন্যায়পরায়ণতার প্রতি তাঁর প্রবল অনুরাগ ও দরিদ্রদের প্রতি তাঁর একাত্মতার কথা সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে।

আমার বক্তব্যের সমাপ্তিতে আমি কি আবার বলতে পারি: আপনার সব অবদানের জন্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি তাঁদেরই একজন, যাঁরা আমাদের দেশে দেশপ্রেমের নতুন মশাল প্রজ্বালন করেছেন। আপনার অবসর জীবনের জন্য আমরা শান্তি ও আনন্দের প্রার্থনা করছি।

২৩ জুন, ১৯৯৯-এ আর্চবিশপ ডেসমন্ড টুটুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ভাষণ