ঐ মহামানব আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা [১৮ জুলাই ১৯১৮-৫ ডিসেম্বর ২০১৩], প্রতিকৃতি: মাসুক হেলাল
নেলসন ম্যান্ডেলা [১৮ জুলাই ১৯১৮-৫ ডিসেম্বর ২০১৩], প্রতিকৃতি: মাসুক হেলাল

গোষ্ঠীপতি ও গির্জা

আমার অভিভাবক গোষ্ঠীপতি চাইতেন না যে আমি কুনুতে যাই। তাঁর বক্তব্য ছিল, সেখানে গেলে আমি কুসংসর্গে পড়ে স্কুল থেকে পালিয়ে যেতে পারি। তিনি আমাকে মাত্র কয়েক দিনের জন্য বাড়ি যাওয়ার অনুমতি দিতেন। অন্যান্য সময় তিনি আমার মাকেই আমার সঙ্গে সাক্ষাতের জন্য রাজকীয় নিবাসে নিয়ে আসার ব্যবস্থা করতেন। কিন্তু কুনুতে গিয়ে মা, বোনেরা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার বিষয়টি আমাকে খুবই আকর্ষণ করত। বিশেষ করে আমার চাচাতো ভাই আলেকজান্ডার ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাতের সময়টা আমি দারুণ উপভোগ করতাম। আমার জীবনের প্রথম দিককার দিনগুলোতে সে শিক্ষাবিষয়ক নানা প্রশ্নের আলোচনা করে আমাকে সব সময় উত্সাহিত ও অনুপ্রাণিত করত। সে আর আমার চেয়ে বয়সে অনেক বড় চাচাতো বোন ফাথিবে রানুগু সম্ভবত আমাদের গোষ্ঠীতে প্রথম শিক্ষকতা পেশায় যাওয়ার যোগ্যতা অর্জন করে। আমি বিশ্বাস করি, তাদের উপদেশ ও সতত ধৈর্যশীল প্ররোচনার ফলেই আমি শ্রেণীকক্ষের বাইরের সহজ জীবনের হাতছানি এড়াতে সফল হয়েছিলাম।

তখনকার দিনগুলোতে গোষ্ঠী-নেতৃত্ব ও গির্জাসংক্রান্ত ভাবনা আমাকে প্রবলভাবে প্রভাবিত করত। কারণ, আমি যে বীরদের কথা তখন শুনতাম, তাঁরা সবাই বিভিন্ন গোষ্ঠীর প্রধান ছিলেন। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ—উভয়ের কাছ থেকে তাঁরা যে সম্মান পেতেন, সেটাই হয়তো আমার মনে ওই প্রতিষ্ঠান সম্পর্কে বাড়তি গুরুত্বের ধারণা তৈরি করেছিল। আমার মনে হতো গোষ্ঠীপতিকে ঘিরে শুধু সমাজজীবনটাই আবর্তিত হয় না, বরং তাঁরাই সমাজের মূল প্রভাবক, ক্ষমতাশীল ও মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে মান্য।

একই রকম গুরুত্বপূর্ণ ছিল গির্জার অবস্থানও। যদিও বাইবেলের নির্দেশমতো বৈষয়িক ও মতবাদভিত্তিক দিক থেকে আমি সরাসরি গির্জার সঙ্গে বিশেষ যুক্ত হইনি, তবু ব্যক্তিগতভাবে রেভারেন্ড মাতিওলোর সঙ্গে আমার গভীর যোগাযোগ ছিল। সামাজিক বলয়ে জনপ্রিয়তায় তিনি শাসকের সমকক্ষ ছিলেন। তা ছাড়া আধ্যাত্মিক দিক থেকেও তিনি গোষ্ঠীপতিদের কাছেও সম্মানিত ও নেতৃস্থানীয় ছিলেন। তা ছাড়া তিনিই ছিলেন গির্জার সীমাহীন ক্ষমতার অধিকারী। তার চেয়ে বড় কথা, আমাদের জনগোষ্ঠী যতটুকু অগ্রগতি করতে পেরেছে—যে স্কুলে আমি পড়াশোনা করেছি, যে শিক্ষকেরা আমাকে পড়িয়েছেন, সরকারি অফিসের কেরানি ও দোভাষীরা, কৃষি প্রদর্শনকারী ও পুলিশ বাহিনীর সদস্য—তাঁরা সবাই মিশনারি স্কুলে পড়াশোনা করেছিলেন।

পরে জনগণের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা হিসেবে গোষ্ঠীপতিদের দ্বৈত ভূমিকা পর্যবেক্ষণ করে সমগ্র বিষয়টি আমি বাস্তবভিত্তিকভাবে পুনর্মূল্যায়ন করতে বাধ্য হই। এ ক্ষেত্রে কেবল আমার পারিবারিক প্রেক্ষাপটের অভিজ্ঞতা কিংবা যেসব ব্যতিক্রমধর্মী গোষ্ঠীপতি জনগণের সংগ্রামের সঙ্গে একাত্ম হয়েছিলেন, তাঁদের প্রসঙ্গেই নয়, আমি আরও ব্যাপকতর পরিসরেই ভাবনাচিন্তা শুরু করেছিলাম। উচ্ছেদবিরোধী যুদ্ধে যে বিখ্যাত বীরদের সন্তানেরা আমাদের সংগ্রামের সাথি হয়েছিলেন এবং প্রথাগত ঐতিহ্যের কারণে প্রধানেরা যে সম্মান-মর্যাদা ভোগ করে থাকেন—সবকিছু মিলিয়েই নতুন করে ভাবতে হয়েছিল। যে সরকারকে কৃষ্ণাঙ্গদের শত্রু বলে গণ্য করা হয়, তাদের প্রতিনিধি হিসেবে গোষ্ঠীপতিরাও সমালোচনা ও বিরূপতার মুখে পড়েছিলেন। গোষ্ঠীপতি নামে পরিচিত প্রতিষ্ঠানটিকে সরকার করায়ত্ত করে ফেলায় সেটিও অত্যাচারের অন্যতম যন্ত্রে পরিণত হয়েছিল।

আমার অভিজ্ঞতাই মিশনারিদের ভূমিকা সম্পর্কে অধিকতর সুষম পুনর্মূল্যায়নের সূত্রসন্ধানে আমাকে উদ্বুদ্ধ করেছিল। আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে গির্জার পাদরিদের সঙ্গে শুধু ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে বিষয়টি যাচাই করা ঠিক নয়। তবে এ কথাও আমি বুঝতে পেরেছিলাম যে গোষ্ঠীপতি ও গির্জা—জনগণের ওপর এ দুটি প্রতিষ্ঠানের প্রভাব অবমূল্যায়ন করাও ঠিক নয়। তাই এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমি নিরন্তর সাবধানতার সঙ্গেই অগ্রসর হয়েছি।

কারাবন্দী অবস্থায় লেখা আত্মজীবনীর অংশ

ঐতিহ্য বনাম কুসংস্কার

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সঙ্গে যুক্ত থাকার ফলে আমি উপলব্ধি করতে পেরেছি যে একটি জাতীয় আন্দোলনের মধ্যে মৌলিক এবং অন্য রকমের বহু বিচিত্র ধরনের স্ববিরোধিতার উপাদান থাকতেই পারে। একই সংগঠনে বিভিন্ন শ্রেণী ও সামাজিক গোষ্ঠী সমবেত হওয়ায় গুরুত্বপূর্ণ সময়ে তাদের দীর্ঘস্থায়ী স্বার্থের সংঘাতের ফলে সংগঠনের মূল লক্ষ্যটি বিঘ্নিতও হতে পারে। দৃশ্যমান একটি ঐক্যবদ্ধ সংগঠনের ভেতরে বিদ্যমান বিভিন্ন রকমের সংঘাতের ফলে আগাগোড়া বিচ্ছিন্নতা ঘটে যেতে পারে। বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠী একত্র হলে খতনার৫ মতো বিভিন্ন ধরনের আচরণগত কুসংস্কারের প্রভাবও প্রকট হয়ে উঠতে পারে। ফোর্ট হেয়ারে অবস্থানকালে আমার এক বন্ধু সেই প্রথাটি অনুসরণ করেনি জানামাত্রই আমার কি তীব্র প্রতিক্রিয়া ও বিরক্তি হয়েছিল, তা এখনো স্মরণ করতে পারি। তখন আমার বয়স মাত্র ২১ বছর। পরে এএনসির সাহচর্যে বিভিন্ন প্রগতিশীল আদর্শের সঙ্গে পরিচিত হয়েছিলাম, যা আমাকে যৌবনকালের বহু কুসংস্কার থেকে মুক্ত করতে সহায়তা করে, আমি সব মানুষকে সমমর্যাদায় গ্রহণ করতে শিখি।

আমি উপলব্ধি করেছিলাম যে, আমার নিজস্ব প্রথা সম্পর্কে যত গৌরববোধই থাকুক না কেন, তার ভিত্তিতে অপরের বিচার করতে পারি না। কোনো একজন একটি নির্দিষ্ট সংস্কার মানে না বলেই তাকে অবজ্ঞা করার বিষয়টি প্রকৃতপক্ষেই উত্কট সংস্কারপ্রিয়তার লক্ষণ। আমি অবশ্যই আমার নিজস্ব সংস্কার ও ঐতিহ্যকে বিনম্র সম্মানের সঙ্গে পালন করি, কিন্তু সেটি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ সেগুলো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে এবং জাতিগত নির্যাতনবিরোধী আমাদের সংগ্রামে কোনোভাবে অন্তরায় সৃষ্টি না করে। কিন্তু আমি কখনোই আমার পালনীয় কোনো প্রথা অন্যের ওপর চাপিয়ে দেব না এবং নিজেও এমন কোনো আচরণ করব না, যা আমার সংগ্রামের কোনো সাথিকে বিরক্ত করতে পারে। স্বাধীনতা এখন যথার্থই বিশেষভাবে মহার্ঘ্য হয়ে ওঠায় বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কারাবন্দী অবস্থায় লেখা আত্মজীবনীর অংশ

ফোর্ট হেয়ারে শিক্ষা গ্রহণ

‘তুমি এখন ফোর্ট হেয়ারে পড়তে এসেছ। ভবিষ্যতে তোমাকেই তোমার জনগণের নেতৃত্ব গ্রহণ করতে হবে।’৬ শিক্ষকেরা এমন কথা বলায় আমি গৌরববোধ করেছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই গৌরববোধ করেছিলাম। সারাক্ষণ আমাদের এ ধরনের কথাই শোনানো হতো। এ কথাও ঠিক যে, তখনকার দিনে একজন কৃষ্ণাঙ্গ মানুষের জন্য ডিগ্রি অর্জন করার বিষয়টি যথার্থই গুরুত্বপূর্ণ ছিল। তাই আমার এমন অনুভূতি হয়েছিল। আর এ কথাও অনস্বীকার্য যে, তাঁর ছেলে—গোষ্ঠীর একজন সদস্য—ফোর্ট হেয়ারে যোগ দিতে পেরেছে বলে রাজা নিজেও এ গর্ববোধ করেছিলেন।

রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা

প্রাতিষ্ঠানিক শিক্ষার সীমাবদ্ধতা

মোহাচ্ছন্নতা ও মোহভঙ্গের দুটি প্রক্রিয়াই জীবনের অংশ। এটি চলতে থাকে নিরন্তর ও অনিঃশেষ। ১৯৪০-এর দশকের শুরুর দিকে আমার প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতার সংঘাত তীব্রভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছিল। কলেজে আমি বিশ্বাস করতাম যে, আমি স্বাভাবিকভাবেই সর্বোচ্চ অবস্থানটি পেয়ে যাব, আমার জনগণের সব প্রচেষ্টা আমার নেতৃত্বেই পরিচালিত হবে। প্রকৃতপক্ষে ফোর্ট হেয়ারের অধিকাংশ ছাত্রের জন্যই এটা সত্য ছিল। তাদের অনেকেই কলেজ ছেড়ে দিয়ে নিশ্চিত উপার্জনের আরামদায়ক চাকরিতে যোগ দিয়ে বেশ কিছুটা প্রভাবও বিস্তার করতে পারত। এ কথাও ঠিক যে, ডিগ্রি অর্জনকারীরা বিশেষত শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সামাজিক সম্মান পেত।

কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছিল ভিন্ন। এমন সব মহলে আমার যাতায়াত ছিল, যেখানে সাধারণ জ্ঞান ও প্রায়োগিক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। সেখানে উচ্চশিক্ষার দিকটিকে অপরিহার্য নিয়ামক বলে ভাবা হতো না। কলেজে আমাকে যা কিছু পড়ানো হয়েছে, তার খুব কমই আমার নতুন পরিবেশে প্রত্যক্ষভাবে প্রাসঙ্গিক বলে মনে হলো। জাতিগত নির্যাতন, কৃষ্ণাঙ্গ মানুষের জন্য সুযোগের অভাব ও প্রাত্যহিক জীবনের অসংখ্য অপমানকর অভিজ্ঞতার বিষয়াদি আলোচনা করতে সাধারণ শিক্ষকেরা সংকোচ বোধ করতেন। কীভাবে আমরা চূড়ান্ত পর্যায়ে বর্ণবাদী সংস্কারের পাপ থেকে মুক্তিলাভ করতে পারি, এ বিষয়ে আমার কোন কোন বই পড়া দরকার, শৃঙ্খলাবদ্ধ স্বাধীনতা আন্দোলনে শরিক হতে চাইলে কোন রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে হবে ইত্যাদি কোনো কথাই তাঁরা কেউ আমাকে বলেননি। সুযোগমতো নিজে চেষ্টা করে এবং নিজেই নিজের ভুল সংশোধন করে করেই বিষয়গুলো আমাকে শিখতে হয়েছে।

কারাবন্দী অবস্থায় লেখা আত্মজীবনীর অংশ

নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা

শুধু আরাম কেদারায় বসে থাকা রাজনীতিবিদেরাই কখনো ভুল করেন না। রাজনীতির অনুষঙ্গে ভুল ঘটবেই। যাঁরা রাজনৈতিক সংগ্রামের কেন্দ্রে থাকেন, যাঁদের বাস্তব ও অতি জরুরি সমস্যা মোকাবিলা করতে হয়, তাঁরা বিচারভাবনার সময় পান খুব কম। তাঁদের ক্ষেত্রে নির্দেশক কোনো পূর্ব উদাহরণও থাকে না বলে তাঁরা বারবার ভুলের শিকার হতেই পারেন। কিন্তু তাঁরা যদি নমনীয় থাকতে পারেন, নিজে থেকেই স্বকীয় কার্যাবলির অনুপুঙ্খ পর্যালোচনা করতে প্রস্তুত থাকেন, তাহলে বহমান সময়ের সঙ্গে সঙ্গেই তাঁদের পক্ষে এমন অভিজ্ঞতা ও দূরদৃষ্টি অর্জন করা সম্ভব হয়, যাতে করে তাঁরা সাধারণ ভুলভ্রান্তিগুলো এড়িয়ে চলতে পারেন এবং সেই সঙ্গে স্পন্দমান ঘটনাবলির ভেতর দিয়েই সামনের দিকের পথটি বেছে নিতে পারেন।

কারাবন্দী অবস্থায় লেখা আত্মজীবনীর অংশ

আলেকজান্দ্রা: আমার দুঃখ, আমার প্রত্যাশা

আলেকজান্দ্রায় আমার জীবন যথেষ্টই উত্তেজনাময় ছিল। যদিও বর্তমান সরকারের সাম্প্রদায়িক ভেদনীতির কারণে সামাজিক গঠনকাঠামো বিপর্যস্ত হয়ে পড়ে এবং শহরটিতে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়, তবু ওই শহরের কথা ভাবলে আমার অনেক প্রিয় স্মৃতির কথা মনে পড়ে। এখানেই আমি শহরজীবনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে শিখি। এখানে শ্বেতাঙ্গ প্রাধান্যের সব মন্দ দিকের সঙ্গেও আমার প্রত্যক্ষ পরিচয় ঘটে। অনেক সুন্দর সুন্দর দালানকোঠা থাকলেও শহরটি আসলেই ছিল একটি বস্তির মতো। প্রচণ্ড ভিড় আর আবর্জনায় ঠাসা, অপুষ্টির শিকার শিশুরা নোংরা পোশাকে সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছে। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, মাস্তান আর অননুমোদিত পানশালাগুলো—যেন একসঙ্গেই বেশ মানিয়ে নিয়েছিল। জীবনের কোনো মূল্যই ছিল না। রাতগুলো শাসিত হতো বন্দুক আর ছুরির দাপটে। অনুমতিপত্র, সম্প্রদায়গত কর আর মদের সন্ধানে পুলিশ প্রায়ই হামলা চালিয়ে বহু লোককে পাকড়াও করে নিয়ে যেত।

এসব সত্ত্বেও অধিবাসীদের জন্য আলেকজান্দ্রা যেন ছিল বাসস্থানের চেয়েও বেশি কিছু। সারা দেশের সামান্য কয়েকটি জায়গার মধ্যে আলেকজান্দ্রা ছিল একটি, যেখানে আফ্রিকানরা স্বাধীনভাবে সম্পত্তির মালিক হতে পারত, পৌরসভার আইনি নির্যাতন ছাড়াই নিজস্ব কাজকর্ম চালাতে পারত। এটি একাধারে ছিল একটি প্রতীক এবং চ্যালেঞ্জের মতো। প্রাতিষ্ঠানিকভাবেই শহরটি সপ্রমাণ করেছিল যে, আমাদের জনগণের একাংশ গ্রামের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে স্থায়ীভাবে শহরবাসী হয়ে গেছে। আফ্রিকার সব ভাষাগোষ্ঠীর দিক থেকে বিবেচনা করলে এ শহরের জনগণ ছিল রাজনৈতিকভাবে অধিকতর সচেতন, স্পষ্টতরভাবে কথা বলতে সক্ষম এবং সংহতিপরায়ণ মানসিকতাসম্পন্ন—যা শ্বেতাঙ্গদের জন্য ক্রমবর্ধমান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

একটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে শহরাঞ্চলে জঙ্গি শ্রমিকশ্রেণী এবং উন্নয়নশীল ও উচ্চাকাঙ্ক্ষী একটি উঠতি ব্যবসায়ী গোষ্ঠী সাম্প্রদায়িক কুসংস্কারের কারণে হতাশাগ্রস্ত অবস্থায় বাস করছে, সেখান থেকেই আমাদের জনগণের নেতৃত্ব বিকশিত হবে। এ রকম বিভিন্ন বন্ধনে আমাদের মানুষগুলো অ্যালেক্স শহরের সঙ্গে বাঁধা পড়ে আছে। ১৪ বছর আগে, ঠিক আমার গ্রেপ্তারের সময়টাতেই আমি অনুভব করেছিলাম যে, অ্যালেক্স শহরটিই আমার ঘর, যদিও এখানে আমার কোনো বাড়ি নেই। অপরদিকে ওরল্যান্ডো শহরে আমার একটি বাড়ি এবং স্ত্রী-সন্তানেরা বসবাস করলেও ওখানে আমার ঘর নেই।

কারাবন্দী অবস্থায় লেখা আত্মজীবনীর অংশ