অলিভার টাম্বোকে শ্রদ্ধাঞ্জলি
বিশাল যে মানুষটি নিজ সংকল্পের দৃপ্ত পদক্ষেপে সতত এগিয়ে চলছিলেন, তিনি আজ এখানে শায়িত। যিনি আমাদের চেতনার ও স্বাধীনতার দুয়ার খুলে দিয়েছেন, তিনি আজ নিষ্ক্রিয়। যে প্রাণের স্বপ্নে হতাশ হূদয়ে আশা সঞ্চারিত হতো, সেই প্রাণের স্পন্দন আজ থেমে গেছে। যে স্বল্পবাক মানুষটির মৃদু কণ্ঠ অত্যাচারীর সিংহাসনে কাঁপন ধরাত, তিনি আজ নীরব।
হে বিশ্ববাসী! আজ আপনাদের সামনে শেষ শয্যায় শায়িত এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমি এমন এক নাড়ির সংযোগে বাঁধা, যে বন্ধন কোনো দিন ছিন্ন হওয়ার নয়।
আমরা বলি, তিনি লোকান্তরিত হয়েছেন। কিন্তু আমরা বেঁচে থাকতে কি তাঁকে বিদায় জানাতে পারি? যত দিন পর্যন্ত বিশ্বে আমাদের অস্তিত্ব থাকবে, তত দিন কি আমরা বলতে পারব, অলিভার টাম্বো আর নেই।
কেবল শ্বাসপ্রশ্বাসের মধ্যেই তো তিনি জীবিত ছিলেন না, শুধু শিরায় শিরায় রক্তপ্রবাহের মধ্যেও নয়। আমাদের মতো সাধারণ নরনারী যেসব কাজকর্মে জীবন কাটায়, অলিভারের জীবন তাতেই সীমাবদ্ধ ছিল না। আপন অস্তিত্বকে সর্বাংশে মানুষের জন্য উত্সর্গ করেই তিনি বেঁচে ছিলেন। তিনি জীবিত ছিলেন, কারণ তাঁর সত্তাই ছিল ভালোবাসায় পরিপূর্ণ একটি সংকল্প, একটি আশা, একটি আকাঙ্ক্ষা, একটি স্বপ্নময় অন্তর্দৃষ্টির প্রতীক।
যত দিন তিনি জীবিত ছিলেন, আমরা ভাবতেও পারিনি যে, আমাদের চর্মচক্ষুর দেখার বাইরেও তিনি বৈশিষ্ট্যময়। হয়তো আমরা অনুভব করতাম, কিন্তু সে অনুভূতির এমন স্বচ্ছতা ছিল না, যাতে আমরা যথার্থই উপলব্ধি করতে পারি যে, আমাদের আপন পরিবেশেই এমন একজন বাস করতেন, যিনি ছিলেন আমাদের মুকুটমণি।
আমি বলতে চাই, অলিভার টাম্বোর মৃত্যু হয়নি, কারণ যে আদর্শের জন্য তাঁর জীবন উত্সর্গীত ছিল, সে আদর্শ মৃত্যুহীন। আমি বলতে চাই, অলিভার টাম্বো মৃত নন, কারণ স্বাধীনতার আদর্শ, মানুষের মর্যাদা এবং প্রতিটি মানুষের প্রতি বর্ণবিদ্বেষহীন সম্মানবোধের বিনাশ নেই। আমি বলছি, তিনি মৃত্যুহীন, কারণ আমরা অনেকেই রয়ে গেছি তাঁর আত্মার অংশভাগী হয়ে, তাঁর আদর্শের বিজয়ের লক্ষ্যে এক গোপন মন্ত্রণায় যাঁরা একাত্ম হয়েছিলাম। যত দিন আফ্রিকান ন্যাশন্যাল কংগ্রেসের অস্তিত্ব থাকবে, তত দিন অলিভার টাম্বোর মৃত্যু অসম্ভব। যত দিন আমরা তাঁর আদর্শে অবিচল থাকব, তত দিন অলিভার টাম্বোর মৃত্যু হতেই পারে না।
যত দিন দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টিতে তাঁর সহযোগীরা আর দক্ষিণ আফ্রিকার কংগ্রেসের ট্রেড ইউনিয়নগুলো ঘোষিত সাধারণ লক্ষ্যে অবিচল থাকবে, তত দিন অলিভার টাম্বোর মৃত্যু হবে না। যত দিন পর্যন্ত আমাদের লাখ লাখ মানুষ গণতান্ত্রিক সংগঠনে যুক্ত থেকে আমাদের বহুবর্ণিল জোটের রংধনুটির নির্মাণ ও সংরক্ষণ অব্যাহত রাখবে, তত দিন পর্যন্তই অলিভার রেজিন্যাল্ড অমর থাকবেন।
বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা এখানে সমবেত হয়েছি, আমরা সবাই যেভাবে মানবতাবিরোধী অপরাধ বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম; যেভাবে আমরা সুবিচার ও শান্তির পক্ষে সমবেত কণ্ঠে দাবি তুলেছি; শিশুর অধিকার, পুরুষের অধিকার, নারীদের অধিকার, এমনকি বনের পশুদেরও স্বাধীন ও উন্নত জীবনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি—যত দিন আমরা সেই অবস্থানে অবিচল থাকব, তত দিন কেউই অলিভার রেজিন্যাল্ডকে অতীতের দিকে ঠেলে দিতে পারবে না।
আমরা সবাই এমন অনেকের কথা জানি, যাঁরা নির্যাতন প্রতিরোধের সংগ্রামে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা এমন অনেকের কথাও জানি, যাঁরা নিজেরাই নির্যাতনের শিকার হয়েছেন।
আমরা জানি, বিশ্বজুড়েই কালো ও সাদা মানুষেরা—পোল্যান্ড, গ্রিস, ইথিওপিয়া, কিউবা, ব্রাজিল, ইরিত্রিয়াসহ বিশ্বের সব দেশের সব জাতিসত্তাই বর্ণবাদ ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যত দিন এমনটাই অব্যাহত থাকবে, তত দিন অলিভার টাম্বোর বিনাশ নেই। কোনো পুরুষ কিংবা নারী কি দাঁড়িয়ে এমন কথা বলার দুঃসাহস দেখাতে পারেন যে, বিশ্বজুড়ে মানবতার শক্তি টিকে থাকলেও অলিভার রেজিন্যাল্ড টাম্বো থাকবেন না।
আমরা এমন অনেকের কথাই জানি, যাঁরা নির্যাতন প্রতিরোধের সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা এ কথাও জানি, তাঁদের মধ্যেই কিছু মানুষ নিজেরাও নির্যাতনের শিকার হয়েছেন।
আমরা জানি, কালো ও সাদা মানুষদের কথা—পোলিশ, গ্রিক, ইথিওপিয়ান, কিউবান, ব্রাজিলীয় ও ইরিত্রীয়—বিশ্বজোড়া সব জাতিসত্তার মানুষদের কথা, সবাই বর্ণবাদের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছেন। এমন সমবেত ঐক্যের শক্তি যত দিন টিকে থাকবে, তত দিন অলিভার টাম্বোর বিনাশ নেই। কোনো পুরুষ কিংবা নারী কি দুঃসাহসে দাঁড়িয়ে বলতে পারেন যে, মানবতা বেঁচে থাকবে অথচ অলিভার টাম্বোর মৃত্যু ঘটে যাবে।
অত্যাচারীদের গাত্রবর্ণ যেমনই হোক, তাদের আকৃতি বা পোশাক যেমনই হোক না কেন, আজ আসবে, কাল চলে যাবে। কিন্তু তাদের নির্যাতনের শিকার জনগণ টিকে থাকবেই। যেকোনো ব্যবস্থায় নির্যাতনকারীরা যে নামেই পরিচিত হোক না কেন—নািস, উপনিবেশবাদী, বর্ণবাদী, জাতিবিদ্বেষী ইত্যাদি তো তাদেরই বিভিন্ন নাম-পরিচয়—তারা সবাই, হ্যাঁ, ব্যতিক্রমহীনভাবেই সবাই যেমন এসেছিল, তেমনি চলেও গেছে, মানুষের দুঃসহ স্মৃতিতেই শুধু তারা টিকে আছে। নির্যাতন-নিপীড়নের বিরোধী যারা, দক্ষিণ আফ্রিকার অলিভার টাম্বো, ক্রিস হ্যানি, অ্যালবার্ট লুথুলি, ভারতের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী; গ্রেনাডার বিশপ মরিস, জিম্বাবুয়ের হারবার্ট চিতেপো, জেসন ময়ো ও জশিয়া টঙ্গোগারা, মোজাম্বিকের সামোরা ম্যাশেল, সুইডেনের ওল্ফ্ পালমে, আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র, জন এফ কেনেডি ও ম্যালকম এক্স; অ্যাঙ্গোলার অগাস্টিনো নেটো; গিনির আমিলকার কাব্রেল, নাইজেরিয়ার মুর্তালা মোহামেদ; চিলির সালভাদর আয়েন্দে; ঘানার কোয়ামি ন্ক্রুমা, মিসরের গামাল আবদুল নাসের, মো. সোয়ানার সেরেটসি খামা; সোয়াজিল্যান্ডের রাজা দ্বিতীয় সবুজা; সেই সঙ্গে অজানা পিতা-মাতা-পুত্র-কন্যারা, নামহীন সৈনিকেরা, অনামী বীর পুরুষ ও বীর নারীগণ—যাঁদের প্রশংসায় কোথাও কোনো সংগীত নিবেদিত হয়নি—তাঁরা সবাই এখনো আমাদের সঙ্গে কথা বলছেন, কারণ তাঁরা জীবিত।
প্রিয় ভাই, তুমি নিজের জন্যই এমন এক কাজের লক্ষ্য স্থির করেছ, যা কেবল সাহসীরাই করতে পারে। তোমার রহস্যময় অস্তিত্বের গভীরে তুমি এমন এক আহ্বান শুনতে পাও যে, তোমাকে নতুন দক্ষিণ আফ্রিকার জাতিসত্তার বিকাশের জন্য জীবন সমর্পণ করতেই হবে। আর সেই আহ্বান শুনে তুমি দ্বিধাহীনভাবেই সক্রিয় হয়ে উঠেছ।
এটাই তো স্বাভাবিক যে, আমরা সবাই—তোমার স্ত্রী-পুত্র-কন্যারা, আমরা যারা তোমার বন্ধু হিসেবে গৌরববোধ করি, তোমার একান্ত কাছের কমরেডরা—কেউ কখনো জানতেও পারব না, ঠিক কোন কারণটি তোমাকে এমনভাবে উদ্বুদ্ধ করেছিল যে, তুমি ও তোমার সঙ্গে আমরাও মেনে নিয়েছিলাম যে, বিবেক-বিশ্বাস ও সচেতন কর্মপ্রয়াসের সমন্বয়ে ভগ্নদশাপ্রাপ্ত সমাজ ও দুর্দশাগ্রস্ত উত্তরাধিকারের ভেতর থেকেই আমরা একটা নতুন জাতির উদ্ভব ঘটাতে পারব।
সমগ্র মানবতার জানা রয়েছে, শেষ পর্যন্ত আমাদের এক মহান অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে কী করতে হয়েছিল।
অনেকেরই হয়তো অজানা রয়ে গেছে যে, আরোগ্যের লক্ষ্যে ফোঁড়াটিকে আমাদের খোঁচাতেই হয়েছিল। অনেকে এখনো উপলব্ধি করে না যে, দাসসুলভ নীরবতার মাধ্যমে পাওয়া শান্তির পুরস্কারই আমাদের প্রাপ্যের সবটুকু নয়। অনেকে এখনো উপলব্ধি করতে পারে না যে, বিদ্রোহের অধিকারই স্থায়ী স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারে।
আমরা সেই সকল ব্যক্তির কাছেই জবাব চাই, যারা তোমার সমালোচনায় মুখর হয়েছিল, কিন্তু নিজেদের গণতন্ত্রী হিসেবে পরিচিত করারই দুঃসাহস দেখাতে পারেনি।
আমরা জানতে চাই—বর্ণবাদীরা যখন কৃষ্ণাঙ্গদের অস্তিত্বের বিরুদ্ধে হুমকি দেওয়া শুরু করেছিল, তখন কি প্রকৃতপক্ষে জীবনটাই হুমকিতে পড়ে যায়নি, তখন এটাই কি আমাদের একমাত্র করণীয় ছিল না যে, বর্ণবাদের অবসানের লক্ষ্যে সবকিছুই করতে হবে—এমনকি প্রয়োজনমতো অস্ত্রের শক্তি দিয়ে হলেও?
আমরা জানতে চাই—যদি মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করা হয়, বর্ণবাদ যেমনটি করছিল, তখন কি প্রয়োজনীয় ক্ষেত্রে আইনের মাধ্যমে হলেও, অপরাধীদের বিচ্ছিন্নতা ও পৃথক্করণ নিশ্চিত করাই কর্তব্য ছিল না?
আমরা জানতে চাই—যদি এমন একটি সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হয়, যার কেন্দ্রীয় স্তম্ভগুলো বর্ণবাদী ব্যবস্থার মতো জাতিগত নির্যাতন আর শোষণের ওপর প্রতিষ্ঠিত, তখন কি প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে সেই ব্যবস্থাটিকে অকার্যকর করে ফেলা এবং সেই সমাজটিকে শাসনের অযোগ্য প্রতিপন্ন করাই কর্তব্য ছিল না?
আমরা জানতে চাই—যখন ক্ষমতাবান, একগুঁয়ে আর নিষ্ঠুর মানুষেরা নির্যাতিতদের উত্থাপিত যুক্তির প্রতি কান বন্ধ করে রাখে এবং তাদের আবেদন-নিবেদনের উত্তর দিতে বন্দুকের ভাষা প্রয়োগ করে, চাবুক আস্ফাালন করে এবং জেলের চাবিকে সাপের মতো কাজে লাগায়, তখন কি বাধার সব দেয়াল ভেঙে ফেলাটাই সঠিক কাজ নয়?
প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় কমরেড: এমন সব কাজই তুমি করেছ এবং সেই সঙ্গে তোমার নিন্দুকদের প্রতি সহনশীলতা অব্যাহত রেখেছিলে আর শত্রুদের প্রতিও তুমি সুস্থ অবজ্ঞা প্রদর্শন করতে পেরেছ।
আজ আমরা একটি নতুন প্রভাত দেখতে দাঁড়িয়েছি। আমরা উপলব্ধি করছি, তোমার যেমন প্রত্যশা ছিল, মুক্ত, ন্যায়সংগত এবং উন্নয়নশীল দক্ষিণ আফ্রিকা—যে দেশটি হবে অভ্যন্তরীণ ও বিশ্বশান্তির সহায়ক, তার প্রতিষ্ঠার মাধ্যমেই সেই নব প্রভাতের দেখা পাওয়া সম্ভব হবে।
আসুন, যাঁরা শান্তিকে মহামূল্যবান বিবেচনা করেন, আমরা সবাই সমবেত কণ্ঠে বলি, অলিভার টাম্বো দীর্ঘজীবী হোন!
আসুন, যাঁরা স্বাধীনতাকে ভালোবাসেন, আমরা সবাই সমবেত কণ্ঠে বলি, অলিভার টাম্বো দীর্ঘজীবী হোন!
আসুন, যাঁরা সব মানুষের মর্যাদায় আস্থাশীল, আমরা সবাই সমবেত কণ্ঠে বলি, অলিভার টাম্বো দীর্ঘজীবী হোন!
আসুন, যাঁরা সব জনগণের বন্ধুত্বের পক্ষে অবস্থান করেন, আমরা সবাই সমবেত কণ্ঠে বলি, অলিভার টাম্বো দীর্ঘজীবী হোন!
আসুন, আমরা যারা বেঁচে আছি, সবাই সমবেত কণ্ঠে উচ্চারণ করি, যে আদর্শের জন্য অলিভার টাম্বো বেঁচে ছিলেন, ত্যাগ স্বীকার ও মৃত্যুবরণ করেছেন, আমরা বেঁচে থাকতে সে আদর্শের মৃত্যু হতে পারে না!
আসুন, আমরা যারা বেঁচে আছি, সমবেত কণ্ঠে বলি, যত দিন আমরা বেঁচে আছি তত দিন অলিভার টাম্বোর মৃত্যু নেই!
তিনি তাঁর মতো করেই শান্তিতে থাকুন। আমার প্রিয় ভাই, ভালোভাবে যাও, প্রিয় বন্ধু আমার, শুভ বিদায়। তুমি যেভাবে বলে গেছ, সেভাবেই আমরা আমাদের নিগৃহীত মাতৃভূমিতে শান্তি প্রতিষ্ঠা করব। তোমার নির্দেশিত পথেই আমরা অত্যাচারিতের জন্য মুক্তির নিশ্চয়তা দেব আর স্বাধীনতা দেব অত্যাচারীকেও। তোমার প্রচেষ্টা যেমন ছিল, আমরা মানবিক মর্যাদাবঞ্চিত ব্যক্তিদের মর্যাদা দেব। তোমার নির্দেশ অনুসরণ করেই আমরা আমাদের সব সমস্যার সমাধানের লক্ষ্যে শান্তিপূর্ণ উপায় অন্বেষণ করব। তোমার প্রার্থনা যেমন ছিল, আমরাও বিশ্বের হতভাগ্যদের কান্নায় সাড়া দেব। তুমি তাদের যেমন ভালোবাসতে, আমরাও তেমনি ভালোবাসব, সর্বদাই। যারা ছিল তোমার রক্তমাংসের তুল্য, তাদের প্রতি আমরাও সহায়তার হাত বাড়িয়ে দেব।
সব মিলিয়ে শেষ কথা হচ্ছে, তোমার আদর্শকে আমি ব্যর্থ হতে দেব না।
২ মে ১৯৯৩-এ আফ্রিকান ন্যাশন্যাল কংগ্রেসের জাতীয় চেয়ারপারসন অলিভার রেজিন্যাল্ড টাম্বোর অন্ত্যেষ্টিক্রিয়ায় দেওয়া ভাষণ