ঐ মহামানব আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বচনে ও ভাষণে

মুসলিম নবজীবন

যাঁরা গত এক মাসজুড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেছেন, সেই সমাজের সবার প্রতি বুকভরা প্রশংসা নিয়ে আজ আমি এখানে এসেছি। রমজানের ত্যাগ স্বীকারের মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ সাধিত হয়ে থাকে, ব্যক্তিজীবনে শৃঙ্খলা সূচিত হয়, অনাহারী মানুষের কষ্ট উপলব্ধি করা যায় এবং চেতনা নবায়নেরও সুযোগ পাওয়া যায়।

রমজানের ত্যাগ থেকে শাইখ মাতুরার মতো মানুষের বিশালতাও উপলব্ধি করা সম্ভব হয়। আমাদের দেশজুড়ে যখন চরম অন্ধকারের রাজত্ব, তখন রোবেন দ্বীপে বন্দিজীবন কাটানোর সময় আমরা তাঁর দরগাহ থেকে গভীর অনুপ্রেরণা ও আত্মিক শক্তি লাভ করতাম।

সে সময় দরগাহর মাধ্যমে ইসলামের সঙ্গে সংযোগ এবং ইমাম বশিরের পরিভ্রমণকালে কিছুটা আনন্দ উপভোগেরও সুযোগ পাওয়া যেত। আমরা লক্ষ করেছিলাম, যে বন্দী দরগাহ পরিচ্ছন্ন করার দায়িত্বে নিয়োজিত হতো, সে বেশ তাড়াতাড়ি সুপুষ্ট হয়ে উঠত; যদিও সাধারণ বন্দীদের ওজন কমে যেত। পরে অবশ্য আমরা বুঝতে পেরেছিলাম, আসলে দর্শনার্থীদের রেখে যাওয়া বিরিয়ানি আর সমুচা খেয়েই তারা মোটাসোটা হয়ে যেত।

শাইখ মাতুরার মধ্যে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ইসলামের গভীর শিকড় বিস্তারেরও পরিচয় পাওয়া যায়। এমন পরিচয় মেলে তাঁদের মধ্যেও, যাঁদের রাজনৈতিক নির্বাসনে এ অন্তরীপে পাঠানো হয়েছিল বা ক্রীতদাস হিসেবে নিয়ে আসা হয়েছিল। শাইখ ইউসুফের নামটিও প্রথমে উল্লেখ করা যেতে পারে। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ও ইন্দোনেশিয়ার অন্যতম নেতা। তাঁদের অনেককেই চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে ভারত ও জাঞ্জিবার থেকে নাটালের ইক্ষুখামারে কাজ করানোর জন্য আমাদের পূর্ব উপকূলে নিয়ে আসা হয়। তাঁদের আরও অনেকে দক্ষিণ আফ্রিকার ভূদৃশ্যে অমোচনীয় চিহ্ন রেখে গেছেন।

আমাদের দেশ গর্বের সঙ্গেই মুসলমানদের ভাইবোন বলতে পারে, বলতে পারে মুক্তিযোদ্ধা ও নেতা। তাঁরা আমাদের জাতির গভীর শ্রদ্ধাভাজন। সম্মান-তালিকায় রক্ত, ঘাম ও চোখের জলে তাঁরা নিজেদের নাম লিখে গেছেন।

আমরা যখন আজ ঈদের দিনটি উদ্যাপন করছি, রমজানের উপকার অনুভব করছি, আলোচনা করছি কীভাবে ইসলাম আমাদের জাতিকে সমৃদ্ধ করেছে এবং বিনিময়ে কীভাবে আমাদের জাতি মুসলিম জনগোষ্ঠীকে আপন বলে বুকে টেনে নিয়েছে—তখনো এই ভেবে আমরা দুঃখবোধ করি যে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও কুসংস্কারকে কী করে আফ্রিকায় ও অন্যত্র উত্তেজনা ছড়ানোর কাজে লাগানো হচ্ছে। প্রায়ই এভাবে ধর্মের অপব্যবহার করা হলেও এ সত্য অনস্বীকার্য যে, মানুষকে একতাবদ্ধ করা ও অপরের প্রতি সম্মানবোধ সৃষ্টির ব্যাপারে ধর্মের প্রভূত শক্তি রয়েছে। আমার বিশ্বাস, মুসলমানরা নিজেদের অন্তর্গত ঐতিহ্যের শক্তি দিয়ে আফ্রিকায় অধিকতর মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে সুনির্দিষ্ট অবদান রাখতে পারেন।

আবিসিনিয়ার খ্রিষ্টান রাজা নেগাস যখন নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সুরক্ষা দিয়েছিলেন, তখন থেকেই আফ্রিকা ইসলামকে আপন করে নিয়েছে। পারস্পরিক সম্মান ও সহযোগিতার এ উদাহরণ থেকেই উপলব্ধি করা যায়, আমাদের মহাদেশকে নবজীবনে উজ্জীবিত করার ক্ষেত্রে ধর্ম কী ভূমিকা পালন করতে পারে, আধ্যাত্মিক নেতারা কী বিপুল অবদান রাখতে পারেন।

দক্ষিণ আফ্রিকা এখন মুক্ত ও স্বাধীন। আমাদের মহাদেশের অন্যান্য অংশে ইসলামি গোষ্ঠীগুলোর সঙ্গে যে সংযোগ-সম্পর্ক রয়েছে, তা আমাদের দেশেও অবিকৃতভাবে বিকশিত হতে এবং আমাদের জাতিকে সমৃদ্ধ করতে পারে। তাঁরা আফ্রিকায় আমাদের সাধারণ ঐতিহ্যেরই অবিচ্ছেদ্য অংশ।

বর্ণবিদ্বেষের বছরগুলোয় মুসলমানরা আমাদের আহ্বানে নির্যাতনবিরোধী সংগ্রামে যুক্ত হয়েছিলেন। এখানে, এই জোহানেসবার্গ অঞ্চলেই আমরা ‘গোষ্ঠীভিত্তিক আঞ্চলিক আইন’-এর বিরুদ্ধে প্রতিরোধ সংগঠিত হতে দেখেছি, যা আমাদের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।

আন্তর্জাতিক গোষ্ঠীসমূহের সহায়তায় আমরা সংগ্রামে বিজয়ী হয়েছি, আর তা দক্ষিণ আফ্রিকার সবাইকে স্বশাসনের অধিকার দিয়েছে। আমরা এমন সংবিধান কার্যকর করেছি, যেখানে সব ধর্মের সমতা ও পূর্ণ নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে।

আমরা এখন এক নতুন ও কঠিনতর সংগ্রামের মুখে এসে দাঁড়িয়েছি। স্বাধীনতার প্রথম কয়েক বছরে, জাতি হিসেবে আমরা ভালোভাবেই যাত্রা শুরু করতে পেরেছি। তবে আমাদের সব গোষ্ঠীর প্রতেকে জানি যে, আরও বহু কিছুই করার বাকি রয়ে গেছে। এখন সময় এসেছে, আমাদের প্রত্যেককেই নিজেদের প্রশ্ন করতে হবে: আমরা কি আমাদের স্বপ্নের দেশটিকে গড়ে তোলার জন্য সাধ্যমতো সবকিছু করছি, কর্মসৃজন ও উন্নতি অব্যাহত রাখার জন্য সব সুযোগ কি কাজে লাগাতে পারছি? আইন মান্যকারী নাগরিক হিসেবে আমরা কি নিশ্চিত করতে পেরেছি যে, অপরাধীরা আমাদের মধ্যে আশ্রয় পাবে না? যে এলাকায় আমরা বসবাস করি, তার উন্নয়নে আমরা কি সক্রিয় ভূমিকা পালন করছি?

জনগণের ওপর যে বিভেদ-বিরোধ চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি জানি, তার অবসানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুসলিম সংগঠনগুলো নিজেদের মহার্ঘ্য মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। আমাদের ইতিহাসে জাতিবিদ্বেষের সুদীর্ঘ সময়ে সামাজিক সম্পর্কের সূত্রগুলো ছিন্ন হয়ে গিয়েছিল। সেসব ক্ষত সারিয়ে তোলার কাজে নিজেদের উদ্যোগ অব্যাহত রেখেই মুসলিম সংগঠনগুলো সফলতা লাভ করতে পারে।

আমি নিশ্চিত যে, আজকের ঈদ উদ্যাপন ও রমজানের অনুপ্রেরণা আমাদের সেই মূল্যবোধ ফিরে পেতে সহায়তা করবে, আরবি ভাষায় যাকে বলা হয় সুমুদ বা অবিনশ্বর আদর্শিক শক্তি, যা সবার জন্য উন্নততর জীবনের নিশ্চয়তা দেয়, বিশেষভাবে নিশ্চিত করে দরিদ্রদের উন্নয়ন।

আপনাদের হূদয় ও মনের পুনরুজ্জীবনের প্রচেষ্টায় আপনারা সতত স্রষ্টার করুণা উপলব্ধি করুন। আজকের এ ঈদের দিনে আপনারা মানবিক সেবার যে জোরালো আহ্বান জানিয়েছেন, তার জবাব প্রতিফলিত হোক আপনাদের ও অপরাপর সবার ভেতরেই।

আন্তসাংস্কৃতিক ঈদ অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ

প্রেসিডেন্ট পদে অভিষেক

আজ, আমরা সকলে এখানে, দেশের বিভিন্ন স্থানে এবং বিশ্বের নানা জায়গায় সমবেত হয়ে আমাদের স্বাধীনতার গৌরব ও প্রত্যাশা ব্যক্ত করছি। সুদীর্ঘকাল আমরা যে অস্বাভাবিক মানবিক দুর্যোগের পথ পেরিয়ে এসেছি, তার অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই বিশ্বমানবতার জন্য গৌরবময় একটা সমাজ বিকশিত হবে।

দক্ষিণ আফ্রিকার সাধারণ জনগণ হিসেবে আমাদের দৈনন্দিন কাজে দক্ষিণ আফ্রিকার সেই বাস্তব রূপটি প্রতিফলিত হোক, যাতে ন্যায়বিচার সম্পর্কে মানবিক বিশ্বাস শক্তিশালী হতে পারে, মানবিক আত্মার মহামনস্বিতার প্রতি সবার আস্থা দৃঢ়তর হয় এবং সবার গৌরবময় জীবনের জন্য আমাদের প্রত্যাশা স্থায়িত্ব লাভ করে। আমরা নিজেদের কাছে এবং এখানে সমবেত প্রতিনিধিত্বশীল সবার কাছে আজ এই প্রত্যাশাই ব্যক্ত করছি।

আমার সংগ্রামী সহযোদ্ধাদের প্রতি আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি, আমরা প্রত্যেকে এই সুন্দর দেশটির মাটিকে গভীরভাবে আঁকড়ে ধরে আছি—মাটি কামড়ে ধরে যেমনটি বেঁচে আছে প্রিটোরিয়ার বিখ্যাত জ্যাকারান্ডা আর গুল্মময় প্রান্তরজুড়ে সুগন্ধ হলুদ ফুলের মাইমোসা বৃক্ষ। যতবার আমরা দেশের মাটি স্পর্শ করি, ততবারই আমরা ব্যক্তিগতভাবে নবীনতা প্রাপ্ত হই। ঋতুচক্রের সঙ্গে সঙ্গে জাতির মানসিক অবস্থাও বদলে যায়। তৃণরাজি যখন সবুজাভ হয়ে ওঠে এবং ফুল ফোটে, তখন আমরাও আনন্দে উত্ফুল্ল হই।

আমরা প্রত্যেকেই দেশমাতৃকার সঙ্গে আত্মিক ও শারীরিক অবিচ্ছিন্নতা অনুভব করি। এ অনুভূতির মধ্যেই ব্যাখ্যা মেলে—বিশ্বের মানুষ যখন আমাদের দেশটিকে প্রত্যাখ্যান করছিল, অপরাধী বিবেচনা করে নিঃসঙ্গ করে দিচ্ছিল আমাদের—কী দারুণ বেদনা আমরা বহন করেছি। সংক্ষেপে বলা চলে, আমাদের দেশটিকে যেন ধ্বংসাত্মক নীতি এবং জাতিবিদ্বেষ ও জাতিবিদ্বেষী নির্যাতনের বৈশ্বিক ভিত্তি করে তোলা হয়েছিল।

আমরা দক্ষিণ আফ্রিকার জনগণ আজ পরিপূর্ণ হূদয়ে উপলব্ধি করছি যে, বিশ্বমানবতা আমাদের আবার বুকে ঠাঁই দিয়েছে। মাত্র কিছুদিন আগেও আমরা যারা অপরাধী ছিলাম, তারাই আজ এক বিরল সুযোগ পেয়েছি, আমাদের মাটিতে বিশ্বের জাতিগুলোর আতিথ্য করতে পারছি। আমরা আমাদের সম্মানিত প্রত্যেক আন্তর্জাতিক অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ, তাঁরাও এখানে সমবেত হয়ে আমাদের জনগণের সঙ্গে ন্যায়বিচার, শান্তি ও মানবিক মর্যাদার এক অসাধারণ বিজয়ে সমভাগী হয়েছেন। আমরা প্রত্যাশা করি, যখন শান্তি ও উন্নতির পথে নরনারীর বৈষম্যহীন, জাতিবৈষম্যমুক্ত গণতান্ত্রিক বিকাশের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করব, তখনো আপনারা আমাদের পাশে থাকবেন।

আজকের এ অবস্থানে উপনীত হওয়ার সংগ্রামে আমাদের জনগণ এবং তাদের রাজনৈতিক, গণতান্ত্রিক, ধর্মীয়, নারী, যুবসমাজ, ব্যবসায়ী, প্রথাগত ও অপরাপর অংশ যে বিপুল ভূমিকা পালন করেছে—গভীর প্রশংসার সঙ্গে আমি তার উল্লেখ করছি। তাঁদের পাশাপাশি আমার পরবর্তী ব্যক্তি, মাননীয় ডেপুটি প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের অবদানও কম উল্লেখযোগ্য নয়।

সেনাবাহিনী এবং সব স্তরের সেনাসদস্যদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমাদের প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং অন্ধকারের রক্তপিপাসুরা, যারা এখনো আলোতে আসতে রাজি নয়, তাদের কাছ থেকে গণতান্ত্রিক শক্তির ক্ষমতা গ্রহণের কাজেও তাঁরা অপরিসীম সহযোগিতা প্রদান করেছেন।

দুঃখ-দুর্যোগের ক্ষত আরোগ্যের সময় এখন সমাগত। যে গভীর ফাটল আমাদেরকে বিভক্ত করে রেখেছিল, তাতে সেতুবন্ধ স্থাপনের মুহূর্ত এসে গেছে। পুনর্গঠনের সময়টি আমাদেরই হাতে। অবশেষে আমাদের রাজনৈতিক বন্ধনমুক্তি ঘটেছে। আমরা আমাদের জনগণকে দারিদ্র্য, বঞ্চনা, দুর্দশা লৈঙ্গিক এবং অন্যান্য বৈষম্য থেকে মুক্তির অঙ্গীকার করছি।

তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পন্থায় আমরা স্বাধীনতার শেষ পদক্ষেপটি নিতে পেরেছি। আমরা পূর্ণ, ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের লাখ লাখ মানুষের বুকে আশা সঞ্চারের সংগ্রামে আমরা বিজয়ী হয়েছি। এখন আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে, আমরা এমন এক সমাজ গড়ে তুলব, যেখানে দক্ষিণ আফ্রিকার জনগণ—কালো বা সাদা—সবাই নির্ভয়ে মাথা উঁচু করে হাঁটতে পারবে। সবাইকেই অসমর্পণীয় মানবিক মর্যাদার নিশ্চয়তা দেওয়া হবে। আমাদের বহুবর্ণ জাতি নিজেদের মধ্যে এবং বিশ্বে শান্তিতে থাকবে।

জাতীয় ঐক্যের নতুন অন্তর্বর্তী সরকার জাতির পুনর্নবীকরণের অঙ্গীকারের নিদর্শনস্বরূপ, জরুরি ব্যবস্থা হিসেবে, আমাদের জাতির যেসব মানুষ বর্তমানে বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন, তাদের সবার প্রতি ক্ষমা ঘোষণার উদ্যোগ নেওয়া করবে।

এ দেশে এবং বিশ্বের বিভিন্ন স্থানে যত বীর ও বীরাঙ্গনাবৃন্দ আমাদের মুক্তির লক্ষ্যে জীবন দান করেছেন, আজকের দিনটিকে আমরা তাঁদের সবার প্রতি উত্সর্গ করছি। তাঁদের স্বপ্ন সত্য হয়েছে। স্বাধীনতাই তাঁদের পুরস্কার।

দক্ষিণ আফ্রিকার জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, জাতবৈষম্যমুক্ত ও নরনারীর বৈষম্যহীন জাতি গঠনের লক্ষ্যে রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমাদের ওপর দায়িত্ব ন্যস্ত করায় আমরা একই সঙ্গে বিনম্র ও সম্মানিত বোধ করছি। আমরা এখনো উপলব্ধি করি যে, স্বাধীনতার কোনো সহজ পথ নেই। আমরা ভালো করেই জানি যে, আমরা কেউই একাকী কোনো সফলতা অর্জন করতে পারব না। জাতীয় পুনর্মিলন, জাতিগঠন এবং একটা নতুন বিশ্বব্যবস্থা সূচনার লক্ষ্যে আমাদের সবাইকে সম্মিলিত জনগণ হিসেবে কাজ করতে হবে।

সবার জন্য সুবিচার নিশ্চিত হোক। সবার জীবনে নিশ্চিত শান্তি আসুক। সবার জন্যই কাজ, খাদ্য, পানি ও লবণের নিশ্চয়তা দেওয়া সম্ভব হোক। প্রত্যেকে জেনে রাখুন, আপনাদের নিজ নিজ পূর্ণতার লক্ষ্যে প্রত্যেকের দেহ, মন ও আত্মার মুক্তি নিশ্চিত করা হয়েছে। না, আর নয়, আর কখনো আমাদের এ সুন্দর দেশের মানুষ একের দ্বারা অপরে নির্যাতিত হবে না, বিশ্বে নোংরা মানুষ হিসেবে অসম্মানিত হবে না। স্বাধীনতাই শাসন করবে। এমন একটি গৌরবময় অর্জন কখনো আঁধারে হারিয়ে যাবে না।

ঈশ্বর আফ্রিকার কল্যাণ করুন।

প্রেসিডেন্ট পদে অভিষেক অনুষ্ঠানে ভাষণ, ১০ মে ১৯৯৪