যুক্তরাজ্যে বিড়ম্বনা
ম্যান্ডেলা: ব্রিটিশরা বিমানবন্দরে আমার জন্য বেশ দুঃসহ পরিস্থিতির সৃষ্টি করেছিল। না, তারা রূঢ় আচরণ করেনি, আপনি জানেন, তাঁরা খুবই সূক্ষ্ম বুদ্ধির মানুষ।
কাথরাদা: হ্যাঁ।
ম্যান্ডেলা: আমাকে পাসপোর্ট দেখাতে হলো। কিন্তু প্রথমেই, আপনি জানেন, অলিভার (টাম্বো) বললেন, ‘আপনি ওই টেবিলে যান, আমি আরেকটাতে যাচ্ছি। আমরা দুজন দুদিকে গেলাম। টেবিলের লোকটির কাছে পাসপোর্ট দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে খুব নম্রভাবে সম্ভাষণ জানিয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি কেন ইংল্যান্ডে এসেছেন?’ আমি উত্তর দিলাম, ‘আমি লাইব্রেরি, মিউজিয়াম—এসব দেখতে এসেছি। কারণ, আমি একটি বই লিখছি।’ তিনি প্রশ্ন করলেন, ‘কী বই?’ আমি বললাম, ‘ভালো কথা, বইটি লিখছি আফ্রিকায় রাজনৈতিক চিন্তার বিবর্তন নিয়ে।’ তিনি বললেন, ‘ওহ, স্যার, চমত্কার, নামটি চমত্কার। তা আপনি কত দিন থাকতে চান?’ আমি বললাম, ‘মাত্র দুই সপ্তাহ চাই।’ তিনি বললেন, ‘না, স্যার, দুই সপ্তাহের কথা বলবেন না, বলুন এক মাস।’ আমি ভাবলাম, আমার সময়টা এখানে খুবই ভালো কাটবে। বললাম, ‘আমি এক মাসই সময় পেতে চাই।’ তিনি প্রশ্ন করলেন, ‘আপনার কি ফিরতি টিকিট রয়েছে?’
কাথরাদা: অ্যাঁ...
ম্যান্ডেলা: এ কথায় আমি কিছুটা নাড়া খেলাম। বললাম, ‘না, আমার সঙ্গে কিছু টাকাপয়সা আছে।’ আসলে আমার কাছে ২০ র্যান্ডের মতো ছিল। বললাম, ‘আমার কিছু টাকা আছে।’ দেখলাম, আমার হাত পকেটে ঢুকে গেছে। তিনি বললেন, ‘না, না, না, দুশ্চিন্তা করবেন না।’ কারণ, তিনি জানতেন আমার কাছে টাকা আছে, তবে তিনি সেটা (দেখতে) চাননি। তারা খুবই বিচক্ষণ।
কাথরাদা: হ্যাঁ।
ম্যান্ডেলা: ‘না, না, না, না, অমন করবেন না।’ আর তখন, আমার সঙ্গে কথা বলতে বলতেই তিনি অন্য কাউন্টারের লোকটির দিকে ইশারা করে অলিভারকে দেখিয়ে বলছিলেন, ‘আপনি দেখছেন?’ অন্য কথায় যার অর্থ দাঁড়ায়, ‘এই লোকটি...কালো তালিকাভুক্ত।’
কাথরাদা: আহ্।
ম্যান্ডেলা: ওই লোকটি এই লোকটিকে ইশারায় সতর্ক করে দিচ্ছিল। তবে এবার উঠে এসে খুব নম্রভাবে প্রশ্ন করল, ‘বেশ গোলমেলে ব্যাপার, আপনি জানেন?’
কাথরাদা: আহ্।
ম্যান্ডেলা: শেষ পর্যন্ত তিনি বললেন, ‘আমি আপনাকে অমুক ফরমটা দিচ্ছি...যেন আপনি এক মাস থাকতে পারেন।’ কার পর তিনি আমাকে শুভেচ্ছা জানালেন। এর মধ্যেই তারা কী করতে পারে চিন্তা করছিল...জেনে গিয়েছিল যে, আমরা মুক্তিযোদ্ধা। কিন্তু (ইংল্যান্ডে) আমার সময়টা বেশ সুন্দর কেটেছিল। আমি ব্রিটিশ রাজনীতিকদের সঙ্গে দেখাসাক্ষাত্ করেছি। তাঁরা আমাকে ভালোভাবেই স্বাগত জানিয়েছিলেন। আমি লেবার পার্টির ডেনিস হিলির২২ আর...হিউ গেইটস্কেলের২৩ সঙ্গে দেখা করেছিলাম। তাঁরা চেয়েছিলেন, আমি যেন প্রধানমন্ত্রী ম্যাকমিলানের২৪ সঙ্গে দেখা করি। কিন্তু আমরা আসলেই বোকা ছিলাম। আমাদের সময়ও ছিল খুবই কম, আমরা ডেভিড অ্যাস্টর, অ্যান্টনি (স্যাম্পসন)২৫ প্রমুখ ব্যক্তির সঙ্গে সাক্ষাত্ করা নিয়েই ব্যস্ত ছিলাম।
কাথরাদা: স্যাম্পসন...
ম্যান্ডেলা: স্যাম্পসন এবং আরও অনেকে...
কাথরাদা: আপনি তো অ্যাস্টরের সঙ্গে থাকেননি, থেকেছিলেন কি?
ম্যান্ডেলা: না, না, আমি শুধু অলিভারের সঙ্গেই থেকেছি, হ্যাঁ।
কাথরাদা: আহ্।
ম্যান্ডেলা: ইংল্যান্ডে থাকাটা অবশ্যই উত্তেজনাকর ছিল...এবং একসময়ের রাজধানী...শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের। আমি খুবই উপভোগ করেছিলাম, তাদের বইয়ের দোকানে যাওয়া...গেরিলা যুদ্ধকৌশল সম্পর্কে লেখালেখিও সংগ্রহ করতে পেরেছি।
আহমেদ কাথরাদার সঙ্গে আলাপচারিতা
সমতার আদর্শ
আফ্রিকার জনগণের সংগ্রামে আমি আমার পুরো জীবনে উত্সর্গ করে এসেছি। আমি যুদ্ধ করেছি শ্বেতাঙ্গ প্রাধান্যের বিরুদ্ধে. আমি যুদ্ধ করেছি কৃষ্ণাঙ্গ প্রাধান্যের বিরুদ্ধেও। আমি এমন এক গণতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শ লালন করছি, যেখানে সব মানুষই শান্তিতে বাস করবে, সমান সুযোগ পাবে। এটা এমন এক আদর্শ, যার জন্য আমি বাঁচব, এবং আশা করি অর্জনও করতে পারব। এটা এমন এক আদর্শ—যদি প্রয়োজন দেখা দেয়—এর জন্য আমি জীবন দিতেও প্রস্তুত রয়েছি।
রিভোনিয়া আদালতে বিচারাধীন অবস্থায় ২০ এপ্রিল ১৯৬৪-তে দেওয়া ভাষণ থেকে
মৃত্যুদণ্ডের মুখে
ম্যান্ডেলা: এখন বলতে পারি, আমি ভীত হইনি। কিন্তু আমরা ভাবছিলাম যে, মৃত্যুদণ্ডই হতে পারে। প্রকৃতপক্ষে, দণ্ডাদেশ ঘোষণার আগে, সকালবেলায়, আগেই বিচারক আমাদের দোষী সাব্যস্ত করেছিলেন। তাঁকে কিছুটা নার্ভাস লাগছিল। আমরা বলাবলি করছিলাম, স্পষ্টই বোঝা যাচ্ছে, তিনি মৃত্যুদণ্ডই ঘোষণা করতে যাচ্ছেন...
কাথরাদা: আহ্।
ম্যান্ডেলা: ধারণা করেছিলাম, মৃত্যুদণ্ডই পাব, আর সে ধারণার কাছেই আমরা আত্মসমর্পণ করেছিলাম। তবে এটা অবশ্যই একটা ভয়ংকর অভিজ্ঞতা যে, কোনো এক ব্যক্তি আপনার দিকে ঘুরে দাঁড়িয়ে বলবে, ‘এখানেই আপনার জীবনের ইতি।’ এটা যথার্থই উদ্বেগের বিষয় ছিল। তবে এ কথাও সত্য যে, আমরা এমন অবশ্যম্ভাবী পরিণতির চিন্তা থেকে যেন নিজেদের লুকিয়েই রাখতে চেয়েছিলাম, খুবই করুণ অবস্থা।
কাথরাদা: আহ্।
ম্যান্ডেলা: আর আমি তো সাহসী সঙ্গীদের সঙ্গেই ছিলাম, তাঁদের আমার নিজের চেয়ে বেশি সাহসী মনে হচ্ছিল। এ কথাটি আমি লিপিবদ্ধ করে রাখতে চাই।
আহমেদ কাথরাদার সঙ্গে আলাপচারিতা
গান যখন নিষিদ্ধ
স্টেঙ্গেল: গান গাওয়া কি নিষিদ্ধ ছিল?
ম্যান্ডেলা: হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে তা-ই ছিল। কারাগারের যেকোনো অংশে গান করা, বিশেষত, আপনি যখন কাজ করছেন।...তারা আমাদের কোয়ারিতে চুনাপাথর তুলতে নিয়ে গিয়েছিল। কাজটি আসলেই কঠিন, ভারী কুড়ালের মতো হাতিয়ার ব্যবহার করতে হয়। পাথুরে স্তরে স্তরে চুনাপাথর সাজানো থাকে। একটা পাথরের স্তর হয়তো পাওয়া গেল...তখন চুনাপাথরের জন্য সেই স্তরটা ভাঙতে হবে।...তারা আমাদের ওই কাজেই পাঠিয়েছিল।...দেখাতে চেয়েছিল, কারাবাসের ব্যাপারটা সহজ কিছু নয়, বনভোজন নয়। নিশ্চিতভাবেই কেউ আবার জেলে আসতে চাইবে না। আমাদের মনোবল ভেঙে ফেলাটাই তাদের উদ্দেশ্য ছিল। তাই আমরা কী করলাম, কাজ করতে করতে স্বাধীনতার গান গাইতে শুরু করলাম। কাজের মাঝেই প্রত্যেকে উদ্দীপ্ত হয়ে উঠেছিল...মনোবল চাঙা...অনেকে গানের তালে তালে নাচতেও শুরু করেছিল।
কর্তৃপক্ষ তখন বুঝতে পারল, এই লোকগুলো আসলেই রণমুখী, মনোবলও যথেষ্ট উঁচু। তখন তারা বলল, ‘কাজ করতে করতে গান করা চলবে না।’ সুতরাং কাজের রূঢ় দিকটা আপনাকে টের পেতেই হবে।...তাদের শৃঙ্খলাবিধিতেও একটা আইনে গান করা নিষিদ্ধ ছিল, (এবং) তারা সে আইনটাই প্রয়োগ করেছিল। তখনকার মতো আমরা তাদের কথা মেনে নিয়েছিলাম...যখন আমরা নিজেদের কারাকক্ষে ফিরতাম, বিশেষ করে, বড়দিন ও নববর্ষে আমার মিলেমিশে গান গাইতাম। আস্তে আস্তে তারাও ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
একাকিত্বের ভার
কারাগারে২৬ একাকিত্ব খুবই দুর্বহ।...তাই তারা কী করল, আমাকে সাধারণ কোনো শাস্তি না দিয়ে, আমাকে কোনো বেলা খাদ্যবঞ্চিত না করে, একাকী করে দিয়েছিল। তারা এটাও নিশ্চিত করেছিল যে, আমি যেন অন্য কোনো বন্দীর মুখও দেখতে না পাই। আমি কেবল একজন কারারক্ষীকেই দেখতে পেতাম, সে-ই আমার খাবারও নিয়ে আসত। অন্য বন্দীরা লকআপে চলে যাওয়ার পর, প্রতিদিন সকালে-বিকেলে ৩০ মিনিট করে দুবার আমাকে বাইরে যেতে দেওয়া হতো।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
কারাগারে অতিথি
(কারাগারে দেখা-সাক্ষাতের সুযোগ মিলত) প্রথম দিকে ৩০ মিনিট। ৩০ মিনিট সাক্ষাতের সুযোগের জন্য ছয় মাস অপেক্ষা করে থাকতে হতো। পরে অবশ্য তারা ৩০ মিনিটের সময়টুকু বাড়িয়ে এক ঘণ্টা করেছিল। তবে বলা হতো, ৩০ মিনিট পাওয়াটা আপনার অধিকার, বাড়তি ৩০ মিনিট হচ্ছে কর্তৃপক্ষের অনুগ্রহ। ইচ্ছা করলেই তারা সেটা বাতিল করে দিতে পারে।
একটা উদাহরণ দিচ্ছি, আমাদের জন্য যখন এক ঘণ্টার সাক্ষাতের সময় বরাদ্দ ছিল, তখন আমাদের আগেই জানিয়ে দেওয়া হতো, কে সাক্ষাত্ করতে এসেছেন। কিন্তু একদিন তারা কেবল বলল যে, ‘আপনার একজন সাক্ষাত্কারী এসেছেন।’ আমি জিজ্ঞেস করলাম, ‘কে?’ তারা বলল, ‘না, সেটা আমাদের জানা নেই।’ তখন আমি বললাম, ‘তাহলে কমান্ডিং অফিসারকে আসতে বলুন। আমি কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলতে চাই।’ কমান্ডিং অফিসার এলে আমি বললাম, ‘আমার একজন সাক্ষাত্কারী এসেছেন। আমি কারারক্ষীদের কাছে তাঁর পরিচয় জানতে চাইলাম। কিন্তু তারা বলল, তারা জানে না।’ কমান্ডিং অফিসার বললেন, ‘ভালো কথা, আমি খোঁজ করে দেখব, কে আপনার সাক্ষাত্প্রার্থী।’ কিন্তু তিনি আর ফিরে এলেন না।
আমাকে এ সম্পর্কে কিছু না জানিয়েই ভিজিটিং কক্ষে নিয়ে যাওয়া হলো। হঠাত্ অধ্যাপক ফাতিমা মির এসে সেখানে ঢুকলেন। তাঁর কারণেই তারা আমাকে সাক্ষাত্প্রার্থীর পরিচয় জানাতে চায়নি। কারণ, ফাতিমা মির ছিলেন কালো তালিকাভুক্ত। আমাকে তাঁর পরিচয় না জানালেও তারা বাধ্য হয়ে তাঁকে আমার সঙ্গে সাক্ষাত্ করতে দিয়েছিল। তাই তখন আমি ভেবেছিলাম, সাক্ষাতের জন্য এক ঘণ্টা সময় পাওয়া যাবে। অথচ ৩০ মিনিট পরেই তারা বলল, ‘আর নয়, সময় শেষ।’ আমি বললাম, ‘কিন্তু আপনাদের তো আমাকে এক ঘণ্টা সময় দেওয়ার কথা।’ তিনি বললেন, ‘না, আপনার জন্য ৩০ মিনিটই বরাদ্দ রয়েছে। বাকি ৩০ মিনিট আমাদের ইচ্ছার ওপর। সাক্ষাতের সময় শেষ।’
অপ্রত্যাশিত হলেও তারা উপযুক্ত কাজই করেছিল। প্রথম দিকে এমন অবস্থাই ছিল। কিন্তু...ওই এক ঘণ্টার সময় তারা অব্যাহতই রেখেছিল, কখনো এর চেয়ে বাড়তি সময় দেয়নি। আমাকে ভিক্টর ভারস্টারে২৭ নিয়ে রাখার আগ পর্যন্ত এর কোনো পরিবর্তন হয়নি।...সেখানে অবস্থাটা ছিল বন্দী আর মুক্ত মানুষের মাঝামাঝি। আমাকে একটি কটেজে রাখা হয়েছিল। আমি একা থাকতাম। সেখানে দরজা তালাবদ্ধ করা হতো না। ইচ্ছা করলে আমি মধ্যরাত পর্যন্তও বাইরে থাকতে পারতাম। আমাকে একজন কারারক্ষীও বরাদ্দ করা হয়েছিল। সে আমার জন্য খাবার রান্না করত।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা