হিংসা-অহিংসার দোটানা
ম্যান্ডেলা: এমন একটা পর্যায় আসে যখন কর্তৃত্বশীল মানুষকে এগিয়ে যেতে হয়...জনগণের কাছে সংগঠনের সংকল্পের কথা জানাতে হয়ে। কারণ, অন্যথায় জনগণ বেশ বাকপটু হয়ে ওঠে। কারও একটি ধারণা আছে, সংকল্প আছে, আর সে ভাবছে যে, তার ধারণাটা সঠিক; আর সে জনগণের সঙ্গে কাজ করছে, সে জানে কাদের শক্তি বেশি, কারা তথ্যাদি জোগাড় করতে পারে, কারা পদ্ধতিগতভাবে সঠিক পথে চলতে পারে ইত্যাদি—তারাই সবাইকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং তার যদি কিছু করতে হয় এবং সে যদি নিশ্চিত হয় যে এটাই ঠিক কাজ, তাহলে পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েও তাকে সেটা করতে হবে। এটা উচ্ছৃঙ্খল হওয়ার কথা নয়। তাকে সম্ভাব্য সুযোগ বেছে নিতেই হবে এবং নিশ্চিত হতেই হবে যে, ইতিহাস তার পক্ষেই থাকবে।
স্টেঙ্গেল: আমি এমকে১৭ নামে সংগঠনটির প্রতিষ্ঠাসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে চাই। ‘রিভোনিয়া ট্রায়াল’-এর সময় আপনি এ বিষয়ে সাধারণভাবে আলোচনা করেছেন। শেষদিকে আপনি বলেছিলেন, ১৯৬০ সালের শেষার্ধে আপনি কয়েকজন সহকর্মীসহ এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, সন্ত্রাসী ব্যবস্থাই অনিবার্য হয়ে উঠছে। সমগ্র প্রক্রিয়াটি কী করে ঘটেছিল? আপনি কি প্রথমে গোপনে কিছু লোকের সঙ্গে কথা বলেছিলেন, পরে কার্যকরী পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? পর্যায়ক্রমিকভাবে কি সিদ্ধান্তটি প্রস্তুত করা হয়েছিল?
ম্যান্ডেলা: না, প্রকৃতপক্ষে যা ঘটেছিল, তা হচ্ছে আমি প্রথমেই এ বিষয়ে কমরেড ওয়াল্টারের সঙ্গে আলোচনা করেছিলাম। কারণ, কমরেড ওয়াল্টার ১৯৫৩ সালে যখন বিদেশে যাচ্ছিলেন, তখন আমি তাঁকে বলেছিলাম, ‘আপনি যখন গণপ্রজাতন্ত্রী চীনে পৌঁছাবেন, তখন তাঁদের অবশ্যই বলবেন যে, আমরা একটা সশস্ত্র সংগ্রাম শুরু করতে চলেছি। এ জন্য আমরা অস্ত্রশস্ত্র পেতে চাই।’ তারপর আমি সোফিয়া টাউনে এ ধরনের একটি বক্তৃতা করেছিলাম। সে কারণে আমাকে অনেক টানাহেঁচড়া সইতে হয়েছিল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে, আমাদের জন্য সেটাই সঠিক কৌশল।১৮ পরে আত্মগোপনকালে আবার কমরেড ওয়াল্টারের সঙ্গে আলোচনা করেই আমরা বিষয়টি কার্যকরী পর্ষদের সভায় তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিষয়টি আমরা কার্যকরী পর্ষদের সভায় উপস্থাপন করেছিলাম, কিন্তু বেশ তাচ্ছিল্যের সঙ্গেই তা বাতিল করে দেওয়া হয়। কারণ, দলের সম্পাদক, কার্যকরী পর্ষদ এবং জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য (মোজেস) কোটানে১৯—যুক্তি দেখালেন যে, তখনো সময় আসেনি, ‘সরকারের অনুসৃত প্রবল ব্যবস্থাদির মুখে পুরোনো পন্থায় আপনি আন্দোলন চালিয়ে যেতে পারছেন না। বিদ্যমান অসুবিধাগুলো আপনাকে অবশ করে ফেলেছে এবং আপনি এখন একটি বিপ্লবী ভাষায় কথা বলছেন, সশস্ত্র সংগ্রামের কথা বলছেন। যদি আমরা কল্পনাপ্রবণ এবং সেই সঙ্গে যথেষ্ট সংকল্পবদ্ধ হতে পারি, তাহলে এখনো আমাদের অনুসৃত পুরোনো নিয়মে কাজ করার সুযোগ শেষ হয়ে যায়নি। আপনি শত্রুর হাতে ধ্বংস হওয়ার জন্যই যেন, জনগণকে সামনে ঠেলে দিতে চাইছেন। বিষয়টি সম্পর্কে আপনি ভালো করে চিন্তাভাবনাও করেননি।’ সুতরাং এভাবেই তিনি আমাকে খারিজ করে দিলেন, তিনি খুব দ্রুত কথা বলছিলেন আর সবাই তাঁকেই সমর্থন করেছিল।
এ বিষয়ে আমি পরবর্তী সময়ে ওয়াল্টারের সঙ্গে আরও আলোচনা করেছিলাম...বিরোধিতা এতই প্রবল ছিল যে, ওয়াল্টার সাহস করে কোনো কথাই বলতে পারেনি। কিন্তু ওয়াল্টার গভীর কূটনৈতিক মানসিকতার অধিকারী ছিলেন। যৌথ সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারেও তিনি খুবই বিশ্বাসযোগ্য ছিলেন। তাই আমরা সমগ্র বিষয়টি পর্যালোচনা করেছিলাম। তিনি বললেন, ‘না, মোজেস কোটানেকে একাকী আলোচনায় ডাকুন, তাঁর সঙ্গে আলোচনা করুন। তিনি যাতে আপনার সঙ্গে আলোচনা করতে আসেন, সে ব্যবস্থা আমিই করব।’ কারণ, আমি তখন আত্মগোপন অবস্থায় ছিলাম।
তিনি এসেছিলেন এবং সারা দিন আমরা একসঙ্গে কাটিয়েছিলাম। এবার আমি খুবই অকপট আচরণ করেছিলাম। বলেছিলাম, ‘সংক্ষেপে বলা চলে, কিউবাতে কমিউনিস্ট পার্টি যা করেছিল, আপনি তেমনটিই করছেন। তারা বলেছিল, বিপ্লবের পরিস্থিতি এখনো আসেনি। পুরোনো পদ্ধতি অনুসারে, আপনি লক্ষ করুন, স্তালিন যেমনটি বলেছিলেন, বিপ্লবের পরিস্থিতি সম্পর্কে কীভাবে নিশ্চিত হওয়া যেতে পারে, লেনিন ও স্তালিনের অভিমত অনুসরণ করেই সেটা সম্ভব হতে পারে। এখানে আমাদের নিজেদের পরিস্থিতি অনুসারেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে বিপ্লবের, সশস্ত্র সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণের সময় হয়ে গেছে, কারণ, সহিংস সংগ্রামের লক্ষ্যে জনসাধারণ ইতিমধ্যেই মিলিটারি ইউনিট গঠন করতে শুরু করেছে। আমরা সে রকম কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও জনগণ নিজস্ব উদ্যোগেই এগিয়ে যেতে থাকবে। তাদের সংগতি নেই, অভিজ্ঞতাও নেই, এমনকি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাদের কোনো রাজনৈতিক সংগঠনও নেই। এ ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করার মতো একমাত্র সংগঠন হচ্ছে এএনসি। ব্যাপক জনগণের ওপর সংগঠনটির প্রভাবও রয়েছে। সৃজনশীল চিন্তার মাধ্যমে আপনার মনোভাব অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা যখন আইনসম্মত পথে সংগ্রাম করছিলাম, আপনার মনোভাব এখনো সেখানেই স্থির হয়ে রয়েছে। আমরা যে বেআইনি পথে চলছি, তার নেতৃত্ব প্রদানের কথা আপনি আদৌ ভাবছেন না।’ তাঁকে চ্যালেঞ্জ করার জন্য আমাকে এভাবে কিছুটা কাঠখোট্টা হতে হয়েছিল। আমি তাঁকে চ্যালেঞ্জ করতে পেরেছিলাম। তাই তিনি বলেছিলেন, ‘ভালো কথা, আমি এখনি কোনো নিশ্চয়তা দিতে পারছি না, তবে আপনার প্রস্তাবটি আবার উপস্থাপন করতে পারেন।’
আমি (পরের সভায়) আবার প্রস্তাবটি তুলেছিলাম এবং তিনি বলেছিলেন, ‘আমি এখনো এ বিষয়ে নিশ্চিত নই, তবে আমরা তাঁকে (ম্যান্ডেলা) একটা সুযোগ দিতে পারি। তাঁকে আমাদের সমর্থনসহ প্রস্তাবটি নির্বাহীদের বিবেচনার জন্য উপস্থাপন করতে হবে।’ সুতরাং আমরা বেরিয়ে পড়লাম এবং সবাই সম্মত হয়েছিলেন। আমরা ডারবানে গিয়ে এএনসির জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দিয়েছিলাম। তখন চিফ (অ্যালবার্ট লুথুলি), ইয়েংগোয়া২০ প্রমুখ তীব্র বিরোধিতা করেছিলেন।
চিফের এ অবস্থান আমাদের অজানা ছিল না, কারণ তিনি নীতি হিসেবে অহিংসায় বিশ্বাস করেন, আমরা করি কৌশল হিসেবে। যদিও এ কথা আদালতে দাঁড়িয়ে বলা সম্ভব ছিল না। আদালতে দেশদ্রোহের মামলার সময় দাঁড়িয়ে বলেছিলাম, আমরাও অহিংসার নীতিতে আস্থাশীল। কারণ, যদি বলতাম যে, কৌশল হিসেবেই আমরা অহিংসায় বিশ্বাসী, তাহলে রাজা ও রাষ্ট্র আমাদের অবস্থানের একটা ছিদ্র পেয়ে যেত। যখন-তখন তারা বলতে পারত যে, সুবিধাজনক ভাবলে আমরা হিংসার পথেও চলি। প্রকৃতপক্ষে আমরা তো তেমনই করছিলাম। সুতরাং আমরা সেটি এড়িয়ে গিয়েছিলাম। আর তা মাত্র ওই একটি কারণে।
সর্বদা শুধু কৌশল হিসেবেই আমরা অহিংসায় বিশ্বাস করতাম। পরিস্থিতি যেখানে অহিংসার পথ অনুসরণের দাবি রাখত, আমরা সেখানে তা-ই করতাম। আবার যে ক্ষেত্রে অহিংসা বর্জনের প্রয়োজন হতো, আমরা তাই করতাম। সুতরাং আমরা জানতাম, চিফ আমাদের বিরোধিতাই করবেন, তিনি ভালোভাবেই তা করেছিলেন, কিন্তু আমরা তাঁকে সম্মত করার চেষ্টা অব্যাহত রেখেছিলাম...।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
উমখন্তো উই সিজউয়ে
তাঁরা বললেন, ‘ভালো কথা, আপনি একটা প্রস্তাব প্রণয়ন করেছেন। আমরা এখন আপনার ওপরই কর্তৃত্ব দিচ্ছি। আমরা আপনাকে অনুমতি দিচ্ছি। হ্যাঁ, ম্যান্ডেলা, আপনি এখন শুরু করতে পারেন...আপনি অন্যদের সঙ্গেও যোগাযোগ ও সহযোগিতা করতে পারেন। কিন্তু আমরা, এএনসির পক্ষ থেকে অহিংস নীতিই অনুসরণ করতে চাই। আর এ সিদ্ধান্তটি কেবল জাতীয় সম্মেলনের মাধ্যমেই পরিবর্তন করা যেতে পারে। আমরা এএনসির পুরোনো নীতিতেই অবিচল থাকব।’
এটা কার্যত একটি ভালো সিদ্ধান্ত বলে প্রতিপন্ন হয়েছিল। আমরা যখন আদালতে হাজির হলাম আর রাষ্ট্রপক্ষ যখন সিদ্ধান্ত পরীক্ষা করল, তখন দেখা গেল যে, তারা মামলাটির সমর্থনসূচক কিছুই বলেনি। কারণ, এখানে এএনসিই ছিল সিদ্ধান্ত গ্রহণের মূল অধিকারী। চিফ লুথুলি, মোজেস কোটানে, দক্ষিণ আফ্রিকার ভারতীয় কংগ্রেসের সভাপতি ডা. মন্টি নাইকারের২১ মতো ব্যক্তিরা সবাই বলেছিলেন, ‘আমরা হিংসার পথে যেতে চাই না।’ আমার উপস্থাপিত যুক্তি খণ্ডন করতে না পারায় তাঁরা বললেন, ‘তুমি গিয়ে সংগঠনটি শুরু করতে পারো, আমরা তোমার ওপর শৃঙ্খলা আরোপ করতে চাই না। কারণ, আমরা জানি, কেমন পরিস্থিতিতে তুমি এমন একটি লাইন বেছে নিয়েছ। কিন্তু তুমি আমাদের জড়াবে না, আমরা অহিংসার নীতিটাকেই অব্যাহত রাখতে চাই।’
রাষ্ট্র দেখল, এসব সিদ্ধান্তে (যা আমাদের সিদ্ধান্ত বলেই প্রতিপন্ন হয়েছিল) কোথাও তাঁদের হাত নেই। আমরা বিবাদীপক্ষ, এ দলিলটাই দেখিয়ে বলেছিলাম, ‘আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি এটুকুই সমর্থন’ মিলেছে। সুতরাং, আপনি লক্ষ করবেন, ‘উমখন্তো উই সিজউয়ে’-এর ক্ষেত্রে এমনই ঘটেছিল।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
হাইলে সেলাসি
(ইথিওপিয়ার বাদশাহ হাইলে সেলাসি) ছিলেন খুবই চিত্তাকর্ষক ব্যক্তি। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাত্—সেটাই ছিল আমার প্রথম।...আনুষ্ঠানিকতাগুলো ছিল গতিশীল। তিনি উর্দি পরা ছিলেন। এসেই আনত হয়ে আমাকে অভিবাদন করলেন। কিন্তু ব্যাপারটা আনত আনত হওয়ার মতো ছিল না। তিনি সোজা দাঁড়িয়ে কেবল মাথা ঝুঁকিয়েছিলেন। তারপর তিনি আসন গ্রহণ করে আমাদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। তিনি কথা বলছিলেন আমহারিক ভাষায়। সম্মেলনের শেষে তিনি আমাদের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যের সঙ্গে এক এক করে মিলিত হলেন।...
কমরেড অলিভার টাম্বো প্রতিনিধিদলের পক্ষ থেকে বাদশাহর উদ্দেশে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করলেন। দক্ষিণ আফ্রিকায় কী ঘটছে, আমি খুব সংক্ষেপে উল্লেখ করলাম।...তিনি তাঁর চেয়ারে মূর্তিবত্ বসে বসে আমার কথা শুনছিলেন। মাথাও নাড়ছিলেন না—একেবারে অনড় মূর্তির মতো।...
পরে একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় আমি আবার তাঁর সঙ্গে মিলিত হয়েছিলাম। এবারের অভিজ্ঞতাও খুব হূদয়গ্রাহী ছিল। তারপর তিনি সম্মাননা বিতরণ করলেন। সেনাদের মধ্যে যারা ডিগ্রি পেয়েছিল, প্রত্যেকে একটা করে সনদ পেল।...খুবই চমত্কার ছিল অনুষ্ঠানটি...তিনিও ছিলেন একজন মর্যাদাবান ব্যক্তি...পদকও দিলেন। মার্কিন সামরিক উপদেষ্টারাও সেখানে উপস্থিত ছিলেন...আরও অনেক দেশের সামরিক উপদেষ্টারাও ছিলেন...তিনি তাঁদেরও পদক দিলেন। কিন্তু সাদা মানুষেরা গিয়ে কৃষ্ণাঙ্গ বাদশাহকে অভিবাদন জানিয়ে পদক নিচ্ছেন—এই দৃশ্যটাও খুব কৌতূহলোদ্দীপক ছিল।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
প্রশিক্ষণে দক্ষতা
আমি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছি অজুদাতে, কিন্তু দক্ষতা অর্জন করেছি ইথিওপিয়ায়। সেখানে আমি দুই মাস ছিলাম। সেখানে আমাকে শেখানো হয়েছিল, কী করে বিভিন্ন বন্দুক দিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়—বিভিন্ন দূরত্ব, স্থির বা সচল লক্ষ্যবস্তু ইত্যাদি। তারা লক্ষ্যবস্তু নিয়ে আসত, সেগুলো অদৃশ্য হয়ে যেত, আবার দেখা যেত, আবার অদৃশ্য। লক্ষ্যবস্তুটা দৌড়াত। তাতেই আঘাত হানতে হতো। ইথিওপিয়াতেই এসব দক্ষতা অর্জন করা সম্ভব হয়েছে। তারপর খুবই শ্রমসাধ্য মার্চ করা, একটা খুব ভারী ব্যাগ কোমরে বাঁধা থাকত, তাতে অসংখ্য বুলেট। পিঠে বাঁধা মোটা কাপড়ের ভারী ব্যাগ, তাতে অনেক রকমের মালপত্র বোঝাই থাকত, সঙ্গে একটা পানির বোতল, বন্দুক ইত্যাদি। সবকিছু নিয়েই পাহাড়ের ওপর হাঁটতে হতো। কিছুটা পরিশ্রমের কাজ বৈকি।
আহমেদ কাথরাদার সঙ্গে আলাপচারিতা
মানুষের জন্য
ক্যাপ্টেন লারবি এমন অবস্থা তৈরি করেছিল, ভদ্রলোকদের অবশ্যই বুঝতে হবে যে, জনগণের বিভিন্ন অংশ—তারা যত দরিদ্র আর অশিক্ষিতই হোক না কেন—তারাই দেশের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ। সব ধরনের কাজকর্মেই বুদ্ধিজীবী ও সাধারণ জনগণের—কৃষক, শ্রমিক, শহরের মজুরদের—মিলিত অংশগ্রহণ থাকতেই হবে।
...জনগণকেও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে উপলব্ধি করতে হবে। ধর্মঘটের ধরন, বয়কট ও অনুরূপ বিক্ষোভ প্রদর্শনের ব্যাপারগুলো প্রকৃতপক্ষেই অকার্যকর হয়ে কেবল নিজেদের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছে। যেকোনো কার্যক্রম প্রাথমিক এবং ক্রিয়াত্মক রাজনীতির দিক থেকে অত্যাবশ্যক হলেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে।
সেনাবাহিনী সংগঠনের জন্য এবং তার প্রতি জনসমর্থন আকর্ষণের জন্য রাজনৈতিক সচেতনতা অপরিহার্য বলে বাস্তব বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন নারী হয়তো রাজনৈতিক চেতনার দিক থেকে খুব উন্নত নন, কিন্তু তিনিও পুরুষ বন্ধু, স্বামী বা পুত্র সেনাবাহিনীতে থাকলে বিপ্লবের ক্ষেত্রে প্রভূত অবদান রাখতে পারেন। গ্রামে দৃশ্যমান ব্যক্তিগত উদ্যোগগুলোকেও অবশ্যই উত্সাহিত করতে হবে।
একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে, আলজেরিয়ার জাতীয় মুক্তি ফ্রন্টের (এএলএন) নির্দেশ ছাড়াই এক গ্রামের লোকজন ফরাসি বাহিনীর একটি ঘাঁটি আক্রমণ করেছিল। আরেকটি গ্রামের অধিবাসীরা নিজেদের উদ্যোগেই মাটির নিচে একটা সুড়ঙ্গপথ খনন করেছিল।
এমনও জানা গেছে যে, একসময় এএলএন সেনাদের বিয়ে নিষিদ্ধ করেছিল। পরে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিয়ের সাধারণ অনুমতি দেওয়া হয়েছিল। অনেক নারীই এখন এএলএন সেনাদের বিয়ে করেছেন। সেই সঙ্গে তাঁদের পরিবারগুলোও এএলএন ও বিপ্লবের সমর্থক হয়ে উঠেছে।
ম্যান্ডেলার ১৯৬২ সালের নোটবই থেকে
কমান্ডোর চরিত্র
বিপ্লবীদের পরিচালিত দর্শনীয় ও সফল আক্রমণগুলো আলজেরিয়ার জনগণের মর্যাদা পুনরুদ্ধারের সহায়ক হয়েছে। আলজেরিয়ায় বিশেষায়িত কর্মোদ্যোগে জড়িত আঞ্চলিক কমান্ডো গঠন করা হয়েছে। তাদের কার্যক্রম কোনো অর্থনৈতিক সুবিধা সৃষ্টি না করলেও জনগণের মনোবল চাঙা করার ক্ষেত্রে বেশ উপযোগী হয়েছে। এসব কার্যক্রমকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যায় না। ফরাসি বাহিনীর ওপর স্থলপথে পরিচালিত আক্রমণ এবং সিনেমা হলে বিস্ফোরণ ইত্যাদি হচ্ছে কমান্ডো কার্যক্রমের উদাহরণগুলো।
একজন সম্ভাবনাময় নবনিযুক্ত কমান্ডো এ ঘোষণা দিয়েই সন্তুষ্ট থাকতে পারে না যে, সে যুদ্ধ করতে প্রস্তুত। পরীক্ষা তাকে নিতেই হবে। এক গ্রামের ২০০ জন লোক এএলএনে যোগদানের প্রস্তুতির কথা জানিয়েছিল। তাদের বলা হলো যে, পরদিনই শত্রুরা আক্রমণ করবে। স্বেচ্ছাসেবকদের আহ্বান জানানো হলে মাত্র তিনজন এগিয়ে আসে। আরেকটি ঘটনায় নবনিযুক্ত লোকদের রাতের বেলা মার্চ করে একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার নির্দেশ দিয়ে বলা হয়েছিল, সেখানে গেলেই তারা অস্ত্রশস্ত্র পাবে। মধ্যরাতে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তাদের বলা হলো, যে ব্যক্তি অস্ত্র সরবরাহের প্রতিজ্ঞা করেছিল, সে এসে পৌঁছায়নি। সুতরাং, পরের রাতে তাদের আবার আসতে হবে। এ ক্ষেত্রে যারা অভিযোগ তুলেছিল, বোঝা গেল যে, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা নির্ভরযোগ্য নয়।
ম্যান্ডেলার ১৯৬২ সালের নোটবই থেকে