প্রতিবাদ
একটি ছোট্ট আইন লঙ্ঘনের দায়ে আমাকে এক দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। না, সারা দিনের জন্য নয়। সকালে আটক করে বিকেলে মুক্তি দেওয়া হয়েছিল।...আমি আইন মানতে চাইনি বলে যে আমাকে আটক করা হয়েছিল তা নয়। আমাকে আটক করা হয়েছিল, আপনারা যাকে বলেন কেবল শ্বেতাঙ্গদের শৌচাগারে, সেখানে প্রস্রাব করতে গিয়েছিলাম বলে। কথাটি এভাবেও বলা যেতে পারে, শ্বেতাঙ্গদের শৌচাগারে হাত ধুতে গিয়েছিলাম বলে আমাকে গ্রেপ্তার করা হয়। আমার দিক থেকে এটা ছিল ভুল। আমি সেখানকার লেখাটি পড়িনি। তো তারা আমাকে গ্রেপ্তার করে একটি থানায় নিয়ে যায়, কিন্তু দিন শেষে ছেড়ে দেয়। এখন কিন্তু লোকেরা আইনকে অন্যায় মনে করে তার বিরুদ্ধে নৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করেই জেলে যাচ্ছে। ছাত্ররা, যারা আমার সহকর্মী ছিল, তারা নিজেদের দেশকে ও তার মানুষকে ভালোবাসে বলেই আইন অমান্য করে শ্রেণীকক্ষের বাইরে বেরিয়ে এসেছিল। এটা আমাকে তীব্রভাবে প্রভাবিত করেছিল।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
আপস করে মুক্তি নয়
মনে হচ্ছে, তোমার ও সরকারের অভিপ্রায় হচ্ছে উমতাতায়১৩ পাঠিয়ে দিয়ে কয়েকজন সহকর্মীসহ আমাকে মুক্তি দেওয়া হোক। সম্ভবত তোমাকে মনে করিয়ে দেওয়া দরকার যে, তুমি যখন ১৯৭৭ সালে প্রথম আমাদের সঙ্গে দেখা করতে আসতে চেয়েছিলে, তখন আমার সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছিল যে, বান্টুস্তান পরিকল্পনার বাস্তবায়নে তোমার ভূমিকার কারণেই তোমার অনুরোধ১৪ রক্ষা করা সম্ভব নয়। আবার এ বছর ফেব্রুয়ারি মাসে যখন আমাদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য আসতে চেয়েছিলে, তখনো আমরা অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছিলাম যে, তোমার পরিকল্পনাটি মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষত আমরা সুনির্দিষ্টভাবেই উল্লেখ করেছিলাম যে, আমাদের মুক্তির প্রসঙ্গটিকে বান্টুস্তান পরিকল্পনার সঙ্গে যুক্ত করার উদ্যোগটি সম্পূর্ণ ও দুঃখজনকভাবে অগ্রহণযোগ্য।
রাজনৈতিক বন্দীদের বিষয়ে তোমার দুর্ভাবনার দিকটিকে প্রশংসা করার পাশাপাশি তোমাকে অবশ্যই স্মরণ করিয়ে দেব যে, আমরা পরিষ্কারভাবে বিরোধিতা করা সত্ত্বেও তুমি নিরবচ্ছিন্নভাবেই আমাদের মুক্তির বিষয়টিকে বান্টুস্তান পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করে অগ্রসর হচ্ছ। এটি উসকানিমূলক না হলেও অবশ্যই বিরক্তিকর। আমরা অনুরোধ করছি, তোমাকে এ পরিকল্পনা ত্যাগ করতেই হবে, নইলে তোমার সঙ্গে আমাদের অপ্রীতিকর সংঘাত অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আমরা কোনো অবস্থাতেই ট্রানস্কি বা অন্য কোনো বান্টুস্তানে মুক্তি পেতে চাই না।
তুমি ভালোভাবেই জানো, আমরা আমাদের জীবনের শেষাংশ কারাগারেই কাটিয়ে চলেছি, কারণ, আমরা পৃথক উন্নয়ন পরিকল্পনার সম্পূর্ণ বিরোধী। আমরা মনে করি, এমন উদ্যোগ আমাদের স্বদেশেই পরবাসী করে ফেলবে এবং সরকার সেদিন থেকেই আমাদের প্রতি নির্যাতন শুরু করতে পারবে। এ জন্যই আমরা তোমাকে অনুরোধ করছি, এমন বিস্ফোরক পরিকল্পনাটি থেকে তুমি বিরত হও। আমি আন্তরিকভাবে আশা করব, এটাই হবে শেষবারের মতো, ভবিষ্যতে তুমি এ বিষয়ে আর আমাদের বিরক্ত করবে না।
উইনি ম্যান্ডেলাকে ২৭ ডিসেম্বর ১৯৮৪-এ লেখা চিঠি
কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গিনী
স্টেঙ্গেল: ইন্টারন্যাশনাল ক্লাব কেমন ছিল?
ম্যান্ডেলা: জোহানেসবার্গ ইন্টারন্যাশনাল ক্লাব বিভিন্ন জাতিগোষ্ঠীর মেলামেশার সুযোগ করে দিয়েছিল।...এটি ছিল শহরের এমন একটি জায়গা, যেখানে মানুষেরা একত্র হয়ে মতবিনিময় করতে পারত। আগন্তুকদেরও সেখানে আমন্ত্রণ জানানো যেত।...সেখানে খাবার পরিবেশন করা হতো, খেলাধুলা, বিতর্ক—বহু কিছুর ব্যবস্থা ছিল। সামাজিক অনুষ্ঠানের স্থান হিসেবেও জায়গাটা ব্যবহার করা হতো। একসময় এক আমেরিকান ভদ্রলোক এসেছিলেন—দুজন মার্কিন অভিনেতাও এসেছিলেন: কানাডা লি, আরেকজন তো এখন অনেক বড় মাপের অভিনেতা, সিডনি পটিয়ের। আমরা তাঁদের সেখানেই আপ্যায়ন করেছিলাম। ক্লাবটি সত্যিই খুব আকর্ষণীয় ছিল। বিভিন্ন জাতিগোষ্ঠীকে একত্রে পাওয়া সম্ভব, তেমন বিরল স্থানগুলোর মধ্যে সে সময় এটি ছিল একটি।
স্টেঙ্গেল: ক্লাবটি কি শহরেই ছিল? এর অবস্থান ঠিক কোথায় ছিল?
ম্যান্ডেলা: হ্যাঁ, একটু দূরে ছিল, পশ্চিমের দিকে...
স্টেঙ্গেল: আপনি সেই ক্লাবের সেক্রেটারি হয়েছিলেন?
ম্যান্ডেলা: হ্যাঁ, আমি সেক্রেটারি হয়েছিলাম।
স্টেঙ্গেল: সেখানে আরও একজন ছিলেন, যিনি, আমার ধারণা, আপনার পরে সেক্রেটারি হয়েছিলেন, যাঁর সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল—গর্ডন গুজ।
ম্যান্ডেলা: গর্ডন গুজ, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।
স্টেঙ্গেল: আপনি তখন মানুষজনের সঙ্গে সামাজিক মেলামেশা শুরু করেছিলেন।
ম্যান্ডেলা: হ্যাঁ, গর্ডন একজন ইংরেজ ভদ্রলোক, ইংল্যান্ড থেকে এসেছিলেন, খুবই ধার্মিক। একটি ইহুদি মেয়েকে বিয়ে করেছিলেন—উরসুলা। মেয়েটি অন্ধ হলেও খুবই সক্ষম ছিলেন। এখন শিক্ষকতা করেন। জেল থেকে মুক্তি পেলে আমি তাঁদের দেখতে যেতাম।...একদিন বিকেল পাঁচটার দিকে স্ত্রীকে স্কুল থেকে নিয়ে আসার জন্য গর্ডনের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছিল না, তিনি আমাকেই কাজটি করতে বললেন। তাঁর কাজের জায়গাটি ছিল এখান থেকে কয়েক ব্লক দূরে কমিশনার স্ট্রিটে। আমি সেখানে গিয়ে তাঁকে পেয়ে গেলাম। তিনি অন্ধ ছিলেন বলে আমার বাহুতে হাত রাখলেন। আমি তাঁকে নিয়ে বেরিয়ে এলাম। সেদিন তো সাদারা আমাকে প্রায় মেরেই ফেলছিল। তিনি সুন্দরী ছিলেন।...এক কৃষ্ণাঙ্গ এক শ্বেতাঙ্গিনীর হাত ধরে ওভাবে পথ চলছে? ওহ্, সেদিন ওরা আমাকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু আমিও ভান করতে পারি,..যে আমি খুবই সাহসী। আমি এমন ভান করলাম যেন সারা দুনিয়াকে মেরে তাড়িয়ে দিতে পারি। আমি তাদের প্রতি তাচ্ছিল্য দেখালাম। এভাবেই এসে গাড়িতে উঠেছিলাম। পরে যখন আত্মগোপন অবস্থায় ছিলাম, তখন তাঁদের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। আমি যেখানে ছিলাম, সেখান থেকে তাঁদের বাসাটা বিশেষ দূরে ছিল না। বিকেলের দিকে আমি তাঁদের বাসায় যেতাম।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
অহিংসা
গ্রাউটভিলের আঞ্চলিক প্রধান অ্যালবার্ট লুথুলি১৫ মহাত্মা গান্ধীর অনুরাগী শিষ্য ছিলেন। তিনি খ্রিষ্টান হিসেবে এবং নীতিগতভাবেও অহিংসায় বিশ্বাসী ছিলেন। আমাদের অনেকেরই তাতে বিশ্বাস ছিল না।...একে নীতি হিসেবে গ্রহণ করলে, অবস্থা যা-ই হোক না কেন, সব সময় অহিংসাকে আঁকড়ে ধরে থাকতে হবে।...আমাদের মনোভাব ছিল, ততক্ষণই অহিংসায় অটল থাকব, যতক্ষণ পরিস্থিতি অনুমোদন করবে। পরিস্থিতি প্রতিকূলে চলে গেলে আমরা স্বয়ংক্রিয়ভাবেই অহিংসা বর্জন করে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অভিপ্রায় ছিল, সংগঠনকে নেতৃত্বের উপযোগী করে তুলতে হবে। অহিংসা যদি সংগঠনকে সেই কার্যকরী এবং দক্ষ করে তুলতে পারে, আমরা অহিংসার পথই অনুসরণ করব। কিন্তু পরিস্থিতির কারণে অহিংস পন্থা অকার্যকর মনে হলে আমরা অন্য উপায় অবলম্বন করব।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা
বিশ্বাসের পথ
আহমেদ কাথরাদা: আপনি কি গান্ধী সম্পর্কে পড়েছিলেন?
ম্যান্ডেলা: হ্যাঁ, নিশ্চয়ই।
কাথরাদা: তাহলে এ কথা সত্য?
ম্যান্ডেলা: কিন্তু আমার আসল নায়ক ছিলেন (জওহরলাল) নেহরু।
কাথরাদা: (লং ওয়াক টু ফ্রিডম বইয়ে) এভাবে কিছু কথা লেখা হয়েছে: ‘শৈশবে যা তাঁকে সুরক্ষা জুগিয়েছিল, সেই খ্রিষ্টানধর্ম পরিত্যাগের সময় তিনি কিছুটা অনুশোচনা বোধ করেছিলেন। যিশুখ্রিষ্টের প্রতি তিনবার অস্বীকৃতি ঘোষণার কালে সেন্ট পিটার যেমনটি অনুভব করেছিলেন।’ তাহলে, এখন আপনি বলুন তো, এটা কি সত্য কথাই লেখা হয়েছে যে, ‘আপনি আপনার খ্রিষ্টান বিশ্বাসসমূহ বর্জন করেছিলেন?’
ম্যান্ডেলা: না, কখনোই নয়।
কাথরাদা: তাহলে, এমন কথা বলা ভুল হবে, তাই নয় কি?
ম্যান্ডেলা: আমি বলছি, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো আমার খ্রিষ্টান বিশ্বাসগুলো বর্জন করিনি।
কাথরাদা: ঠিক আছে।
ম্যান্ডেলা: আমি মনে করি, এটা (খ্রিষ্টান বিশ্বাস) যথার্থ, আপনি জানেন, তেমন হলে (বিশ্বাস বর্জন) অনেক ক্ষতি হয়ে যেত।
কাথরাদা: ঠিক তাই।
ম্যান্ডেলা: হ্যাঁ, অনেক ক্ষতি হতে পারত।
আহমেদ কাথরাদার সঙ্গে আলাপচারিতা
গারদের পেছনে
একটা ফোর্ড ভি-৮ গাড়ি যাচ্ছিল। আর আমাদের তক্ষুনি থামতে হুকুম করা হলো। স্থানটি তারা খুব বুদ্ধি করেই বেছে নিয়েছিল। বাঁ দিকে খুবই খাড়াই (নদীর) পাড়। আমি বসেছিলাম বাঁ দিকে...তখন আমি খুবই সুস্থ-সবল ছিলাম। দক্ষতার সঙ্গে দেয়ালে চড়তে পারতাম। আমাদের গাড়ির রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখলাম, পেছনে আরও দুটো গাড়ি। তাত্ক্ষণিকভাবেই মনে হলো পালানোর যেকোনো চেষ্টাই খুব হাস্যকর হয়ে যেতে পারে। ওরা আমাকে গুলি করবে। আমরা গাড়ি থামালাম। একটি লোক এগিয়ে এল। লম্বা, হালকা-পাতলা গড়ন, পরনে সাধারণ পোশাক। লোকটি আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, ‘আমি সার্জেন্ট ভোরস্টার।’...সে গ্রেপ্তারি পরোয়ানা বের করে দেখাল। সে সবকিছু ঠিকঠাকভাবে করছিল। একদম ঠিকঠাক। তার আচরণও ছিল সৌজন্যপরায়ণ। লোকটা জিজ্ঞেস করল, ‘আমি কি আপনার নাম জানতে পারি?’ বললাম, ‘আমি ডেভিড মতসামায়ি।’ সে বলল, ‘না, আপনি কি নেলসন ম্যান্ডেলা নন?’ আমি বললাম, ‘আমি ডেভিড মতসামায়ি।’ সে বলল, ‘আপনি নেলসন ম্যান্ডেলা। আর আপনার পাশে, সিসিল উইলিয়ামস।’১৬ আপনাকে গ্রেপ্তার করছি। আপনাকে এবার পিটারম্যারিত্সবার্গেফিরে যেতে হবে। আমি বললাম, ‘ঠিক আছে।’ তিনি বললেন, ‘মেজর আপনার গাড়িতেই যাবেন, আপনার গাড়ির পেছনে বসে। আপনি শুধু গাড়িটা ঘুরিয়ে চালিয়ে যান।’...
তখন আমার কাছে লাইসেন্সবিহীন একটা রিভলবার ছিল। আমি সেটা হাতে তুলে দুটি সিটের মাঝখানে রেখে দিলাম। ড্রাইভারের ও আমার সিট ছাড়া আরও সিট ছিল গাড়িতে। সেগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো ছিল। ছোট্ট একটা খালি জায়গাও ছিল, যেটা সহজে চোখে পড়ে না। আমি রিভলবারটা সেখানে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার কাছে একটা নোটবইও ছিল। পেছনের সিটে বসা মেজরের সঙ্গে কথা বলতে বলতে আমি নোটবইটাও সেখানে ঢুকিয়ে দিলাম। একসময় আমি ভাবছিলাম, তাড়াতাড়ি দরজা খুলে আমি গড়িয়ে পড়তে পারব। কিন্তু আমি জানতাম না, (নদীর) পাড় কতটা দীর্ঘ আর সেখানে কী আছে। তার আশপাশের সঙ্গে আমি পরিচিত ছিলাম না। সে রকম করাটা জুয়া খেলার মতো হতো। তার চেয়ে বরং কিছুটা ভেবেচিন্তে পরেই সুযোগবুঝে কিছু একটা করা যাবে। তাই আমরা থানাতে গিয়ে পৌঁছালাম। ওরা আমাকে তালাবদ্ধ করে রাখল।
রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে আলাপচারিতা