ঐকমত্যের কোনো উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে ‘প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ’ থাকার আশ্বাসবাণীর পাশাপাশি তিস্তা নিয়ে ‘জাতীয় ঐকমত্য’ গঠনের কথা শুনিয়েছেন। অথচ সমস্যাগুলোর সমাধানে নতুন কোনো সরকারি উদ্যোগের ইঙ্গিত দেখা যাচ্ছে না, বরং অমীমাংসিত সমস্যাগুলো যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে।

ভারতের সাধারণ নির্বাচনের আগে এই দুই ক্ষেত্রে ঐকমত্য স্থাপনের চেষ্টায় সামান্যতম অগ্রগতিরও কোনো সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্ট কোনো মহলই মনে করছে না। সরকারের এ মুহূর্তের চেষ্টা একটাই, সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সীমান্ত চুক্তি-সম্পর্কিত সংবিধান সংশোধন বিলটি রাজ্যসভায় পেশ করা। যাতে করে লোকসভার মেয়াদ শেষ হয়ে গেলেও বিলটির প্রাসঙ্গিকতা বজায় থাকে।

অথচ সীমান্ত চুক্তির সংসদীয় অনুমোদনের ক্ষেত্রে বিজেপির বাধা কাটাতে দীপু মনি চেষ্টার ত্রুটি করেননি। সম্প্রতি দিল্লি এসে তিনি মনমোহন সিংয়ের পাশাপাশি বিরোধী দলের নেতা অরুণ জেটলির সঙ্গে দেখা করে সহযোগিতা চেয়েছিলেন। জেটলি তাঁকে বলেন, দলের নেতাদের সঙ্গে কথা না বলে কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না। বিজেপি সূত্রের খবর, ভোটের আগে দলে এ বিষয়ে নতুন কোনো আলোচনার অবকাশ নেই।

আগের অবস্থানে বিজেপি ও তৃণমূল: সীমান্ত চুক্তির বিষয়ে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘এই চুক্তিতে আসামের ২৬৮ একর জমি বাংলাদেশে চলে যাবে বলে দলের আসাম রাজ্যের নেতারা এর বিরোধিতা করছেন। আমার নেতৃত্বে গঠিত দলের একটি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সীমান্ত নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে একটা সুসংহত চুক্তির প্রয়োজন রয়েছে। আমাদের সেই মনোভাবের এখনো কোনো পরিবর্তন হয়নি।’

রাজ্যসভায় বিজেপির সাবেক সদস্য আলুওয়ালিয়া জানান, নির্বাচনী কৌশল স্থির করতে আজ বুধবার তিনি গুয়াহাটিতে দলীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন। তবে ওই বৈঠকের আলোচ্যসূচিতে সীমান্ত চুক্তির বিষয়টি নেই।

বিজেপির আসাম রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা কবীন্দ্র পুরকায়স্থ সোমবার প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত চুক্তির বিষয়ে আমাদের অবস্থান এখনো আগের মতোই রয়েছে। আমরা আগেও চুক্তির বিরোধিতা করেছি, আগামীতেও করব।’

আসামে বিজেপির শরিক আসাম গণপরিষদের (অগপ) রাজ্যসভার সদস্য বীরেন্দ্র বৈশ্য প্রথম আলোকে বলেন, ‘রাজ্যসভার গত অধিবেশনে আমরা পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের হাত থেকে সংবিধান সংশোধনী বিল ছিনিয়ে নিয়েছিলাম। এবারও বিল উত্থাপনের চেষ্টা হলে বাধা দেব।’

সীমান্ত নিয়ে বিজেপি ও তিস্তার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা ছাড়া এ সমস্যাগুলো সুরাহা সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী জাতীয় স্তরে ঐকমত্যের কথা বলেছেন। অথচ ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসায় দুটির কোনো ক্ষেত্রেই এই দুই দলের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (প্রগতিশীল গণতান্ত্রিক জোট) সরকারের নতুন করে কথাবার্তা বলার কোনো উদ্যোগ নেই।

তৃণমূল কংগ্রেসের এক লোকসভা সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, দলীয় নেত্রী শিগগিরই সংসদীয় দলের বৈঠক ডাকবেন। তখন বোঝা যাবে সংসদে দলের ভূমিকা কী হবে। আপাতত সীমান্ত ও তিস্তা চুক্তি তৃণমূল নেতৃত্বের ভাবনায় নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেছিলেন, উত্তরের মানুষ চাইলে চুক্তি হবে। না চাইলে নয়। কোনো কোনো মহল এই মন্তব্যকে অবশ্য তৃণমূল নেত্রীর নরম মনোভাবের পরিচয় বলে মনে করছে। তৃণমূলের রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএম অবশ্য সীমান্ত চুক্তি সমর্থনের কথা জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত প্রকাশ্যেই তা জানিয়েছেন।

তিস্তা প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলোৎপল বসু প্রথম আলোকে বলেছেন, সরকারের উচিত আলোচনার মাধ্যমে একটা ঐকমত্যে পৌঁছানো। যেমন হয়েছিল ফারাক্কার ক্ষেত্রে। কিন্তু ভোটের আগে সেই উদ্যোগ সরকার নেবে কি?

এদিকে বিজেপি এখনো তিস্তা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রথম আলোকে বলেন, ‘তিস্তা নিয়ে আমাদের দায় নেই। সরকার আলোচনায় ডাকলে তখন বিবেচনা করব ও মতামত জানাব। ভোটের আগে এই দুই চুক্তির বিষয়ে সরকারের আদৌ মাথাব্যথা আছে কি? সীমান্ত চুক্তি কার্যকর করলে কংগ্রেস আসাম থেকে লোকসভার একটাও আসন কি জিততে পারবে?’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন ঐকমত্য স্থাপনের দায়িত্ব রাজনৈতিক নেতাদের। কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠার কোনো উদ্যোগ তো নেই।’

বর্ষা অধিবেশনের সম্ভাব্য আলোচ্যসূচি: সরকার আগ্রহী কতটা সেই প্রশ্নের পাশে রয়েছে অন্য প্রশ্নও। ৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ২৬ দিনের জন্য সংসদের বর্ষাকালীন অধিবেশনে কর্মদিবস থাকছে মাত্র ১৬টি। এর মধ্যে সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে খাদ্য সুরক্ষা, রাজনৈতিক দলগুলোকে তথ্য জানার অধিকার আইনের বাইরে রাখা ও চিটফান্ডের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে অতিরিক্ত ক্ষমতা দিতে আনা তিনটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা, জমি অধিগ্রহণ সংশোধন বিল, অর্থনৈতিক সংস্কারের জন্য পেনশন ও বিমা বিল, তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হলে সেটিও বিল হিসেবে আনতে হবে। এ ছাড়া থাকছে লোকপাল-লোকায়ুক্ত ও বেনামি হস্তান্তর রুখতে আনা বিল পাস করানোর তাগিদ। এ বিষয়গুলো সুরাহার পরই আসতে পারে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি পালনের প্রশ্ন। সবকিছু ছাপিয়ে নির্বিঘ্নে সংসদ অধিবেশন চলবে কি না, সে প্রশ্নও আছে। কারণ, দুই বছর ধরে সংসদে অচলাবস্থা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।