প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামি-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বিরোধীদের নিয়ে ঐকমত্যের সরকার গঠনের চিন্তাভাবনা করেছেন। কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই তাঁর ওই ধারণা প্রত্যাখ্যান করেছেন।গত শুক্রবার রাজধানীর টোকিওতে এক সংবাদ সম্মেলনে অনেকটা প্রচ্ছন্নভাবে নাওতো কান ওই প্রস্তাব দেন। কান সাংবাদিকদের বলেন, তিনি মন্ত্রিপরিষদকে আরও শক্তিশালী করতে চান। তিনি এর বেশি কিছু না বললেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্প, সুনামি, পারমাণবিক-সংকটসহ দেশের সার্বিক দুর্যোগ সামাল দিতে কান মন্ত্রিসভার আকার বাড়াতে চাইছেন। বর্তমানে কানের মন্ত্রিসভায় ১৭ জন সদস্য রয়েছেন। বিরোধী দল থেকে সদস্য নিয়ে কান এই সংখ্যা ২০ জনে উন্নীত করতে চান।কানের এই পরিকল্পনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন জাপানের সুশীল সমাজ। টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কোইচি নাকানো এ ব্যাপারে বলেন, দেশের এই দুর্যোগ নিয়ে সবার সঙ্গে কথা বলার যথোপযুক্ত সময় এটাই। কান জোট গঠনের যে চিন্তা-ভাবনা করছেন, তাতে তিনি মোটেই অবাক হননি। কান সরকারের উচিত, সব বিষয় নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া।এদিকে জাপানের প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি গতকাল শনিবার জানিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনো প্রস্তাব এলে তারা সেটি প্রত্যাখ্যান করবে। দলের প্রধান সাদাকাজু তানিজাকি বলেছেন, মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনো প্রস্তাব তিনি গ্রহণ করবেন না।লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এর আগে টানা ৫০ বছর জাপান শাসন করেছে। তবে ২০০৯ সালের নির্বাচনে তাদের ভরাডুবি ঘটে। সুনামির আগে তারা আগাম নির্বাচন চাইলেও বর্তমানে তারা রাজনীতি নিয়ে উচ্চবাচ্য করা থেকে বিরত রয়েছে। রয়টার্স