ঐকমত্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে বর্তমান সংকট সমাধানে নতুন প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা করতে যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করেছেন তিনি।এর মধ্যেই গতকাল রোববার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান। নাশিদ নতুন প্রেসিডেন্টের বৈধতা মেনে না নেওয়ায় ওয়াহিদ ঐকমত্যের সরকারের প্রধান হওয়ার চেষ্টা করছেন।নাশিদ গত শনিবার রাতে রাজধানী মালেতে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, অভ্যুত্থান করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর দল বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানের সঙ্গে সমঝোতার পরিবর্তে নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘আমরা নির্বাচন চাই, এ জন্য আন্দোলন করব।’ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট বলেন, তাঁর দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নতুন সরকারকে বৈধ মনে করে না। তিনি আবারও তাঁকে ক্ষমতাচ্যুত করা ও তাঁর সমর্থকদের নির্যাতন করার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান।প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানের প্রস্তাব অনুযায়ী জাতীয় ঐকমত্যের সরকার গঠনকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচন বাদ দিয়ে দুই পক্ষকে ‘সমঝোতায়’ পৌঁছাতে যুক্তরাষ্ট্রের আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই নাশিদ তাঁর সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন। মালদ্বীপের রাজনৈতিক সংকট সমাধানে সহায়তা দিতে গত শনিবার ১২ ঘণ্টার সফরে যান দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন দূত রবার্ট ব্লেক। তিনি প্রেসিডেন্ট ওয়াহিদ, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নাশিদ ও অন্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন। মার্কিন দূত ব্লেক গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এখন নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন হবে—এটা কেউ বিশ্বাস করে না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সমঝোতায় আসতে হবে।’প্রেসিডেন্ট ওয়াহিদ গতকাল সাতজন মন্ত্রী নিয়োগ দেন। এঁরা হলেন মুহাম্মদ হুসেইন শরিফ মুন্ধু (যুব ও ক্রীড়া), আহমেদ জামসেদ (স্বাস্থ্য ও পরিবার), আহমেদ মোহামেদ (অর্থনৈতিক উন্নয়ন), আহমেদ সামশেদ (পরিবহন ও যোগাযোগ), আহমেদ আদেব (পর্যটন), অসিম আহমেদ (শিক্ষা) ও প্রথম নারী অ্যাটর্নি জেনারেল আজিমা শাকুর। তাঁদের মধ্যে মুহাম্মদ হুসেইন শরিফ সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের দল পিপিএমের মুখপাত্র। মার্কিন দূত ব্লেকের পদত্যাগের পরদিনই মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান।মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদ কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ ও কিছু পুলিশ কর্মকর্তার বিদ্রোহের কারণে গত মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। তাঁর নাশিদের মেয়াদ পর্যন্ত (২০১৩) দায়িত্ব পালন করার কথা। এএফপি ও পিটিআই।