উপমহাদেশে মৌলবাদ রুখতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আজ শনিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবের সেমিনার কক্ষে ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের উদ্যোগে ‘এ উপমহাদেশে মৌলবাদী আন্দোলন কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় আলোচকেরা এ কথা বলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের লেখক শাহরিয়ার কবির, সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের সভাপতি ও পি শাহ, দৈনিক ‘বাংলা স্টেটসম্যান’ পত্রিকার সম্পাদক মানস ঘোষ, ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি অধ্যাপক সৈয়দ তানভির নাসরিন প্রমুখ।
আলোচকেরা উপমহাদেশে মৌলবাদের উত্থানের প্রসঙ্গ তুলে বলেন, পাকিস্তানই এ উপমহাদেশে মৌলবাদ উত্থানের মূল কারিগর, ধারক ও বাহক। বাংলাদেশের জামায়াতে ইসলামীও এর ধারক। এ সময় তাঁরা উপমহাদেশে মৌলবাদ রুখতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। আলোচনা শেষে শাহরিয়ার কবিরের ‘আলটিমেট জিহাদ’ তথ্যচিত্রের তৃতীয় পর্ব প্রদর্শিত হয়।