ঐতিহাসিক ইউরোপ সফর শেষ করলেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ইউরোপ সফর শেষ করেছেন। গতকাল তিনি ফ্রান্সের পার্লামেন্টের উভয়কক্ষ পরিদর্শন ও সরবোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের সম্মানসূচক নাগরিকত্বের সনদ গ্রহণ করেন সু চি। প্রায় দুই সপ্তাহ আগে ঐতিহাসিক ইউরোপ সফর শুরু করেন সু চি। ২৪ বছরের মধ্যে এটাই তাঁর প্রথম ইউরোপ সফর। এই সফরে তিনি সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের পর ফ্রান্সে যান। ফ্রান্স দিয়ে সফর শেষ করেছেন তিনি। মিয়ানমারের সামরিক জান্তা সু চিকে প্রায় দুই দশক বন্দী করে রাখে। ২০১০ সালের নভেম্বরে তিনি মুক্তি পান।ফ্রান্সের সিটি হলে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে প্যারিসের মেয়র বার্টান্ড ডেলানো বলেন, ‘আপনি শান্তি ও ভালোবাসার নারী। তাই প্যারিসও আপনাকে ভালোবাসে।’ মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সু চির দৃঢ়তা ও গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থার প্রশংসা করেন মেয়র ডেলানো। ২০০৪ সালে সু চিকে সম্মানসূচক এই নাগরিকত্ব দেয় প্যারিস। ফ্রান্সে সু চিকে বিদেশি রাষ্ট্রপ্রধানের মর্যাদায় সম্মান জানানো হয়। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এলিসি প্রাসাদে ভোজে অংশ নেন সু চি। সাবেক প্রেসিডেন্ট সারকোজি ও তাঁর স্ত্রী কার্লা ব্রুনির সঙ্গেও বৈঠক করেন সু চি।ঐতিহাসিক এই সফরেই নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করেন সু চি। সেখানে তিনি বক্তৃতা করেন। ১৯৯১ সালে এই পুরস্কারে ভূষিত হলেও বন্দী থাকায় পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সু চি। এএফপি।