ঐতিহ্য রক্ষা করেই সাজানো হচ্ছে রাজ্য সচিবালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ের নাম ছিল মহাকরণ বা রাইটার্স বিল্ডিং। কলকাতা মহানগরের কেন্দ্রস্থলেই এর অবস্থান। কিন্তু ২০১১ সালে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর গত বছরের ৫ অক্টোবর রাজ্য সচিবালয় মহাকরণ থেকে সরিয়ে নেওয়া হয় কলকাতা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর অপর পারে হাওড়া জেলার মন্দিতলার এইচআরবিসি ভবনে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সচিবালয়ের নাম রাখেন নবান্ন।
নবান্নে হঠাত্ করে সরিয়ে নেওয়ায় কলকাতার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁরা দাবি করেন, যেকোনো মূল্যে মহাকরণের ঐতিহ্য মুছে দেওয়া যাবে না। কলকাতায় তখন এমন কথাও প্রচার হয়, এইভাবে মমতা সরিয়ে নিয়ে গেছেন রাজ্য সচিবালয়কে।
যদিও মমতা বলেছিলেন, মহাকরণের সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর সচিবালয়কে ফের ফিরিয়ে আনা হবে মহাকরণে। আর সে কথাই মুখ্যমন্ত্রী সম্প্রতি আবার জানিয়েও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি চান ব্রিটিশ আমলের পুরোনো রূপেই মহাকরণকে ফিরিয়ে দিতে।
মহাকরণ একটি ঐতিহ্যবাহী ভবন। তাই মহাকরণের অতীত রূপকে ঠিক রেখে সংস্কার করা হচ্ছে। সেখানে ছোঁয়া লাগানো হচ্ছে আধুনিকতার। লোকসভা নির্বাচনের কারণে ৯ মাস ধরে বন্ধ ছিল ভবনটির সংস্কারকাজ। এখন আবার শুরু হয়েছে সংস্কারকাজ। আর এই কাজের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ও ৪০ জন ছাত্রছাত্রী নিয়োগ করা হয়েছে। তারাই এখন দেখছে কীভাবে মহাকরণকে আগের রূপ রেখে আধুনিকতার আলোয় সংস্কার করা যায়।
এই রাইটার্স বিল্ডিংয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এখানে কর্মরত ব্রিটিশ পুলিশ কমিশনার কুখ্যাত চার্লস টেগার্টকে হত্যার জন্য এসেছিলেন তিন স্বাধীনতাসংগ্রামী বিনয়, বাদল ও দীনেশ। আর তাঁদের নামে এখানের নাম হয় বিনয় বাদল দীনেশ বাগ। এখনো লালদীঘির উত্তর দিকে তিন স্বাধীনতাসংগ্রামী বিনয় বাদল দীনেশের মূর্তি রয়েছে। আগে এই রাইটার্স বিল্ডিং চত্বরের নাম ছিল ট্যাংক (পুকুর) স্কোয়ার। তারপর হয় লেফটেন্যান্ট গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নামে ডালহৌসি স্কোয়ার। এখন বিবাদী বাগ।
মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও করণিক কাজের জন্য ইংল্যান্ড থেকে আসা ক্লার্ক বা রাইটার্সদের বাসের জন্য এখানে প্রথম গড়া হয় ভবন। আর তখনই এই ভবনের নাম হয় রাইটার্স বিল্ডিং। ১৭৭৭ সালে নির্মাণ শুরু হয় এই ভবনের। শেষ হয় ১৭৮০ সালে।
আজকের মহাকরণ ১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত। কর্মরত এখানে ছয় হাজার কর্মী। আছে ১৩টি চারতলার ভবন। সেই মহাকরণকে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে হাওড়ায়। সংস্কারের পর আবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ফিরে আসবে মহাকরণে, অতীতের ঐতিহ্যকে সঙ্গে করেই।