ওঁলাদ-গায়েতের 'পরকীয়া' চলছে দুই বছর ধরে
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের পরকীয়া দুই বছর ধরে চলছে বলে দাবি করেছে বিনোদনবিষয়ক ফরাসি সাময়িকী ক্লোজার। আর এবার সাময়িকীটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী গায়েত। তবে তিনিও ওঁলাদের মতোই সম্পর্কের বিষয়টি সরাসরি নাকচ করেননি। ক্লোজার -এর ১০ জানুয়ারি সংখ্যায় সাত পৃষ্ঠাজুড়ে করা এক প্রতিবেদনে ওঁলাদ (৫৯)-গায়েত (৪১) সম্পর্কের খবর প্রকাশ করে। ক্লোজার-এর গতকাল শুক্রবারের সংখ্যায় দাবি করা হয়, ওঁলাদের সঙ্গে গায়েতের সম্পর্ক চলছে দুই বছর ধরে। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ও তার পরের সময়গুলোতে দুজনের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। ক্লোজার-এর নতুন এ প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ জুলি গায়েত ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সাময়িকীটির বিরুদ্ধে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ ও আইনি লড়াই চালানোর খরচ হিসেবে আরও চার হাজার ইউরো চেয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ওঁলাদও শুরুতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই পদক্ষেপ নেননি।
এদিকে প্রেসিডেন্টের ‘পরকীয়ার’ খবর প্রকাশের পর হাসপাতালে ভর্তি হওয়া ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলার গতকালও চিকিৎসাধীন ছিলেন। আর এ পর্যন্ত প্রেসিডেন্ট তাঁকে দেখতে যাননি বলে খবর বেরিয়েছে। তবে ত্রিয়াবেলার তাঁর এক বন্ধুকে ফোন করে জানিয়েছেন, প্রেসিডেন্ট হাসপাতালে তাঁর জন্য ফুল ও চকলেট পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ওলাঁদ বর্তমানে তাঁর মেয়েবন্ধু সাংবাদিক ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে বাস করছেন। তার আগে রাজনৈতিক সহযোদ্ধা সেগোলেন ঘয়ালের সঙ্গে বিচ্ছেদ ঘটে ওলাঁদের। সেগোলেন-ওলাঁদ দম্পতির চার সন্তান রয়েছে। বিবিসি।