মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সম্মেলন সংস্থায় (ওআইসি) সিরিয়ার সদস্যপথ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত বুধবার ৫৭ সদস্যরাষ্ট্রের সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। তবে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর পক্ষে খুব একটা সাড়া পাওয়া যায়নি।সৌদি আরবের মক্কা নগরে দুই দিনব্যাপী বৈঠকের শেষ দিন গত বুধবার ওআইসিতে সিরিয়ার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানেগলু বলেন, ‘সিরিয়ার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পাঠালাম, মুসলিম রাষ্ট্রগুলো সিরিয়ায় আর রক্তপাত চায় না। তারা শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে সিরিয়া পরিস্থিতির সমাধান চায়।’ ওআইসিতে কোনো দেশের সদস্যপদ স্থগিতের বিষয়টি আসলে ‘প্রতীকী’। এদিকে সিরিয়ায় গত মে মাসে হুলা এলাকায় গণহত্যা চালিয়ে ১০৮ জনকে হত্যা করা জন্য সিরিয়ার সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। সিরিয়া থেকে জাতিসংঘের পর্যবেক্ষক মিশন প্রত্যাহার করা হলে দেশটিতে সংকট আরও বাড়বে বলে মনে করে রাশিয়া। খাদ্যসংকটে ১০ লাখ মানুষ: সিরিয়া সফররত জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সিরিয়ায় ১০ লাখের বেশি মানুষ খাদ্যসংকটের মুখে রয়েছে। এএফপি, রয়টার্স।