ওআইসিতে সিরিয়ার সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত
মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সম্মেলন সংস্থায় (ওআইসি) সিরিয়ার সদস্যপদ স্থগিত করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সিরিয়ায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। বিদ্রোহীরা দাবি করেছে, তারা গতকাল বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক কম্পাউন্ডের কাছে বোমা হামলা চালিয়েছে। সিরিয়ার সহিংসতা নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের মক্কা নগরে মঙ্গলবার ওআইসির দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। ৫৭ সদস্য রাষ্ট্রের সংগঠন ওআইসিতে প্রাথমিকভাবে সিরিয়ার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে সংস্থাটির দুই-তৃতীয়াংশ সদস্য-রাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে। তবে সিরিয়ার সদস্যপদ স্থগিতের কঠোর বিরোধিতা করছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ওআইসির সম্মেলনে যোগ দিয়েছেন।মুসলিম সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে মুসলিম শিয়ারা। মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নি দ্বন্দ্বে শিয়াপ্রধান ইরান ও সুন্নিপ্রধান সৌদি আরব নেতৃত্ব দিচ্ছে। সিরিয়ায় সহিংসতার ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা গেছে। ইরান সিরিয়ার শিয়া শাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে অবস্থান নিয়েছে, আর সৌদি আরব সিরিয়ার বিদ্রোহী সুন্নিদের সহায়তা করছে।তবে মক্কা সম্মেলনে সৌদি বাদশাহ আবদুল্লাহ ও ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পাশাপাশি আসনে বসে যেন কিছুটা ভিন্ন বার্তা দিতে চাইলেন। শুধু পাশাপাশি বসাই নয়, তাঁদের পারস্পরিক কথাবার্তা ও হাসি বিনিময় করতে দেখা গেছে। সৌদি আরবের রাজনৈতিক বিশ্লেষক আবদুল্লাহ আল-সামারি বলেন, ‘দুই নেতার পাশাপাশি বসার বিষয়টি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এর মাধ্যমে সৌদির পক্ষ থেকে ইরানের কাছে বার্তা পাঠানো হচ্ছে, আমরা মুসলিম, সব মতভেদ ভুলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’ সৌদি রাষ্ট্রবিজ্ঞানী খালিদ আল দাখিল বলেন, ‘আমার মনে হয়, বাদশাহ আবদুল্লাহ ইরানকে এই বার্তা দিতে চাইছেন, সৌদি আরব সিরিয়ার প্রতি যাই করুক, ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেবে না।’সিরিয়ার বাশারবিরোধীদের সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সমন্বয়ক মাহের নুয়ামি দাবি করেন, তাঁরা গতকাল দামেস্কের একটি সামরিক কম্পাউন্ডের কাছে বোমা হামলা চালিয়েছেন। ওই কম্পাউন্ডে সামরিক বাহিনীর বেশ কয়েকটি স্থানীয় সদর দপ্তর রয়েছে। এখানে সামরিক কর্মকর্তা ও সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর কর্মকর্তা দামেস্কে অভিযান চালানোর জন্য নিয়মিত বৈঠক করেন।ওই কম্পাউন্ডের কাছেই দামা রোজ নামের একটি হোটেল ব্যবহার করেন জাতিসংঘ মিশনের পর্যবেক্ষকেরা। হামলায় আহত কেউ ওই মিশনের সদস্য নয়। এএফপি, বিবিসি।