ওই গোলাপ তোমরা কেনো না

ভালোবাসা দিবসের প্রধান অনুষঙ্গ হচ্ছে ফুল, বিশেষ করে গোলাপ। সে ফুল যেমন বিশ্বের কোটি কোটি প্রেমিক-প্রেমিকার মুখে হাসি ফোটায়, দিনটাকে করে তোলে বর্ণিল, তেমনি ফুলচাষিদের মুখেও হাসি ফোটে দু-পয়সা বেশি আসে বলে।
কিন্তু নিউজিল্যান্ডের ফুলচাষিরা এবার ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবস উপলক্ষে দেশের অগণিত ফুল অনুরাগীর প্রতি মিনতি করে বলছেন, ওই ফুল তোমরা কেনো না। সেটা কোন ফুল? বিদেশ থেকে আমদানি করা ফুল।
ধারণা করা হচ্ছে, ভালোবাসা দিবস উপলক্ষে নিউজিল্যান্ডে প্রায় ছয় লাখ গোলাপ বিক্রি হবে। তবে বাইরের দেশ থেকে আসা গোলাপ না কিনতে ক্রেতাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন নিউজিল্যান্ডের ফুলচাষিরা।
নিউজিল্যান্ডের ফুলচাষিদের সমিতি জানায়, ভ্যালেনটাইনস ডে উপলক্ষে যে বিপুল পরিমাণ ফুল বিক্রি হবে, এর বেশির ভাগ জোগানই আসবে ভারত ও কলম্বিয়া থেকে। ক্রেতাদের দাবি, অন্য দেশ থেকে সস্তায় ফুল আমদানির ফলে দেশের জৈব নিরাপত্তা ধ্বংস হবে ও তা স্থানীয় বাজারে ফুলের মূল্য কমিয়ে বাজার নষ্ট করবে।
ফুলচাষি সমিতির প্রধান ডেভিড ব্লিউডেন জানান, নিউজিল্যান্ডে অন্য দেশ থেকে ফুল আমদানির ক্ষেত্রে কড়াকড়িভাবে জৈব নিরাপত্তা নীতি মেনে চলা হয়। এ নীতি অনুযায়ী, আমদানি করা ফুল ২০ মিনিট ধরে পরগাছানাশক পদার্থে চুবিয়ে রাখতে হয়। এতে ফুলগুলো অবশ্য খুব বেশি সময় তাজা থাকে না। এ ছাড়া এর মাধ্যমে রোগবালাই ও পোকা-মাকড়েরও উত্পত্তি হতে পারে।
ভ্যালেনটাইনস ডের ফুল বিক্রি নিয়ে নিউজিল্যান্ডের চাষিরা দুশ্চিন্তায় থাকলেও আনন্দে আছেন ভারতের চাষিরা।
দিল্লির ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা জানায়, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় তাদের সস্তা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে ভারত প্রায় দুই কোটির মতো ফুল রপ্তানি করবে বলে জানিয়েছে পত্রিকাটি।