ওই দিন থাই রাডারে 'অপরিচিত বিমান'
মালয়েশিয়ার সেই এমএইচ৩৭০ বিমানটি ৭ মার্চ রাতে দেশটির রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পর একটি ‘অপরিচিত বিমানের’ তথ্য ধরা পড়ে থাইল্যান্ডের রাডারে।
আজ বুধবার থাইল্যান্ডের বিমানবাহিনীর বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ওই সময় মালয়েশীয় বিমানের নিখোঁজ হওয়া নিয়ে কোনো আলোড়ন সৃষ্টি না হওয়ায় বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি বিমানবাহিনী।
২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার বিমানটি হারানোর নয় দিন পর, অর্থাত্ গত সোমবার থাই রাডারের লগ পরীক্ষা করে দেখা হয়। মালয়েশিয়ার সরকারের অনুরোধে রাডার লগ পরীক্ষা করে দেখা হয় বলে জানান থাইল্যান্ডের এয়ার মার্শাল মন্থন সুচুকর্ন।
মন্থন দাবি করেন, অপরিচিত একটি বিমানের গতিবিধি স্থানীয় সময় ১২টা ২৮ মিনিটে (মালয়েশীয় সময় রাত একটা ২৮ মিনিট) থাই রাডারে ধরা পড়ে। এমএইচ৩৭০ বিমানটি দক্ষিণ চীন সাগরে হারিয়ে যাওয়ার ঠিক ছয় মিনিট পরে এই বিমানটিকে দেখা যায়।
নিখোঁজ বিমানটির সঙ্গে অচেনা বিমানটির সময় মিলে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে থাইল্যান্ড। অচেনা বিমানটির সঙ্গে হারানো বিমানটির সময়ের মিল রয়েছে। এ ছাড়া যে সময়ে অপরিচিত বিমানটি রাডারে ধরা পড়ে, ওই সময় এটি এমএইচ৩৭০ বিমানটির উল্টো দিক থেকে আসছিল এবং সময়টি ছিল নিখোঁজ বিমানটির চালকের শেষ করা ‘সব ঠিক আছে, শুভরাত্রি’ বলার কিছুক্ষণ পরে। থাইল্যান্ডের এয়ার মার্শাল মন্থন বলেন, অপরিচিত বিমানটির সংকেত ছিল বিক্ষিপ্ত। কিন্তু এ বিমানটিকে পরে পুনরায় থাই রাডারে উত্তর দিকে অগ্রসর হওয়ার বিষয়টি ধরতে পারে এবং আন্দামান সাগর এলাকায় হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত এর সংকেত পাওয়া যায়।
তবে এটাই হারানো এমএইচ৩৭০ কি না, এ তথ্য নিশ্চিত করেননি মন্থন।
মালয়েশিয়ার দাবি, বেসামরিক রাডার থেকে স্থানীয় সময় রাত দেড়টা পর্যন্ত হারানো বিমানটির সংকেত পাওয়া গেছে এবং সামরিক রাডারে দুইটা ১৫ পর্যন্ত এর সংকেত ছিল।
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ রাতে নিখোঁজ হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে। এতে ২৬টি দেশ অংশ নিয়েছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে। স্থল, নৌ ও আকাশপথে চালানো হচ্ছে এ অভিযান।