ওই ৪০০ পাতায় রয়েছে অজানা হিটলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির একনায়ক ও নািস বাহিনীর প্রধান এডলফ হিটলারের ঘনিষ্ঠ সহযোগী আলফ্রেড রোজেনবার্গের হারিয়ে যাওয়া ডায়েরির ৪০০ পৃষ্ঠা উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র এটি উদ্ধার করেছে বলে গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার ইহুদি হত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোজেনবার্গের ডায়েরিটির হদিস পাওয়া যাচ্ছিল না বহুকাল ধরেই।

এই ডায়েরির মাধ্যমে হিটলারের সঙ্গে হেনরিখ হিমলার ও হারমান গোরিংয়ের মতো নািস নেতাদের সাক্ষাত্ ও সম্পর্ক নিয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে। ডায়েরিটিতে রোজেনবার্গের ১৯৩৬ সালের বসন্ত থেকে ১৯৪৪ সালের শীতকাল পর্যন্ত লেখা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস সংস্থা, বিচার বিভাগ ও হোলোকাস্ট মিউজিয়াম যৌথভাবে ডায়েরি উদ্ধারের বিষয়টি এ সপ্তাহে সংবাদ সম্মেলন করে জানাবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইউনাইটেড স্টেটস হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের মতে, এই দলিল নািস-জামানা ও ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ সম্পর্কে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিটলারের আমলে রোজেনবার্গ মন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ন্যুরেমবার্গ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন এবং ১৯৪৬ সালে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। ইতিহাসবিদেরা তাঁর ডায়েরিতে এমন তথ্য থাকার সম্ভাবনা দেখছেন, যার মাধ্যমে ইতিহাসের অস্পষ্ট বিষয় স্পষ্ট হতে পারে।

কট্টর বর্ণবাদী রোজেনবার্গ অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিলেন। তিনি নািস বাহিনীর পররাষ্ট্রবিষয়ক ব্যাপারগুলো দেখতেন এবং ‘নািস’ পত্রিকা সম্পাদনা করতেন। হিটলারের প্রতি তাঁর লেখা কিছু চিঠি ন্যুরেমবার্গ বিচারের সময় দালিলিক প্রমাণ হিসেবে কাজ করেছে। তিনি ইহুদিদের শিল্প, সংস্কৃতি ও ধর্মীয় সম্পত্তি লুটের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বলে ইতিহাসে প্রমাণিত।

ন্যুরেমবার্গ আদালতে বিচার চলার সময় রোজেনবার্গের ডায়েরিটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তবে বিচারকাজ শেষ হয়ে যাওয়ার পর তা উধাও হয়ে যায়। এটি সরিয়ে ফেলতে মার্কিন কর্মকর্তারা ওই আদালতের কৌঁসুলি রবার্ট কেম্পনারকে সন্দেহ করে আসছিলেন। তিনিই ডায়েরিটি পরে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন বলে ধারণা করা হয়।

জার্মানিতে জন্ম নেওয়া কেম্পনার নািসদের হাত থেকে রেহাই পেতে ১৯৩০ সালের দিকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। এরপর তিনি বিচার-প্রক্রিয়ায় কৌঁসুলি হিসেবে কাজ করার জন্য শুধু সেখানে ফেরত গিয়েছিলেন। তিনি ৯৩ বছর বয়সে ১৯৯৩ সালে মারা যান।

সন্ধান না পাওয়া ডায়েরিটি খুঁজে পেতে ১৯৯৯ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় দেড় লাখেরও বেশি নথি উদ্ধার করা হয়। তবে রোজেনবার্গের পুরো ডায়েরিটি এখনো লাপাত্তা রয়েছে।