ওকিনাওয়া দ্বীপ থেকে সরানো হবে নয় হাজার মার্কিন সেনা
জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে নয় হাজার সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ওয়াশিংটন ও টোকিও সমঝোতায় পৌঁছেছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র এ কথা জানিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সমঝোতার বিষয়ে আভাস দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। এই সমঝোতাকে তিনি ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন টোকিও ও তাইওয়ানের মাঝখানে অবস্থিত ওই দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মার্কিন মেরিন সেনারা রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র জাপানের মধ্যে চাপা অসন্তোষ ছিল। প্রায় নয় হাজার মার্কিন মেরিন সেনাদের গুয়াম, হাওয়াই ও অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়া হবে। এর পরও ১০ হাজার মার্কিন সেনা থেকে যাবেন। তবে আশা করা হচ্ছে, এতে জাপানের উদ্বেগ কমবে। বিবৃতিতে প্যানেট্টা বলেন, ‘আমি খুব খুশি। অনেক বছর পর, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছি। কর্মপরিকল্পনাও তৈরি করেছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা জাপানের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’ এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।ওকিনাওয়া দ্বীপের ব্যস্ত ফুতেনমা বিমান ঘাঁটি সরানোর ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা যুক্তরাষ্ট্র সফরের আগে দুই দেশের মধ্যে ওই চুক্তি হয়। এএফপি।