ওকিনাওয়ার ফুতেনমার মার্কিন বিমানঘাঁটি সরানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন বিমানঘাঁটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে টোকিও। এর মধ্য দিয়ে এ ঘাঁটি স্থানান্তর নিয়ে কয়েক বছরের অচলাবস্থা দূর হলো।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওকিনাওয়ার উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ নাগো এলাকায় নতুন বিমানঘাঁটি নির্মাণের বিষয়ে সম্মত হয়েছেন গভর্নর হিরোকাজু নাকাইমা।
গত বুধবার প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর সঙ্গে সাক্ষাতের আহ্বান জানানোর পর নাকাইমা নতুন বিমানঘাঁটি নির্মাণের বিষয়ে সম্মত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়া দখলের সময় থেকে সেখানে মার্কিন সেনা রয়েছে। বর্তমানে দ্বীপটির ফুতেনমা বিমানঘাঁটিতে ২৬ হাজার মার্কিন সেনা রয়েছেন। জাপানের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা সমঝোতার আওতায় তাঁরা সে দেশে আছেন। তবে দ্বীপের বাসিন্দাদের মধ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ আছে। বিবিসি।