ওকিনাওয়ায় ধর্ষণের ঘটনায় দুই মার্কিন সেনার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ওকিনাওয়ায় একজন জাপানি নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই মার্কিন সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে তীব্র যুক্তরাষ্ট্র-বিরোধী মনোভাব দেখা দিয়েছে। ওই দুই মার্কিন কর্মকর্তা হলেন ক্রিস্টোফার ব্রাউনিং (২৪) ও স্কাইলার ডোইজারওয়াকার (২৩)। প্রথম-জনকে ১০ ও দ্বিতীয়জনকে নয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রাউনিংকে ১২ বছর জেল দেওয়ার অনুরোধ করেছিলেন। কারণ, তিনি ধর্ষণের শিকার নারীটির কাছ থেকে অর্থও ছিনতাই করেছিলেন। ২০১২ সালের অক্টোবরে ওই দ্বীপাঞ্চলে ধর্ষণ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাই ওই অঞ্চলে মার্কিন সেনাদের জন্য কারফিউ দেওয়া হয়। বিচারপতি বলেন, ওই সেনা কর্মকর্তারা ঘৃণ্য ও হিংস্র। তিনি বলেন, রায়টি কঠোর মনে হতে পারে কিন্তু ধর্ষণের শিকার নারী ও এলাকাবাসীর জন্য ঘটনাটি আরও ভয়াবহ।উল্লেখ্য, জাপানের সঙ্গে নিরাপত্তা মৈত্রী হিসেবে ওকিনাওয়া দ্বীপে ২৬ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে। ১৯৯৫ সালে ১২ বছরের এক মেয়েকে ধর্ষণের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে মার্কিন সেনাদের বিচরণ সীমিত করা হয়েছিল। বিবিসি।