ওজন বেশি, তাই ভিসা বাতিল

অতিরিক্ত ওজনের কারণে নিউজিল্যান্ডে বসবাসরত দক্ষিণ আফ্রিকার এক পাচকের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। ছয় বছর ধরে নিউজিল্যান্ডে কর্ম ভিসা নিয়ে বসবাস করছেন ওই পাচক।
আজ বিবিসির অনলাইন ও টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ২০০৭ সালে অ্যালবার্ট বুইতেনহুইস ও তাঁর স্ত্রী মার্থি কর্ম ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যান। ওই সময় অ্যালবার্টের ওজন ছিল ১৬০ কেজি। তখন থেকে প্রতিবছর কর্ম ভিসা নবায়নের জন্য আবেদন করা হলে কোনো রকম ঝামেলা ছাড়াই তাঁদের ভিসা দেওয়া হয়েছে। কিন্তু গত তিন বছরে অ্যালবার্টের ওজন ৩০ কেজি কমা সত্ত্বেও এ বছর ভিসা নবায়নের জন্য আবেদন করা হলে তা বাতিল করে দেওয়া হয়। অভিবাসন দপ্তর থেকে তাঁদের জানানো হয়, অ্যালবার্টের ওজন অতিরিক্ত হওয়ার কারণে তিনি নিউজিল্যান্ডে থাকার অনুপযুক্ত। বর্তমানে অ্যালবার্টের ওজন ১৩০ কেজি (২৮৬ পাউন্ড)।
নিউজিল্যান্ডের অভিবাসন দপ্তরের একজন মুখপাত্র জানান, বাড়তি ওজনের কারণে অ্যালবার্টের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ ও অনিদ্রার ঝুঁকি রয়েছে। তিনি জানান, নিউজিল্যান্ডে বসবাসরত সব অভিবাসীকে অবশ্যই দেশটির নির্ধারিত স্বাস্থ্য মান বজায় রেখে চলতে হবে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর সবচেয়ে বেশি স্থূলাকার লোকের বাস নিউজিল্যান্ডে।