ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলার ওডি শহরে ২৩ জন মুসলমানকে পুড়িয়ে মারার মামলায় আদালত ১৮ জনকে যাবজ্জীবন ও পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার আনন্দ জেলার একটি বিশেষ আদালত আসামিদের ওই সাজা দেন। এর আগে আদালত মামলার অপর ২৩ আসামিকে বেকসুর খালাস দেন।২০০২ সালে উত্তেজিত জনতা গোধরা শহরে একটি ট্রেনে অগ্নিসংযোগ করে। এতে পুড়ে প্রায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনার পর ১ মার্চ একদল উত্তেজিত জনতা ওডি শহরের পিরাওয়ালি ভাগলের কাছে জড়ো হয়। এরপর তারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকদের আশ্রয় নেওয়া একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় পুড়ে ২৩ জনের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নয়জন নারী ও নয়জন শিশু ছিল।গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পর গুজরাটে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।ওডি হত্যা মামলার তদন্তে গুজরাট পুলিশ খুব একটা এগোতে পারেনি। পরে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) হত্যা মামলাটি তদন্ত করে সুপ্রিম কোর্টে উত্থাপন করে। সুপ্রিম কোর্ট মামলার অধিকতর তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেন। স্বাধীন এসআইটির তদন্ত শেষে আদালত বিচার কার্যক্রম শুরু করেন।২০০৮ সালে প্রতিষ্ঠা লাভের পর এসআইটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে গুজরাটের দাঙ্গার প্রধান ১০টি ঘটনার তদন্ত করেছে। এসব তদন্তের পরিপ্রেক্ষিতে তৃতীয় ঘটনা হিসেবে ওডি হত্যা মামলার রায় দেওয়া হলো।এসআইটি ওডি হত্যা মামলায় ৪৭ জনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, দাঙ্গা, বেআইনিভাবে জড়ো হওয়া, হত্যার চেষ্টা চালানো ও আলামত ধ্বংসের অভিযোগ আনে। এর মধ্যে বিচার চলাকালে একজনের মৃত্যু হয়।গত বছরের নভেম্বরে একটি আদালত গুজরাটের সরদারপুরা গ্রামের কাছে ৩৩ জন মুসলমানকে পুড়িয়ে মারার দায়ে ৩১ জনকে কারাদণ্ড দেন। একই বছরের ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ আদালত গোধরায় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করেন। এ ছাড়া দাঙ্গা থামানোর জন্য উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার জন্য গুজরাটের কর্তৃপক্ষকেও দায়ী করা হয়। বিবিসি ও এএফপি।