ওডিশায় কয়লাখনি ধসে নিহত ১৪
ভারতের ওডিশা রাজ্যের সুন্দরগড় এলাকায় একটি উন্মুক্ত কয়লাখনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। পিটিআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া আজ রোববার জানায়, মহানদী কোল ফিল্ডস লিমিটেডের (এমসিএল) খনিটিতে গতকাল শনিবার ধস হয়।
খনি ধসের পর গতকাল রাতেই ১০ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আজ সকালে অনুসন্ধান পুনরায় শুরু হলে চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
এমসিএলের মুখপাত্র বলেন, ‘কুলদা এলাকার বসুন্ধরা-গর্জনবাহাল উন্মুক্ত কয়লাখনিতে আজ সকালে অনুসন্ধান ও উদ্ধার তত্পরতা পুনরায় শুরু করলে চারজনের লাশ পাওয়া গেছে।’ তিনি বলেন, নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে অনুসন্ধান কাজ আরও চালানো হবে।
অনুসন্ধানের সময় মাটিচাপা পড়া যে পাঁচ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁরা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
অনুসন্ধান কাজে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা বাড়বে না, এমনটি বলা যাচ্ছে না। কারণ বেশ কয়েকজন শ্রমিক খনিতে আটকা পড়েছেন।
এমসিএলের মুখপাত্র বলেন, পাশের গ্রামের কিছু লোক খনি এলাকার পাশ থেকে কয়লা সংগ্রহ করতে খোঁড়াখুঁড়ি শুরু করায় ধস হয়েছে। গুহার একাংশ ধসে পড়ায় এসব লোকের কেউ কেউ মাটিচাপা পড়েন। গত শুক্রবারের ভারী বর্ষণকেও এ পরিস্থিতির জন্য দায়ী করেন ওই মুখপাত্র।
নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য এমসিএল তিন লাখ রুপি ও রাজ্য সরকার দুই লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রত্যেক মৃতদেহের সত্কারে এমসিএল ১০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের চিকিত্সার ব্যয়ভারও বহন করবে কোম্পানিটি।
এমসিএলের মুখপাত্র জানান, খনি এলাকার আশপাশের বসতিগুলো অবৈধভাবে নির্মিত এবং সেগুলোতে মারাত্মক জ্বালানিসংকট আছে। তাই সেসব এলাকার লোকেরা কয়লার খোঁজে বিধিনিষেধ উপেক্ষা করে খনি এলাকায় ঢুকে কয়লা সংগ্রহের চেষ্টা করে।