ওডিশায় এবার বিধায়ক অপহরণ মাওবাদীদের
ভারতের ওডিশা রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা ঝিনা হিকাকা নামের একজন বিধায়ককে (এমএলএ) গত শুক্রবার দিবাগত রাতে অপহরণ করেছে। তিনি রাজ্যের কোরাপুট জেলার লক্ষ্মীপুর এলাকা থেকে বিজু জনতা দলের (বিজেডি) বিধায়ক নির্বাচিত হন।স্থানীয় পুলিশ কর্মকর্তা সূর্যমণি প্রধান বলেন, ওডিশার রাজধানী ভুবনেশ্বর থেকে ৪৫০ কিলোমিটার দূরে টেয়াপুট এলাকা থেকে ঝিনা হিকাকাকে অপহরণ করে সশস্ত্র একদল মাওবাদী বিদ্রোহী। কোরাপুট সদরে দলীয় বৈঠক শেষে লক্ষ্মীপুরে ফিরছিলেন ঝিনা হিকাকা। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও গাড়িচালককে ফিরে গিয়ে ওই অপহরণের খবর প্রচারের নির্দেশ দেয় বিদ্রোহীরা। এরপর ঝিনার গাড়িতে মাওবাদীদের ১৩ দফা দাবিসংবলিত পোস্টার সেঁটে তা ঘটনাস্থলেই ফেলে রেখে ঝিনাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় বিদ্রোহীরা।ইতালীয় দুই পর্যটক পাওলো বোসাস্কো ও ক্লদিও কলাঞ্জেলোকে ১৪ মার্চ মাওবাদীরা অপহরণ করে। ওই দুই বিদেশির মুক্তির বিনিময়ে মাওবাদীদের ১৩ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো: মাওবাদীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করা, বিদ্রোহীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক আদিবাসীদের মুক্তি, আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা এবং কারাবন্দী মাওবাদী নেতাদের মুক্তি।