ওডিশায় নৌকা ডুবে ১২ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ওডিশা রাজ্যের সম্বলপুর জেলার হিরাকুঁদ জলাশয়ে গতকাল রোববার পিকনিকের যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে ১২ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনার পর ৯০ জনকে উদ্ধার করা হয়। আটজন এখনো নিখোঁজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ কর্মকর্তা অমিতাভ পান্ডা জানান, সম্বলপুরের লায়নস ক্লাবের সদস্যরা পিকনিক করতে গতকাল জলাশয়ের ওপারে গিয়েছিলেন। ফেরার পথে নৌকাডুবির এ ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহত ব্যক্তিদের সার্বিক চিকিত্সার নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দল আজ দ্বিতীয় দিনের মতো কাজ করছে।