ওডিশায় মাওবাদী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশায় মাওবাদীদের হামলায় গত সোমবার ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত সদস্যদের মধ্যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁদের গুলিবিদ্ধ লাশ রাজ্যের গরিয়াবন্দরের গহিন জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী ছত্তিশগড় রাজ্যের পুলিশের মহাপরিচালক বিশ্ব রঞ্জন জানান, সোমবার বিকেলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে ওই পুলিশ সদস্যরা নিখোঁজ হন।পুলিশ সদস্যরা ছত্তিশগড়ের রায়পুরা শহর থেকে সীমান্তবর্তী ওডিশার গহিন জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিখোঁজ হন। এরপর রায়পুরা থেকে ১৭৫ কিলোমিটার দূরে ওডিশার নাপোদা জেলায় মাওবাদীদের হামলায় তাঁরা নিহত হন।গ্রামের দরিদ্র মানুষের ভূমির অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে মাওবাদীরা ১৯৬৭ সাল থেকে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি রাজ্যে লড়াই করে আসছে। গত বছর মাওবাদী হামলায় ২৮৫ জন পুলিশ সদস্য নিহত হন। বিবিসি, এএফপি।