নয়াদিল্লিতে মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর দেশটির নারীরা নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। এমতাবস্থায় তাঁরা ভার্চুয়াল দেহরক্ষী, জরুরি ভিত্তিতে বিপদসংকেত পাঠানোর বোতামের (প্যানিক বাটন) পাশাপাশি এখন ব্যবহার করছেন স্মার্টফোনও। উদ্দেশ্য, যৌন হয়রানিতে জড়িত ‘জঘন্য ব্যক্তিদের আটকানো’।গত বছরের ডিসেম্বর মাসে নয়াদিল্লিতে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে একদল মদ্যপ ব্যক্তির হাতে ২৩ বছর বয়সী ওই ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, বর্বর ওই ঘটনার পর ভারতে নিরাপত্তা অ্যাপলিকেশন এবং ওয়েবসাইটের বিষয়ে আগ্রহ ব্যাপক বেড়েছে। ঘটনার পর ভারতের চার নারী ব্যবসায়ী গড়ে তোলেন ওয়েবসাইট সেফসিটি ডট ইন (safecity.in)। ওয়েবসাইটটির মাধ্যমে ভুক্তভোগীদের উৎসাহ দেওয়া হচ্ছে, উত্ত্যক্ত থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনার বিষয়গুলো জানিয়ে জড়িত ব্যক্তিদের আটকাতে (পিন দ্য ক্রিপস)। ওয়েবসাইটে একটি অনলাইন মানচিত্র সংযুক্ত করা আছে। মানচিত্রের মাধ্যমে ঘটনাস্থল নির্দেশ করে কেউ হয়রানির ঘটনার বিবরণ দিলে যারা এ ধরনের ঘটনা জানতে আবেদন করবেন তাঁদের কাছে তা পৌঁছে যাবে।ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতাদের একজন মুম্বাইয়ের এলসা ডি সিলভা বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম নারীদের খোলামেলাভাবে বলার এবং বিপজ্জনক এলাকাগুলোর বিষয়ে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ বা পুলিশের কাছে অভিযোগ দিতে ইচ্ছুক না হলেও এর মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে। তিনি বলেন, ‘যদিও এটা আপনার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার একটা বিষয় মাত্র, এখন আপনি এ বিষয়ে কিছু একটা করার জন্য নিজেকে অধিকতর ক্ষমতাবান বলে অনুভব করতে পারেন।’ওয়েবসাইটটি সেফট্র্যাক নামে একটি নতুন মোবাইল অ্যাপলিকেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বিনা মূল্যে ডাউনলোড করতে সক্ষম এই অ্যাপস তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ক্রিটিল্যাবস। এই অ্যাপসে একটি এসওএস বোতাম রয়েছে, যা ব্যবহার করলে ব্যবহারকারীর ভ্রমণপথ সম্পর্কে তাঁর আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবসহ নিকটজনেরা জেনে যাবে।ওয়েবসাইটটিতে এ ধরনের অনেকগুলো অ্যাপস সংযুক্ত করা আছে। বিশেষ করে যেসব নারীকে কাজ শেষে রাতে বাড়ি ফিরতে হয় বা একাকী ভ্রমণ করতে হয়, তাঁদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এসব অ্যাপস তৈরি করা হয়েছে। এ জন্য অবশ্যই মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা থাকতে হবে।এ ধরনের প্রথম ভারতীয় অ্যাপস হচ্ছে ফাইটব্যাক, যেটি তৈরি করা হয় নয়াদিল্লির ওই বর্বর ঘটনার এক বছর আগে। অলাভজনক প্রতিষ্ঠান হোয়াইপোলের এই অ্যাপস বিনা মূল্যে পাওয়া যায় এবং এ পর্যন্ত অসংখ্যবার এটি ডাউনলোড করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হিন্দোল সেনগুপ্ত জানালেন, তাঁরা এখন ‘পরবর্তী প্রজন্মে’র অ্যাপস তৈরিতে মনোযোগ দিচ্ছেন, যাতে যৌন হয়রানির ঘটনার বিবরণ কীভাবে জানাতে হবে, তার নির্দেশনাও থাকবে।অবশ্য, এ ধরনের অ্যাপলিকেশনের সেবা নিতে জিপিএসওয়ালা মুঠোফোনের দরকার হয়, যা অনেকের কাছে নেই। এ কারণে ফোন ছাড়া কোনো ছোট্ট ডিভাইসে ব্যবহার করা যায়, এমন অ্যাপস তৈরির চেষ্টাও চলছে। ভারতের প্রযুক্তিবিদদের আশা, এসব যন্ত্রপাতি যদি ব্যাপক ভিত্তিতে প্রচলন করা যায়, তবে একদিন সেগুলো হয়রানি নিরোধক হিসেবে কাজ করবে। এএফপি।