ওবামা-কাস্ত্রোর ঐতিহাসিক ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যে ফোনে কথা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়ে, ৫০ বছরের মধ্যে দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে এটা দ্বিতীয় ফোনালাপ। হোয়াইট হাউস জানায়, মধ্য আমেরিকার দেশ পানামায় আয়োজিত আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে গত বুধবার ওয়াশিংটন ছাড়ার আগে রাউলের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওবামা।
পানামায় গতকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন (এসওএ-সামিট অব দি আমেরিকাস) শুরু হয়েছে। এতে ৩০টি দেশের প্রেসিডেন্টরা যোগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার পানামায় আসেন ওবামা ও রাউল। আজ শনিবার তাঁদের মধ্যে সাক্ষাৎ হবে। সম্মেলনের এক ফাঁকে তাঁদের মধ্যে বৈঠকও হতে পারে।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে রাউল ও ওবামার মধ্যে স্বল্প সময়ের জন্য দেখা হয়েছিল।
পানামায় ওবামা-রাউল সাক্ষাৎ বা বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ অনেকটাই গলতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধকালীন দীর্ঘ বৈরিতার ইতি টেনে যুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
এসওএ সম্মেলনে এবারই প্রথম অংশ নিয়েছে কমিউনিস্ট দেশ কিউবা। পানামা সিটিতে গত বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস বৈঠক করেন। ৫০ বছরের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই প্রথম বৈঠক করল যুক্তরাষ্ট্র ও কিউবা।