ওবামা ঘোষণা দেবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার তাঁর পরিকল্পনার কথা ঘোষণা করবেন। গত সোমবার ওবামা প্রশাসনের দুজন সরকারি কর্মকর্তা এ কথা জানান। আগামী মাস থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা।কর্মকর্তারা বলেন, প্রথম দফায় আফগানিস্তান থেকে কয়েক হাজার সেনা প্রত্যাহারের ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করেছেন ওবামা। এ ছাড়া তিনি ২০০৯ সালে সেখানে পাঠানো ৩০ হাজার অতিরিক্ত সেনা ফিরিয়ে আনার কৌশলও ঘোষণা করবেন।হেয়াইট হাউসের মুখপাত্র জে কারনি গত সোমবার বলেছেন, প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত করছেন। ২০১৪ সালের মধ্যে আফগানরা যাতে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারে, সে জন্য তিনি তাঁর বিকল্পগুলো পর্যালোচনা করছেন। বুধবার ওয়াশিংটনে তিনি সেনা প্রত্যাহারের ব্যাপারে ঘোষণা দেবেন।ওবামা আগে ইঙ্গিত দিয়েছিলেন, প্রথম দফায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার হবে ‘তাৎপর্যপূর্ণ’। এদিকে কয়েকজন কর্মকর্তার অনুমান, প্রথম দফায় তিন থেকে পাঁচ হাজার এবং বছরের শেষ দিকে সমসংখ্যক সেনা প্রত্যাহার করা হবে। ওবামা প্রশাসনের কর্মকর্তারা চাইছেন, দ্রুত এবং একসঙ্গে বেশিসংখ্যক সেনা প্রত্যাহার করা হোক। কিন্তু সামরিক কর্মকর্তারা চাইছেন, সেনা প্রত্যাহার হোক ধীরে ধীরে।বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সতর্ক করে দিয়ে বলেন, সেনাদের দ্রুত ফিরিয়ে আনা হলে ঝুঁকির মুখে পড়তে পারে তালেবানের বিরুদ্ধে কষ্টার্জিত সাফল্য। তিনি আরও বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আফগানিস্তানে উল্লেখযোগ্যসংখ্যক সেনা অবস্থান করবে। উল্লেখ্য, আফগানিস্তানে বর্তমানে এক লাখ সেনা মোতায়েন রয়েছে।এদিকে ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে চলা আফগানিস্তান যুদ্ধে জনজীবন ও অর্থনীতির ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আর না বাড়ানোই ভালো। এ ছাড়া এই যুদ্ধ চালাতে গিয়ে ব্যাপক ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাঁরা বলেন, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আফগানিস্তান এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। তারা এখন নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে সক্ষম। তাই দ্রুত মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনা উচিত।২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানে মার্কিন সৈন্যসংখ্যা তিন গুণ বৃদ্ধি করেন। সে সময় তিনি ঘোষণা দেন যে ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনা হবে। এপি, রয়টার্স।