ওবামা-জিনপিং বৈঠক ফলপ্রসূ: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা ও শি জিনপিং
বারাক ওবামা ও শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দুই দিনের অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠক গতকাল শনিবার শেষ হয়েছে। মার্কিন এক কর্মকর্তা দুই নেতার ওই বৈঠককে অনন্য, ইতিবাচক ও ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন।
বিসিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওবামা ও সফররত চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরু এলাকায় অবস্থিত নির্জন অবকাশকেন্দ্র র্যাঞ্চো মিরেজে গত শুক্রবার দুই দিনের শীর্ষ বৈঠক শুরু হয়। ছয় ঘণ্টাব্যাপী প্রথম দিনের বৈঠক শেষে দুই নেতা তাঁদের আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গতকাল শনিবার তিন ঘণ্টাব্যাপী দ্বিতীয় দিনের আলোচনার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।
বৈঠকের প্রথম দিন দুই নেতা পারস্পরিক মতপার্থক্য কাটিয়ে উঠে সহযোগিতামূলক ‘নতুন সম্পর্ক’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

শি জিনপিং গত মার্চে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। জিনপিং নির্বাচিত হওয়ার আড়াই মাসের মধ্যে তাঁর এই সফরকে তাত্পর্যপূর্ণ বলে অভিহিত করেছেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এত আগেভাগে আমাদের এই বৈঠকে বসার সিদ্ধান্তই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গুরুত্ব নির্দেশ করে।’

বৈঠকে চীনের ‘শান্তিপূর্ণ উত্থান’কে ওবামা স্বাগত জানান। তবে তিনি স্পষ্ট করে দেন, অন্য বৃহত্ দেশগুলো যেভাবে বিশ্ব অর্থনীতির বিদ্যমান বিধিবিধান মেনে অগ্রসর হচ্ছে, চীনকেও তা মেনে চলতে হবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতায়ও একই সুর লক্ষ করা গেছে। তিনিও দুই দেশের মধ্যে গভীর সহযোগিতার প্রত্যাশা করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বড় রাষ্ট্রের মধ্যে সম্পর্কের একটি নতুন মডেল গড়তে পারে।

বৈঠকে ওবামা ও জিনপিংয়ের মধ্যে দুই দেশের মধ্যকার ‘উত্তেজনার ক্ষেত্রগুলো’ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর এলাকায় প্রতিদ্বন্দ্বিতা, চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ও বাণিজ্যিক গোয়েন্দাগিরি। চীনের মিত্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া অর্থনীতি ও পরিবেশ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

দুই নেতা মতভেদ দূর করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ওবামা ও জিনপিংয়ের মধ্যকার শীর্ষ বৈঠক শেষে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, দুই নেতার মধ্যে অনন্য, ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের অগ্রগতিকে অসাধারণ বলে অভিহিত করেছেন ওবামা।

বৈঠকে চীনের প্রেসিডেন্টকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সাইবার অপরাধ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কে বাধাগ্রস্ত করতে পারে। এ ছাড়া উভয় দেশ উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের ব্যাপারে সম্মত হয়েছে।

আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ওবামা ও জিনপিংয়ের সম্ভবত এটাই শেষ সাক্ষাত্। দ্বিপক্ষীয় সম্পর্কের নানা জটিলতার কারণে দুই দেশের মধ্যকার অস্থিরতা চরমে পৌঁছেছে। ওবামা-জিনপিংয়ের এ আলোচনাকে মূলত এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।